চলারপথে রিপোর্ট :
হেলিকপ্টারে চড়ে বিয়ের মাধ্যমে নিজের স্বপ্নপূরণ করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সৌদি আরব প্রবাসী মো. কামরুল সরকার। ৩ মার্চ শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা গ্রামের মো. মনির হোসেনের মেয়ে কাকুলী আক্তারকে তিনি বিয়ে করেন। কামরুল উপজেলার ভিটিবিষাড়া গ্রামের মো. মুর্শিদ মেম্বারের ছোট ছেলে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকাল ৩টার দিকে বি-চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টার চড়ে আসেন বর। হেলিকপ্টারে চড়ে আসা বরকে এক নজর দেখতে চারপাশে ততক্ষণে উৎসুক জনতার বেশ ভিড় জমে উঠে। কিছুক্ষণ পরই বর কামরুল হেলিকপ্টার থেকে নেমে আসেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, কামরুল সৌদি আরব প্রবাসী। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। তাই নিজের স্বপ্নপূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করেন তিনি।
কামরুল সরকার জানান, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। আমার সে ইচ্ছে পূরণ হয়েছে। এ জন্য আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদায় করেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন (৪২)কে আজ ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নবীনগর থানার পুলিশ গ্রেফতার করেছে। ফেইসবুকে ছেলের জন্মদিন শুভেচ্ছা জানানোর কয়েক ঘন্টা পরই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিপন পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের মরহুম মোতালেব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নবীনগর থানায় বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে নবীনগর সদরের লঞ্চঘাট এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফেইসবুকে লিখেছেন আজ আমার ছেলের শুভ জন্মদিন, আরাবীর জন্য সকলের কাছে দোয়া চাই।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে দুপুরে উপজেলা সদরের লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। যুবলীগ নেতা রিপনের বিরুদ্ধে বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার হল রুমে আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে সরকারি বিভিন্ন দপ্তরের নানা অনিয়মের অভিযোগ এনে ১৩ টি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করেন এবং তারা দ্রুততম সময়ের মধ্যে দাবি গুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। দাবি গুলো কয়েকটি হলো-
(১) নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেশ করে আগামি ২৪ ঘন্টার মধ্যে তাকে প্রত্যাহারের দাবি তুলেন একটি স্মারকলিপি প্রদান করেন।
(২) এখন থেকে নবীনগর থানার ওসির অফিস রুম, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুম ও ভূমি অফিসে বিনা প্রয়োজনে এবং প্রয়োজনের অতিরিক্ত সময় কোন রাজনৈতিক দলের নেতা কর্মী ও কোন সাংবাদিক অবস্থান করতে পারবে না।
(৩) ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তাদের সুযোগ সুবিধা বন্ধ করে তাদের শাস্তির আওতায় আনতে হবে।
(৪) নবীনগরের সকল সরকারি অফিস কে দালাল মুক্ত করতে হবে এবং সেবার মান বৃদ্ধি করতে হবে।
(৫) জিপির নামে পরিবহণ সেক্টরের সকল চাঁদা বন্ধ করা সহ আরো অন্যান্য ১৩টি দাবি। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মো: ফারুক আহমেদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা সালেহ আহমেদ তানভীর, নবীনগর থানার নবাগত ওসি আফজাল হোসেন, সমাজকর্মী ও সাংবাদিক বৃন্দ।
চলারপথে নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ায় খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক গায়েবের অভিযোগে হাসপাতালের মালিক, চিকিৎসক, নার্সসহ ৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে প্রসূতির স্বামী নবীনগর উপজেলার আলিয়াবাদ গ্রামের ফরহাদ আহমেদ বাদি হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ডাঃ ডিউক চৌধুরী, গাইনী চিকিৎসক ও সার্জন ডাঃ নওরিন পারভেজ, ডাঃ ইসরাত আহমেদ, হাসপাতালের কো-অর্ডিনেটর মার্শাল চৌধুরী, নার্স স্নেহলতা ও অপারেশন টিম সদস্য অথৈ মন্ডল।
থানায় দায়েরকৃত মামলা ও বাদি সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার আলিয়াবাদ গ্রামের ফরহাদ আহমেদের স্ত্রী লিজা প্রথমবারের মতো গর্ভবতী হলে নবীনগর উপজেলার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক মেহেরুন্নেছার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সে সময় করা একটি আল্টাসনোগ্রাফিতে তার স্ত্রীর গর্ভে ২টি সন্তান দেখা যায় বলে জানান সেখানকার চিকিৎসকরা। সর্বশেষ ১৮ এপ্রিল করা আল্টাসনোগ্রাফি রিপোর্টেও লিজার গর্ভে দুটি সন্তান আছে বলে জানান চিকিৎসক।
গত শুক্রবার লিজার প্রসব ব্যাথা উঠলে সেখানকার চিকিৎসকরা যমজ শিশু গর্ভে থাকায় ঝুঁকি না নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোন হাসপাতালে নিয়ে তাকে সিজারিয়ান করতে পরামর্শ দেন। ওইদিনই দুপুর সাড়ে ১২টার দিকে লিজাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসক নওরিন পারভেজ আল্ট্রাসনোগ্রাফি করান। রিপোর্টে দুটি সন্তান দেখা যায়। পরে একই দিন তিনি নিজেই লিজাকে অপারেশন থিয়েটারে সিজারিয়ান করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালের লোকজন এসে জানান লিজা একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। আর কোন সন্তানের কথা তারা জানাতে পারেনি। তারা জানায় লিজার গর্ভে একটি সন্তান ছিলো। বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে গর্ভে থাকা শিশু নিখোঁজের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যারাই বাংলাদেশকে শাসন করেছে, আমরা দেখেছি তারা বিদেশি আধিপত্যের কাছে মাথা নত করে বাংলার মানুষের অধিকারকে বিকিয়ে দিয়েছে। এদেশের মানুষ মর্যাদা নিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। উন্নয়নের নামে তারা বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে দুর্নীতি করেছে। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে স্থাপন করার মাধ্যমে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার নানা ধরনের আয়োজন চালানো হয়েছে। শাসকের চেহারা পরিবর্তন হয়েছে, শাসক দলের প্রতীক পরিবর্তন হয়েছে কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দেশের ভাগ্য পরিবর্তন করতে বড় রাজনৈতিক দল লাগে না। অনেক রঙের বাংলাদেশ দেখেছেন। আমরা পণ করেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমাদের শ্লোগান ‘ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত’।
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিন আসাম, খেলাফত মজলিসের নির্বাহী সদস্য খন্দকার মইনুল ইসলাম, ঢাকা মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী, খেলাফত মজলিসের উপদেষ্টা আব্দুল কাইয়ুম ফারুকী, জামায়াতে ইসলামীর পৌর সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাশার, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মকবুল হোসেন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আনোয়ার উল ইসলাম নুরী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মতিউর রহমান, মাওলানা মুফতি আলাউদ্দিন, মাওলানা আব্দুল বাছির প্রমুখ।
সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রার্থী হিসেবে মুফতি আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আহমদ আলীর নাম ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।
চলারপথে রিপোর্ট :
নবীনগরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে ৫ জন বালু মহলের ইজারাদার ও শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। ১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের সোনাবালুয়া ঘাটে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় শতাধিক গুলির আওয়াজে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
গুলিবিদ্ধ অবস্থায় আহত চারজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
অন্য ১জনকে উপজেলার সলিমগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কবির মিয়া (৪৫), সফিদ মিয়া (৪০), খলিল মিয়া (৪২), ফারুক মিয়া ও আলকাছ মিয়া (৩৬)। তারা সবাই উপজেলার ধরাভাঙ্গা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও বালুমহল ইজারাদার সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ মৌজায় অবস্থিত মেঘনা নদী থেকে সম্প্রতি প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সরকারি নিয়ম অনুযায়ী বালু উত্তোলনের ইজারা পায় ব্রাহ্মণবাড়িয়ার মুন্সি এন্টারপ্রাইজ।
ইজারা পাওয়ার পর থেকে মেঘনা নদীর জাফরাবাদ ও নতুন চর বালু মহালের বালু উত্তোলন শুরু করে। তবে মেঘনা নদীর ওপর প্রান্ত অবস্থিত নরসিংদীর রায়পুরা উপজেলার কিছু লোক এই এলাকা থেকে বালু উত্তোলন করতে মোটা অংকের টাকা চাঁদা দিতে হবে বলে বারবার দাবি করে আসছিলেন। ইজারাদার থেকে চাঁদার টাকা না পেয়ে গত দুদিন থেকে অবৈধভাবে ৬টি ড্রেজার দিয়ে চুরি করে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। তখন স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়ে শরণাপন্ন হন ইজারাদার কর্তৃপক্ষ।
তাতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্ত সশস্ত্র সন্ত্রাসীরা রবিবার সন্ধ্যায় ২/৩টি স্পিডবোটযোগে এসে বালু মহালের ক্যাশ কাউন্টারে হামলা চালায়। এ সময় শ্রমিকদের ওপর অতর্কিতভাবে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে ৫ জনকে গুরুতর আহত করে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’