পুলিশের ধাওয়া খেয়ে টিনের চালে চোর, নামালো ফায়ার সার্ভিস

জাতীয়, 30 March 2023,

চলারপথে রিপোর্ট :
চোরকে ধরতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর উঠে যায় টিনের চালে। সেখানে উঠে হুমকি দেয় আত্মহত্যার। এ অবস্থায় টিনের চাল থেকে চোরকে নামাতে ডাকা হয় ফায়ার সার্ভিস। অনেক চেষ্টার পর সেখান থেকে চোরকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ এলাকায়।

আটক রিটন মিয়া (৪০) পাকুন্দিয়ার চালিয়াগোপ এলাকার মুর্শিদ উদ্দিনের ছেলে।

জানা গেছে, কিশোরগঞ্জ সদর মডেল থানায় রিটন মিয়ার নামে মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ধরতে সদর মডেল থানা পুলিশ ও পাকুন্দিয়া থানা পুলিশ সোমবার সকালে রিটনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে চোর উঠে পড়ে টিনের চালে। সেখানে উঠে টিনের একটি টুকরো হাতে নিয়ে নিজ গলায় ধরে রাখে এবং তাকে ধরার চেষ্টা করা হলে টিনের টুকরো দিয়ে গলা কেটে আত্মহত্যার হুমকি দেয়।

পুলিশ সদস্যরা ও এলাকাবাসী চোরকে অনেক বুঝিয়েও টিনের চাল থেকে নামাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা চোরকে টিনের চাল থেকে নামিয়ে আনেন।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান জানান, পুলিশ খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে পুলিশের সাথে যুক্ত হয়ে অভিযান চালিয়ে চোরকে টিনের চাল থেকে নামিয়ে আনে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় তাকে ধরতে পাকুন্দিয়া থানা পুলিশের সহায়তা চাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে রিটনকে ধরতে তার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিটন উঠে পড়ে টিনের চালে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে টিনের চাল থেকে নামিয়ে আনা হয়। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করলেন সিনিয়র সচিব মো. এহছানুল হক

আশুগঞ্জ, জাতীয়, সরাইল, 22 September 2025, 1267 Views,

চলারপথে রিপোর্ট :
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেনের কাজ শেষ হবে। এতে জনসাধারণের দীর্ঘ দিনের ভোগান্তি কমে আসবে। সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আজ ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এহছানুল হক বলেন, গত ৫ আগস্টের পরে এখানে যারা ইন্ডিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত লোকজন ছিলেন, তারা তাদের নিজ দেশে চলে গেছেন। তারা নিরাপত্তার জন্য ভয় পেতেন। আমাদের ডিসি সাহেবের সঙ্গে কথা বলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেছি, এখানে আসলে কোনো অসুবিধা হবে না। নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। উনারা দ্রুত ফিরে আসছেন। কাজে নামবেন। এখানকার প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন, একটি জাহাজে মালামাল আসছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এখানকার কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কাজটি শেষ হলে আশুগঞ্জ থেকে বিশ্ব রোডের অংশের কাজ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে।

এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চার লেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবো: প্রধানমন্ত্রী

জাতীয়, 19 February 2023, 2030 Views,

চলারপথে ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবে। আজ ১৯ ফেব্রুয়ারি রবিবার রাজধানীতে কালশী ফ্লাইওভার এবং ইসিবি স্কয়ার থেকে কালশী হয়ে মিরপুর পর্যন্ত ছয় লেনের সড়ক উদ্বোধনের পর একথা বলেন তিনি।

এ উপলক্ষে সকালে কালশী বালুর মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ঢাকা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবো।’ তিনি বলেন, ‘বাংলাদেশ জীব বৈচিত্র ও চমৎকার সবুজে ভরা একটি দেশ। ফুল, ফল, পাখির অত্যন্ত সৌন্দর্য্যে ভরা এই দেশটিকে আমরা সেভাবেই গড়ে তুলবো। পাশাপাশি আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট বাংলাদেশ আমরা গড়বো এবং ঢাকা সিটিও স্মার্ট সিটি হবে। সেটাই আমাদের লক্ষ্য। আমরা সেজন্য বহু পদক্ষেপ নিচ্ছি।’

প্রধানমন্ত্রী এর আগে ফলক উন্মোচন করে ফ্লাইওভার ও সড়কের উদ্বোধন করেন।

সমাবেশে তিনি মুক্তিযুদ্ধ এবং দেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে গৌরবময় অবদানের কারণে হারুন মোল্লার নামে কালশী ফ্লাইওভারের নামকরণের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘদিন ক্ষমতায় আছি বলেই বাংলাদেশকে আজ উন্নত করতে পেরেছি। জাতির পিতার রোখে যাওয়া স্বল্পোন্নত দেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি এবং এই মর্যাদাকে ধরে রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ হবে ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।’

শেখ হাসিনা বলেন, ঢাকা শহরের প্রধান সমস্যা হল এর পূর্ব ও পশ্চিমের মধ্যে ভালো সংযোগ না থাকা। তার সরকার রাজধানীর এই অংশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে।

তিনি বলেন, ইসিবি স্কোয়ার থেকে ২ দশমিক ৩৪ কিলোমিটার কালশী ফ্লাইওভার এবং ৩ দশমিক ৭০ কিলোমিটার প্রশস্ত ও ছয় লেনের রাস্তা মিরপুর, ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, মানিকদি, মাটিকাটা, ভাষানটেক, বনানী, উত্তরা এবং বিমানবন্দরে যোগাযোগ সহজ করবে। মেট্রোরেলের পর কালশী ফ্লাইওভার ও ছয় লেনের সড়ক চালু হলে ঢাকার যানজট অনেকটাই কমে যাবে।

ঢাকা উত্তর সিটির উন্নয়নে গৃহীত ব্যবস্থা সম্পর্কে শেখ হাসিনা বলেন, ২০১১ সালে ঢাকা শহরকে দুই ভাগ করার পর গত ১২ বছরে ৩,৫০০ কোটি টাকার ২৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গত কয়েক বছরে ৩ হাজার কোটি টাকার বেশি অর্থায়নে ১৬টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের আওতায় রাজধানীর সৌন্দর্যায়ন, পানি সরবরাহ ব্যবস্থাপনার উন্নয়ন, ফুটপাথ নির্মাণ ও উন্নয়ন, সড়ক, সেতু ও ফ্লাইওভারের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাসহ রাজধানীর যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে।

জনসভায় প্রধানমন্ত্রী কালশী বালুর মাঠকে একটি বিনোদন পার্ক হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। সেখানে শিশু ও যুবকদের খেলার মাঠ এবং বয়স্ক ব্যক্তিদের চলাচলের জন্য হাঁটার পথ থাকবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং বাংলাদেশ সেনাবাহিনী (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড) প্রায় ১,০১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

প্রকল্প বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।

প্রধান চারলেন বিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি স্কোয়ার থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। দুই-লেন বিশিষ্ট র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।

প্রকল্পটির আওতায় একটি পিসি গ্রিডার ব্রিজ, দুইটি ফুল ওভার ব্রিজ, একটি পাবলিক টয়লেট, দুটি পুলিশ বক্স, একটি ৭.৪০ কিলোমিটার আরসিসি ড্রেন, একটি ১৭৫৫ মিটার আরসিসি পাইপ ড্রেন, ৩৩৮৩ মিটার যোগাযোগ তার, পৃথক সাইকেল লেন ও ছয়টি বাস বে নির্মাণ করা হয়েছে।

সমাবেশে আরো বক্তব্য দেন এলজিআরডি ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা।

মঞ্চে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ারুল ইসলাম সরদার কালশী ফ্লাইওভার ও ছয় লেনের সড়ক সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেন। অনুষ্ঠানে কালশী ফ্লাইওভার ও সড়ক প্রকল্পের একটি ভিডিও ডকুমেন্টারিও প্রদর্শিত হয়। সূত্র : বাসস

খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন না: আইনমন্ত্রী

জাতীয়, 18 March 2024, 1207 Views,
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি ও বিদেশে চিকিৎসার বিষয়ে আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। তার মানে তিনি বিদেশে যেতে পারবেন না। বিদেশ থেকে ডাক্তার এনে তাকে চিকিৎসার করার অনুমতিও দেওয়া হয়েছে। ডাক্তার চিকিৎসা করে তাকে সুস্থও করেছেন।

আজ ১৮ মার্চ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

এর আগে ৬ মার্চ বুধবার বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে আবেদন করেন তার ভাই শামীম ইস্কাদার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনে শামীম ইস্কাদার বলেন, বেগম জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খালেদা জিয়ার জীবন রক্ষায় দরকার দেশের বাইরে চিকিৎসা। এ ছাড়া স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

এ বিষয়ে আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেন, বুঝলাম না স্থায়ী মুক্তি মানে কী? এছাড়া, বিদেশ যাওয়ার অনুমতি চাচ্ছেন। আমার কাছে আজকে সচিব ফাইলটা দিয়েছেন। ওনারা (খালেদার পরিবার) কী আবেদন করেছেন, সেটি দেখে ভালো করে বিবেচনা করে আমি অতিসত্বর নিষ্পত্তি করব। মঙ্গলবার নাগাদ হয়ে যাবে।

তিনি বলেন, ফাইলটা আজকেই পেয়েছি। আমাকে বিবেচনা করতে হবে, পড়তে হবে, আমাকে দেখতে হবে। তবে, একটা বিষয় বলতে পারি, সেটি হলো… খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় মুক্তি দেওয়া হয়েছে। এর বাইরে আইনিভাবে কিছু করার নেই। কিন্তু এরপরও প্রত্যেকবার দেখা যাচ্ছে, প্রথম যেভাবে চিঠি দেওয়া হয়েছিল, সেভাবেই তারা আবেদন করছেন। আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে এসেছে।

সরকারপ্রধান চাইলে খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৪০১ ধারায় সরকারপ্রধান মানে প্রধানমন্ত্রী প্রথমবার যখন নিষ্পত্তি করে দিয়েছেন। এখন সেটি পরিবর্তন করার বিধান নেই। এটির পুনঃনিষ্পত্তি করার কোনো অবকাশ নেই। আইনের বাইরে গিয়ে তিনি (প্রধানমন্ত্রী) মানবিকতা দেখাতে পারবেন না। প্রধানমন্ত্রী মানবিকতা প্রথমবারই দেখিয়েছেন। এই যে বারবার রিনিউ হচ্ছে, সেটাও মানবিক কারণ থেকেই হচ্ছে।

অ্যাড. আনিসুল হক বলেন, মেয়াদ বাড়ানোর আইনি সুযোগ আছে। অন্য কিছু করার সুযোগ নেই। খালেদা জিয়া কিন্তু দুটি শর্তে (বিদেশে যেতে পারবে না ও ঢাকায় থেকে চিকিৎসা) মুক্ত। চলাফেরায় তাঁর কিন্তু কোনো অনুমতি নিতে হয় না। তাই তাঁকে আবার মুক্তির কথা বলাটা মনে হয় অপ্রাসঙ্গিক।

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অর্ধশত কক্ষ পুড়ে গেছে

জাতীয়, সারাদেশ, 5 February 2026, 381 Views,

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি ভাড়া বাড়ির প্রায় অর্ধশত কক্ষ পুড়ে গেছে। আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকায় ডেকো কারখানা ও তানিয়া হাসপাতালের পাশের খোকন মিয়া ও নুরুল ইসলামের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ঘরে থাকা নগদ অর্থ, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্রসহ ভাড়াটিয়াদের বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে খোকন মিয়ার বাড়ির ৩৫টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুন পাশের নুরুল ইসলামের বাড়ির আরও ১০টি কক্ষে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক খোকন মিয়া জানান, তাঁর বাড়ির কক্ষগুলো বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল। আগুনে প্রায় সব কক্ষ পুড়ে গেছে। অপর বাড়ির মালিক নুরুল ইসলাম বলেন, পাশের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে তাঁর ঘরগুলোতে বড় ধরনের ক্ষতি হয়। তবে আগুন লাগার সময় সবাই দ্রুত বেরিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

কক্সবাজার এক্সপ্রেস এর যাত্রা শুরু

জাতীয়, 1 December 2023, 1344 Views,

অনলাইন ডেস্ক :
দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হলো। অবশেষে ঢাকা-কক্সবাজার রুটে প্রথম বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হলো শুক্রবার। এর মাধ্যমে দেশের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলো পর্যটনশহর কক্সবাজার। এখন থেকে ট্রেনে চড়ে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের স্বপ্নপূরণ করতে পারবেন কক্সবাজারবাসী।

আজ ১ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে আইকনিক রেলস্টেশন থেকে প্রায় ১ হাজার ৩০ জন যাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকার উদ্দেশে যাত্রা করে ‘কক্সবাজার এক্সপ্রেস’। এর আগে, গত ১১ নভেম্বর কক্সবাজার-দোহাজারি রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, এক সপ্তাহ আগে থেকে অনলাইন ও অফলাইনে সব টিকিট বিক্রি হয়ে গেছে। এখন শুধু ৯ ডিসেম্বরের পরের টিকিট বিক্রি হচ্ছে। কক্সবাজার এক্সপ্রেসে ২০ বগিতে আসন সংখ্যা ৭৮০টি। প্রায় ১ হাজার যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা করবে। চাহিদা বাড়লে বগিও বাড়ানো হবে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ৯টি স্টেশন রয়েছে। সবখানে জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। তবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ননস্টপ যাত্রা করবে। শুধু চট্টগ্রাম ও ঢাকায় যাত্রা বিরতি করবে। কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নামলে যাত্রীরা পাবেন তারকা মানের হোটেল, অত্যাধুনিক শপিংমলে কেনাকাটাসহ নানা সুযোগ-সুবিধা।

এদিকে, প্রথম ট্রেনের টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। ঢাকার টিকিট করা যাত্রী জহির উদ্দিন বলেন, কক্সবাজার থেকে প্রথম এই যাত্রা ইতিহাস হয়ে থাকবে। তাই আগে থেকে টিকিট বুকিং করে রাখছি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ‘কক্সবাজার এক্সপ্রেস’ চট্টগ্রামে বেলা ৩টা ৪০ মিনিটে এবং ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে। পর্যটন শহর থেকে রাজধানী ঢাকা যেতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট। কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া ২ হাজার ৩৮০ টাকা।