চলারপথে রিপোর্ট :
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়- দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই প্রতিপাদ্যে আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মার্চ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের কর্মী, সাংবাদিকসহ রাজনৈতিক দলের কর্মীরা অংশ নেয়। র্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এসময় সিলিন্ডার গ্যাসের আগুন নেভানোর সহজ পদ্ধতি দেখানো হয়। গ্যাসের চুলায় আগুন লাগলে আতঙ্কিত না না হয়ে ভেজা বস্তা বা বালতি চাপা দিয়ে সহজে আগুন নেভানোর কৌশল দেখানো হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবতীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মুনিম সারোয়ার প্রমুখ।
বক্তারা বলেন, দুর্যোগের পূর্ব প্রস্তুতির কোন বিকল্প নাই। বিপদে আতঙ্কিত না হয়ে সাহসিকতার সাথে যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। বক্তারা জনসচেতনতার জন্য বিভিন্ন ইউনিয়নে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে অগ্নিনির্বাপনের মহড়া অনুষ্ঠানের অনুরোধ করেন।
চলারপথে রিপোর্ট :
পবিত্র ঈদে মিলাদুন্নবী ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর আজ ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। বন্ধ শেষে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও শ্রমিকেদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
আখাউড়া স্থলবন্দর মৎস্য রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে গত ২ দিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে। বন্ধ শেষে সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ মোহাম্মদ খায়রুল আলম বলেন, ঈদে মিলাদুন্নবী ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম ২ দিন বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের ৭টি পাহাড়ি রাজ্যে পাথর, ছোট বড় মাছ, সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়।
চলারপথে রিপোর্ট :
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আজ ৮ জুন শনিবার থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে সকালে আখাউড়া উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস. এম. রাহাতুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, একাডেমি সুপার ভাইজার কফিল উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, আখাউড়া মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, আখাউড়া উওর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি প্রমুখ।
বক্তারা, ভূমি সেবা নিয়ে বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরেন। নামজারি জমা খারিজসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করা হয়। ভূমি সেবা সহজীকারণ ও স্বচ্ছতার আহবান জানান। ভূমি সংক্রান্ত বিষয়ে আইন কানুন সম্পর্কে জানার আহবান জানানো হয়। ভূমির কাগজপত্র সঠিক ভাবে সংরক্ষণ করার আহবান জানানো হয়। ঘরে বসে সরকারের সেবা গ্রহণের আহবান জানানো হয়। সঠিকভাবে ভূমি সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি শীপন মিয়া।
আগামী ১৪ জুন পর্যন্ত উপজেলর সকল ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর, খাজনা পরিশোধ, নামজারিসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।
চলারপথে রিপোর্ট :
নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
নির্বাচনে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই কারণ দর্শানোর নোটিশে আগামী ৫ মে বিকেল চারটায় স্বাক্ষরকারির কার্যালয়ে গিয়ে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেনা সেই মর্মে লিখিত জবাব দিতে বলা হয়।
শাহাব উদ্দিন বেগ আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি। নির্বাচনী বিধি ভঙ্গ করে তিনি ধর্মীয় উপসানালয়ে গিয়ে প্রচারণা ও প্রচার কাজে যানবাহন ব্যবহার করেন বলে অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে তাকে কারণ দর্শাতে বলা হয়।
রিটার্নিং অফিসার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়া ও মিডিয়া সেল ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাপ্ত তথ্য মতে শাহাব উদ্দিন বেগ নির্বাচনী বিধি-নিষেধ উপেক্ষা করেছেন। এটি উপজেলা পরিষদ নির্বাচন ২০১৬ বিধিমালা এর ১৩ ও ২০ পরিপন্থী। ১ মে স্বাক্ষরিত ওই চিঠিতে আগামী ৫ মে শাহাব উদ্দিনকে স্বশরীরে হাজির হয়ে বিধি লঙ্ঘনের বিষয়ে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়।
চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় বিজয় দিবসে যথাযথ নিয়মে পতাকা উত্তোলনে জনসচেতনা সৃষ্টি এবং বাজারের ব্যবসায়ীদের মাঝে জাতীয় পতাকা উপহার দেওয়া হয়েছে। আখাউড়া নববন্ধন খেলাঘর ব্যতিক্রম এ আয়োজন করে। ৫২তম বিজয় দিবস উপলক্ষে ৫২টি পতাকা উপহার দিয়েছে খেলা খেলাঘর।
আজ ১৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে পৌরশহরের সড়কবাজারে প্রধান অতিথি হিসাবে কর্মসূচির উদ্বোধন করেন আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জমশিদ শাহ।
নববন্ধন খেলাঘরের সভাপতি সাংবাদিক বিশ^জিৎ পাল বাবুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, যুবলীগ নেতা মনির হোসেন, নববন্ধন খেলাঘরের সাধারণ সম্পাদক জুটন বনিক, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান সুমন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ যুবরাজ শাহ রাসেল, সাংবাদিক মাসুকুর রহমান, ইসমাইল হোসেন চৌধুরী প্রমুখ।
মুক্তিযোদ্ধা সৈয়দ জমশিদ শাহ বলেন, পতাকা উপহার দেওয়া একটি ব্যতিক্রমী উদ্যোগ। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এমন একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত।
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া থেকে :
ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানের ওপর দখলদার ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউায় বিক্ষোভ মিছিল হয়েছে। আজ ১১ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে দুই শতাধিক ছাত্র-জনতার অংশগ্রহণে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন গেইটের সামনে গিয়ে সমাবেশ করে শেষ হয়।
মিছিলে প্রতীকী কফিন নিয়ে গাজায় শিশু হত্যার প্রতিবাদ জানানো হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ইবরাহিম মিয়া সুজন, আসিফ নেওয়াজ, রুবায়েত খান, আতিক তুষার, ইসমাইল হোসেন, রানা প্রমুখ। বক্তারা স্বাধীনতাকামী ফিলিস্তিনের নিরীহ মুসলমানের ওপর দখলদার ইসরাইলের বর্বর আক্রমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ফিলিস্তিনের ওপর নির্যাতন ও হত্যা বন্ধ করতে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান। এসময় ইসরাইলি পণ্য বর্জন ও বয়কটের ডাক দেওয়া হয়।