চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে ৮২৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫৬০ টাকা সহ মাদক ব্যবসায়ী মোঃ আল-আমিন ইসলাম প্রকাশ শাবলু মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল সেট ও মাদকদ্রব্য মাপার ২টি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়।
আজ ১০ মার্চ শুক্রবার ভোর রাতে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের শাবলু মিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাবলু মিয়া ইসলামপুর গ্রামের বাদল মিয়ার ছেলে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহমেদ বলেন, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাবলু মিয়াকে গ্রেফতার ও বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃত শাবলু মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে ১২ বছরের শিশু ময়না হত্যা মামলার প্রধান আসামি হোসেন মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। আজ ২ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হোসেন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বিজয়নগরের আতকাপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনাকে কেন্দ্র করে বরের পক্ষের সঙ্গে স্থানীয়দের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৭টার দিকে ময়না কাজের প্রয়োজনে মনিপুর বন্দর বাজারে যাওয়ার সময় আগে থেকে উৎপেতে থাকা হোসেন মিয়া ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে হোসেন বল্লম দিয়ে ময়নার বুকের বাঁ পাশে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।
পরে নিহতের মা বাদী হয়ে বিজয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় র্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে মঙ্গলবার ভোরে নয়নপুর এলাকা থেকে এজাহারনামীয় ১ নম্বর আসামি হোসেন মিয়াকে গ্রেপ্তার করে বিজয়নগর থানায় হস্তান্তর করে।
চলারপথে রিপোর্ট :
বিজয়নগর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান। ১৭ অক্টোবর বৃহস্পতিবার তাকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এর আগে সকাল ১১টায় বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু, সাংবাদিক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মহসিন ভুইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, পুর্বাচল কলেজের অধ্যক্ষ মো. সোহাগ মিয়া, শ্রীপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, সহকারী সুপার আব্দুল গফুর, প্রধান শিক্ষক মো. রেজাউল আমীন ও উপজেলা স্কাউটস শ্রেষ্ঠ সদস্য মোহাম্মদ রহমত উল্লাহ খান প্রমুখ।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন, অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন।
চলারপথে ডেস্ক :
বিজয়নগর থানাধীন নলগড়িয়া গ্রামের বশির মিয়ার ছেলে শাহজালাল (২৫) কে উথারিয়াপাড়া ভুট্টো মিয়ার বাড়ির সামনে থেকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পৃথক অভিযানে শ্রীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোঃ ওয়াসিম মিয়া প্রকাশ জসিম মিয়া (২৩) কে উথারিয়াপাড়া উজির বাড়ির মোড় থেকে আড়াই কেজি গাঁজাসহ আটক করা হয়।
গতকাল শনিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ এর নেতৃত্বে বিজয়নগর থানায় কর্মরত এস আই মোঃ শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদেরকে মাদকদ্রব্য সহ আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আর কে কে জড়িত আছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে ফেসবুকে কমেন্ট করা নিয়ে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ ১৬ আগস্ট শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির দুই যুবকের মধ্যে ফেসবুকে কমেন্ট নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে গত ১৪ জুলাই ঐক্কি বাড়ির মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তার মেয়ে আকলিমা বেগমের ওপর অতর্কিত হামলা করে পাঠান বাড়ির লোকজন। উক্ত ঘটনার পর গত দুইদিন ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আশপাশের গ্রামের লোকজনের সহযোগিতায় ঘণ্টাখানেক পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, ঘটনাস্থলে পৌঁছে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুলিশের নিযন্ত্রণে রয়েছে। পরবর্তী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বেশি দামে খেজুর বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ১৩ মার্চ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসান উপজেলার চম্পকনগর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স লাকি স্টোরকে ৩ হাজার, মেসার্স শেখ সাদী স্টোরকে ৩ হাজার ও নজির মিয়ার ফল ভান্ডারকে ২ হাজার টাকা।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসান বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে বাজারে অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্যে সাধারণ খেজুর বিক্রির দায়ে নজির মিয়ার ফল ভান্ডারকে ২ হাজার ও মূল্য তালিকা না থাকায় লাকি স্টোরকে ৩ হাজার ও শেখ সাদী স্টোরকে ৩ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।