চলারপথে রিপোর্ট :
সরাইলে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ও শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আবদুল হাকিম মোতাঈদের ছেলে সুবেল মোতাঈদ (২৫), একই ইউনিয়নের মোঃ আবু ছিদ্দিকের ছেলে মোঃ রাসেল মিয়া (২৪), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মিজান মিয়া ও একই উপজেলার বেঙ্গাডোবা গ্রামের অহিদুল্লাহর ছেলে মোঃ আনু মিয়া।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান, শনিবার রাতে উপজেলার উচালিয়াপাড়া এলাকা ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিজান মিয়া আনু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের জলিল শাহ’র মাজারের পশ্চিম পাশ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সুবেল মোতাঈদ ও রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। গত শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চলারপথে রিপোর্ট :
সরাইলে বেপরোয়া গতির ট্রাক্টর চাপায় মো. আবদুর রহিম মিয়া (৫০) এক মাদ্রাসার কর্মচারী নিহত হয়েছে। আজ ৩ ফেব্রুয়ারি শনিবার বেলা ১টার দিকে সরাইল- নাসিরনগর- লাখাই আঞ্চলিক সড়কের সরাইল সদরের বড্ডাপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরাইল রাহমাতুল্লিল আল আমীন মাদ্রাসার অফিস সহায়ক আবদুর রহিম। তার বাড়ি মাদ্রাসা সংলগ্ন বড্ডাপাড়া গ্রামে।
শনিবার বেলা ১টার দিকে তিনি সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছনের দিক থেকে বালু বোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক্টর রহিমকে চাপা দেয়। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই রহিম মারা যান। এসময় ট্রাক্টরটি ফেলে চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি আটক করে।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, এই সড়কে হাল চাষের ট্রাক্টর গুলো এখন ইট, বালু ও মাটি টানছে। অধিকাংশ চালক ও ট্রাক্টর গুলোর কোন বৈধ কাগজ বা অনুমতি নেই। শিশু ও কিশোর চালকরা কানে মুঠোফোন লাগিয়ে বেপরোয়া গতিতে ট্রাক্টর চালিয়ে থাকে। এমন অনিয়ম যখন নিয়ম তখন তো ট্রাক্টর গুলো মানুষকে চাপা দিবেই।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
চলারপথে রিপোর্ট :
দুর্বৃত্তদের হামলায় মোস্তফা কামাল নামে একজন ব্যবসায়ী খুন হয়েছেন। ২৯ জুলাই মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল কালিকচ্ছ নন্দীপাড়া গ্রামের সাবেক বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা মৃত মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, মোস্তফা কামাল কালিকচ্ছ বর্ডার বাজারের বিকাশ ও কনফেকশনারী ব্যবসায়ী এবং ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কালিকচ্ছ শাখার ফিল্ড অফিসার ছিলেন। পৈতৃক বাড়ি চাঁদপুর হলেও বর্তমানে ক্রয় সূত্রে তিনি কালিকচ্ছ মধ্যপাড়ার বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। মঙ্গলবার রাতে মোস্তফা কামাল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছেই সড়কে তাকে একা পেয়ে দুর্বৃত্তরা তার মাথায় ও ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে একজন পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পরে থাকতে দেখে বাড়িতে পরিবারের লোকদের খবর দেন। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
খবর পেয়ে রাতেই সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন এক ব্যবসায়ি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ওজনে কম দেয়ায় মেসার্স ভূইয়া ফিলিং স্টেশন নামক একটি পাম্পকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ ও বিএসটিআই কুমিল্লার সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে অবস্থিত মেসার্স ভূইয়া ফিলিং স্টেশন নামক একটি পাম্পকে অভিযান চালিয়ে এই অর্থদন্ড করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এই পাম্পে প্রতি ৫ লিটারে ডিজেল ও অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৫০ মি.লি. এবং ৯০ মি.লি. কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় এক লাখ টাকা জরিমানা করেন। উক্ত ডিসপেন্সিং ইউনিট দুইটি উল্লে¬খিত আইনের ১৫(৩) ধারায় এই অর্থদন্ড করা হয়।
এসময় বিএসটিআই কুমিল্লা অফিসের প্রসিকিউটর হিসেবে অফিসের কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট ;
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে ফয়সাল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ ১৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ফয়সাল উপজেলার কুট্টাপাড়ার রাকিব মিয়ার ছেলে।
পরিবারের দাবি, ফয়সাল পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে, দুইপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ হলে স্প্রিন্টারের আঘাতে ফয়সাল নিহত হন।
স্থানীয়রা জানান, ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের ইকবালের চৌকিদারের ছেলে অটোরিকশা চালক আকাশ রাস্তা পার হচ্ছিলেন। এসময় ধরন্তী মূলবর্গ গ্রামের হুমায়ন মেম্বারের ছেলে তোফাজ্জলের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এনিয়ে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।
এ ঘটনায় শুক্রবার দুপুরে তোফাজ্জলের লোকজনেরা কালিকচ্ছ বাজারে আকাশের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন আকাশ। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় ইফতারের পর কালিকচ্ছ বাজারে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় বাজারের কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে সরাইল থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ফয়সালকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ফয়সালের মা হালিমা খাতুন বলেন, ‘আমার ছেলে পুলিশের ছোড়া গুলিতে মারা গেছে।’
ফয়সালের মামা ওসমান বলেন, ‘ফয়সালের বাড়ি কুট্টাপাড়ায় হলেও আমাদের দোকানে থাকতো। আজ ঝগড়া শুরুর পর দোকানের তালা লাগাচ্ছিলাম। এসময় পুলিশ এসে আমার ভাগনের ওপর গুলি করে। তাকে কেন গুলি করা হলো? আমরা তো ঝগড়ার সঙ্গে জড়িতও না? আমরা এর বিচার চাই।’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন বলেন, সংঘর্ষে ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলের স্প্রিন্টারের আঘাতে যুবক নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
সরাইলে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি শনিবার বিকেলে উপজেলার কালিকচ্ছে মজনু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তরী বাংলাদেশ এর আহ্বায়ক শামীম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন তরী বাংলাদেশ এর সদস্য খালেদা মুন্নী, মো. খায়রুজ্জামান ইমরান, সোহেল রানা ভূঁইয়া, মোহাম্মদ ওয়াসিম। তরী সরাইল শাখার সদস্য সদস্য শাহাগীর মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন- কবি আবুল কাশেম তালুকদার, মো. শাহিন শাহ, মোহাম্মদ আইয়ুব খান ও মুখলেছুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে সরাইল মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক মোহাম্মদ মাহবুব খানকে আহ্বায়ক ও সাংবাদিক মো. শাহাগীর মৃধাকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ সভায় উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্য সাংবাদিক মো. আলমগীর মিয়া, রাকিবুর রহমান রকিব, নাজমা বেগম, শেখ কামরুজ্জামান সজল, জয়নাল আবেদিন, মো. বেলাল মিয়া, মো. জুনায়েদ হোসেন, মনিরুল ইসলাম, শেখ মো. মামুন মিয়া, মো. নাজমুল হক ও মোহাম্মদ শাহিন মিয়া প্রমুখ।