চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্ধ্বগতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ ১ এপ্রিল শনিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ মৌড়াইলে বিএনপির এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের ১০ দফা দাবির অন্যতম দাবি দেশ নেত্রী খালেদার মুক্তি। আমাদের দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা লাখো লাখো মামলা প্রত্যাহার করা। তিনি বলেন, পৃথিবীব্যাপী এখন সমর্থন আমাদের পক্ষে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। বিএনপিকে ছাড়া নির্বাচন হবে না।
তিনি বলেন, গতকালও আওয়ামীলীগের এক নেতা বলেছেন শহীদ জিয়া মুক্তিযুদ্ধ করে নাই। মুক্তিযুদ্ধ শহীদ জিয়াসহ আমরা আপামর জনতা করেছি। মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তুলবেন না, যাতে মুক্তিযুুদ্ধ প্রশ্নবিদ্ধ হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক জিল্লুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ ২৯ মে সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের জেল রোডে দি ল্যাব এইড স্পেশাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিল্লুর রহমান দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। এছাড়া তিনি হেপাটাইটিস-বি’তে আক্রান্ত ছিলেন। সোমবার সন্ধ্যার আগে জেলা শহরের ফুলবাড়িয়ায় নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে জিল্লুর রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরিবারের সঙ্গে আলোচনা শেষে জানাযার সময় জানানো হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ মার্চ সোমবার বিকেল ৪টায় স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট ও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ।
ইউনির্ভাসেল মেডিকেল কলেজের সহযোগীতায় অনুষ্ঠিত সংগীতানুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন, দেশের জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। এতে সংগীত পরিবেশন করেন দেশের বিখ্যাত ব্যান্ড দল মাইলস, মাকসুদ ও ঢাকা, ওয়ারফেজ, চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ, সংগীতশিল্পী ইমরান ও অপু। একসঙ্গে এক মঞ্চে এত জনপ্রিয় ব্যান্ডদল ও শিল্পী দিয়ে এতবড় আয়োজন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এই প্রথম।
দুপুরে দিকে প্রখর রৌদের কারনে মাঠে দর্শক উপস্থিতি কম থাকলেও সন্ধ্যার আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয় স্টেডিয়ামটি’। সন্ধ্যা ছয়টায় শিল্পী অপু ‘আলো আলো’ গানটি ধরতেই দর্শকদের হুল্লুড়। ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি ধরলে শিল্পীর চেয়ে যেন দর্শকদের কণ্ঠে বেশি উচ্চারণ।
জয় বাংলা কনসার্টকে ঘিরে সোমবার ব্রাহ্মণবাড়িয়া ছিলো মাতোয়ারা। সন্ধ্যা সোয়া ছয়টায় শুরু হওয়া কনসার্ট চলে কয়েকঘন্টা। শিল্পীদের সঙ্গে দর্শকরাও নেচে গেয়ে কনসার্টকে উপভোগ্য করে তুলেন।
গানের ফাঁকে ফাঁকে মুক্তিযুদ্ধের কিছু চিত্র আয়োজনকে আরো বেশি প্রাণবন্ত করে তুলে।
চলারপথে রিপোর্ট :
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ব্রাহ্মণবাড়িয়ায় এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ৫ ডিসেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় এলপিজি গ্যাস বিক্রির ডিলার মায়ের দোয়া প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মায়ের দোয়া প্রতিষ্ঠানের ডিলার মো. হেলাল মিয়া সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্য আদায় এবং মূল্য তালিকা না ঝুলিয়ে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ডিলার মো. হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার প্রাক্তন পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমান আজ ১০ ফেব্রুয়ারি সোমবার ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন বিটিজেএর সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
স্থানীয় ইন্ডাষ্ট্রিয়েল স্কুল মাঠে এসোসিয়েশনের নির্মাণাধীন কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় মোহাম্মদ জাবেদুর রহমানকে স্বাগত জানান এসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন সহ বিটিজেএর অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নির্ভিক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে ঐতিহ্য রক্ষা করা আসছে। সাংবাদিকদের সাথে আমার হৃদ বন্ধন নিবিঢ় এবং তা থাকবে, তিনি সকলকে শুভেচ্ছা জানান এবং উত্তরোত্তর সুখ সমৃদ্ধি কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার হোসেন প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীতকরন কাজের কারনে গত কয়েক দিনের বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মহাসড়কে ফেলা বালি পাশের খালে পড়ে ভরাট হয়ে যাওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সরজমিনে দেখা গেছে গত কয়েকদিনের বৃষ্টিতে সদর উপজেলার সুহিলপুর, বুধল ও মজলিশপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে ওইসব গ্রামের বাসিন্দারা। খাল ভরাট হওয়ার কারণে জমিতে উঠা পানি নিষ্কাশন হচ্ছেনা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। পানি উঠেছে বাড়ি-ঘরেও। সব কিছু মিলিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন এলাকার বাসিন্দাদের দুর্ভোগের সীমা নাই। বিশেষ করে খাঁটিহাতা বিশ্বরোড থেকে সুহিলপুর পর্যন্ত সড়কের পাশের বাসিন্দারা দুর্ভোগে পড়েছে।
এদিকে জলাবদ্ধতার খবর পেয়ে গত শনিবার দিনব্যাপী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম শেখ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে ভেকু দিয়ে খালে পড়া বালি অপসারণ করে পানি নিষ্কাশনের কাজ শুরু করেছেন। গতকাল রোববার দুপুর পর্যন্ত চলে খালের বালি অপসারনের কাজ।
সুহিলপুর গ্রামের মোঃ মজিদ মিয়া বলেন, মহাসড়ক চারলেন করার কারনে রাস্তায় ফেলা বালি পাশের খালে পড়ে খাল ভরাট হয়ে যাওয়ায় আমাদের গ্রামের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন গত ১৫ দিন আগে আমি আমার তিন কানি জমিতে ধান রোপন করেছিলাম। আমার জমি পানিতে তলিয়ে গেছে। ঘর-বাড়ি জলাবদ্ধ হয়ে আছে।
বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের সফর আলী বলেন, আড়াইশ মুরগীসহ আমার একটি খামার পানিবন্দী হয়ে আছে। খাল ভরাটের কারনে এখানকার জায়গা জমি, ঘরবাড়ি সব বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে আছে। খালের বালি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে আমাদের দুর্ভোগ আরো বাড়বে।
এ ব্যাপারে সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, গত কয়েক দিনের বৃষ্টির কারনে এলাকার প্রায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্রায় দুইশত কানি ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।
পুকুরের পাড় ভেঙ্গে কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে।ফোরলেন রাস্তার কারনে খাল ভরাট করে ফেলায় পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। আমি আপাতত ভেকু এনে নালা পরিষ্কার করে পানি নিষ্কাশনের চেষ্টা করছি।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ বলেন, পানি নিষ্কাষনের জন্য কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের যেসব জায়গা বালু দিয়ে ভরাট হয়ে গেছে শনিবার দিনব্যাপী ভেকু দিয়ে খালের সেইসব বালু অপসারণ করে পানি নিষ্কাষনের ব্যবস্থা করেছি। আজ রোববার ও বালি অপসারণ করা হচ্ছে। আশা করি দ্রুত পানি নেমে যাবে। মানুষের দুর্ভোগও লাঘব হবে।