চলারপথে রিপোর্ট :
নবীনগরে বিধিনিষেধ অমান্য করে কৃষিজমির মাটি কাটার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। নবীনগর উপজেলার বিভিন্ন ইটভাটায় ফসলি জমির এসব মাটি দিচ্ছেন সাতজনের ওই সিন্ডিকেট। তবে স্থানীয় সংসদ সদস্য কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সরেজমিনে দেখা যায়, কুড়িঘর-ব্রাহ্মণবাড়িয়া নবনির্মিত সড়ক দিয়ে সারিবদ্ধভাবে জমির মাটি নিয়ে যাচ্ছে বেশ কয়েকটি ট্রাক্টর। নিয়মিত এ সড়ক দিয়ে ট্রাক্টর চলায় ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সড়কের পাশের কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটি উত্তোলন করে ট্রাক্টরে নিয়ে যাওয়া হচ্ছে আশপাশের অন্তত ছয়টি ইট ভাটায়। প্রতিটি জমি থেকে ৩ থেকে পাঁচ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। প্রকাশ্যে শত শত একর কৃষি জমি থেকে মাটি পুড়ানো হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সালাম, সুমন, জাহান, মক্কা, প্রভাতি ও তিতাস নামক ইটভাটায় হাসান, আনিস, শাহ আলম, হাকিম, মোবারক, সৈয়দ ও মজিদ মাটি সরবরাহ করছেন।
জমিতে বেকু দিয়ে মাটি উত্তোলনের সময় দুজন ট্রাক্টরচালক জানান, আমরা মাটি নিচ্ছি প্রতিদিন ৮০০ টাকা বেতনে। মাটি জমির মালিক থেকে কিনে মক্কা ও তিতাস নামের দুটি ইটভাটায় বিক্রি করেছেন মজিদ ও শাহ আলম।
আলফাজ নামের এক ট্রাক্টর চালক জানান, আমরা শুধু মাটি পরিবহন করছি। কৃষিজমি থেকে মাটি কিনেছেন হাসান।
মজিদ নামে ইটভাটায় মাটি সরবরাহকারী বলেন, মাটিতো অনেকে কাটছেন। তাতে কোনো সমস্যা নাই। আমরা মাটি কিনেছি জমির মালিক থেকে।
হাসান নামের আরেক মাটি সরবরাহকারী বলেন, আমিও কিছু কেটেছি। অনেকেই তো ইটভাটায় মাটি দিচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান বলেন, আমরা ইটভাটায় মাটি দিতে একজনকে কন্ট্রাক্ট দিয়েছি। সে মাটি দিচ্ছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, বিষয়টি আমি অবগত নই। দ্রুত ব্যবস্থা নিতে অ্যাসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বলেন, মাটি কেটে টপ সয়েল নিয়ে যাওয়া হচ্ছে। এটা অত্যন্ত খারাপ কাজ। উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসন থেকে অভিযান পরিচালনা করে ৭-৮টি বেকু জব্দ করা হয়েছে। এ বিষয়ে সামাজিক আন্দোলন করা উচিৎ।
চলারপথে রিপোর্ট :
নবীনগরে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মেঘনা নদীর তীরে ক্ষতিগ্রস্ত ইউনিয়নবাসীর উদ্যাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়িকান্দি ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাহা উদ্দিন, ক্ষতিগ্রস্ত কৃষক ফেরদৌস আহমেদ, মো. তোফাজ্জল আহমেদ তপু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ৪-৫ মাস যাবৎ মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি, শ্রীঘর, কান্দা পাড়া গ্রামের প্রায় ২০ বিঘা জমি বিলীন হয়ে গেছে। এছাড়া কান্দাপাড়া গ্রামের ১০/১২ টি বাড়ি হুমকির মুখে।
বক্তারা অবিলম্বে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, জেলা প্রশাসন থেকে দেয়া ইজারার মাধ্যমে নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা নতুনচর ও জাফরাবাদ মৌজা থেকে বালু উত্তােলন হচ্ছে।
ইজারাদার সংশ্লিষ্টরা জানান, ইজারার স্থান থেকে ভাঙ্গন এলাকা প্রায় ২ কিলোমিটার দূরে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে সহযোগিতা করায় ভায়রা সাদ্দাম হোসেনকে (২৬) হত্যা করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে গ্রেফতারের পর ২২ জানুয়ারি সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সামিউল আলমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য জানান ভায়রা বাবুল (৪০)। বাবুল নেত্রকোনা জেলার খায়ের বাংলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
১৯ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর বিল থেকে সাদ্দামের মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের ছাত্তার মিয়ার ছেলে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা জানান, মরদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকারী হিসেবে নিহত সাদ্দামের ভায়রা বাবুলকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরে সোমবার আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন বাবুল।
বাবুল জবানবন্দিতে জানান, গত প্রায় ১০ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কৃষ্ণনগরের শায়েস্তা আরাকে বিয়ে করেন বাবুল। তাদের সংসারে ৭ বছরের একটি মেয়ে রয়েছে। নরসিংদীতে কাজের সুবাদে বসবাস করা কাদির নামে এক ব্যক্তির সঙ্গে তার স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা পালিয়ে নবীনগর এসে পড়েন। বিয়ে না করেও তারা সংসার করেন। এতে শায়েস্তারা গর্ভবতীও হন। আর এসবে সহায়তা করে আসছিলেন শায়েস্তা আরার বোনের স্বামী সাদ্দাম। সাদ্দাম সব কিছু জেনেও ভায়রা বাবুলকে কোনো প্রকার সহায়তা করেননি। এই ক্ষোভে গত শুক্রবার সাদ্দামকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বাবুল পালিয়ে যান।
এই ঘটনায় নিহত সাদ্দামের ভাই অজ্ঞাত আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে বাবুলের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে জজ মিয়া (৫৫) ও কাঠালিয়া গ্রামের শুক্কু চন্দ্র পালের ছেলে কৃষ্ণ চন্দ্র পাল(৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার এস আই কালাম ও বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জিনতপুর বাজারে ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র সাহার দোকানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এই দুজনকে গ্রেফতার করে।
জানা যায়, প্রতিদিন জজ মিয়া কৃষ্ণ চন্দ্র সাহার প্লাস্টিক মালামালের দোকানে বসতেন এবং ব্যবসার আড়ালে মাদকের ব্যবসার সাথে জড়িত ছিলেন, প্রতিদিন কৃষ্ণচন্দ্রের পালের সহযোগিতায় দোকানে বসে গাঁজা বিক্রি করতেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান, আাসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে খারঘর গণহত্যা দিবস পালিত হয়েছে। খারঘর গণকবর বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজ ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার নবীনগর বড়াইল ইউনিয়নের পাগলা নদীর তীরে স্থাপিত খারঘর গণকবরের স্মৃতি ৭১ “স্মৃতিস্তম্ভ”এ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানের শুরুতেই শহীদ মুক্তিযোদ্ধা ও নিরীহ গ্রামবাসীর স্মরণে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। পরে মুক্তিযোদ্ধা সংসদ, নবীনগর থানা পুলিশ, আনসার-ভিডিপি, শহীদ পরিবারের সদস্য সহ স্থানীয় গ্রামবাসী শহীদদেরকে শ্রদ্ধা জানান।
পরে স্মৃতিচারণ করে বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বলেন, ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সেনারা এখানেই ৪৩জন নিরস্ত্র মানুষকে ধরে নিয়ে গণহত্যা করা হয়েছিলো। আমরা শহীদদের আত্মার শান্তি কামনা করি।
উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, ১৯৭১ সালে ১০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে পাকিস্তানী বাহিনী পাগলা নদী দিয়ে স্টীমারে করে খারঘর গ্রামে হানা দেয়।
এ সময় সোহরাওয়ার্দী নামে এক মুক্তিযোদ্ধা পাক বাহিনীরকে প্রতিরোধ করার চেষ্টা করে। পরে পাকিস্তানী বাহিনী গ্রামের মধ্যে নির্বিচারে গণহত্যা চালায়। এ সময় তাদের হামলায় মুক্তিযোদ্ধাসহ ৪৩জন গ্রামবাসী শহীদ হন।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, ১৯৭১ সালে ১০ অক্টোবর খারঘরের এই জায়গায় পাকিস্তানী বাহিনীর সাথে বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়েছিলো। সেই যুদ্ধে মুক্তিযোদ্ধাসহ ৪৩জন শহীদ হয়েছিলেন। আজকে আমরা সরকারের পক্ষ থেকে সেসব শহীদদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১০ অক্টোবর খারঘর গ্রামে গণহত্যা চালিয়েছিলো পাকিস্তানী বাহিনী। তারা মুক্তিযোদ্ধাসহ ৪৩ জন নিরীহ গ্রামবাসীকে নির্বিচারে হত্যা করেন।
এর পর থেকে প্রতিবছর ১০ অক্টোবর দিনটিকে খারঘর গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে খারঘর গণকবর বাস্তবায়ন কমিটি।
চলারপথে রিপোর্ট :
পবিত্র আল-আকসা মসজিদ দখল করে দখলদার ইসরাইল বাহিনীর বরবরচিত হামলার ও ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নবীনগর এস আর মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এস আর মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মুফতি বেলায়েতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা মেহেদী হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নবীনগর উপজেলার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আব্দুল কাঈয়্যুম ফারুকী, নবীনগর দাওয়াতুল হক পরিষদের সেক্রেটারী হাফেজ মাওলানা মাকবুল হোসাইন, মাওলানা আনোয়ার বোসাইন, মাওলানা রাঈখান উদ্দিন আনছারী, মাওলানা মুমিনুল হক, মাওলানা ফোরকান উদ্দিন নবীপুরী, মাওলানা জসীম উদ্দিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোকতার হোসাইন আমিনী, মাওলানা আল আমিন, মাওলানা ফরহাদ হোসাইন ফরিদী, মাওলানা আব্দুর রউফ, মাওলানা রবিউল্লাহ, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।