চলারপথে রিপোর্ট :
চাচার ধর্ষণের শিকার এক বাকপ্রতিবন্ধী (১৪) কিশোরী সন্তান প্রসব করেছে। এ ঘটনায় অভিযুক্ত তৈয়ব খানকে (৬০) আজ ১০ এপ্রিল সোমবার গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কিশোরীর বাবা প্যারালাইজড হয়ে শয্যাশায়ী। দরিদ্র পরিবারটির হাল ধরার কেউ নেই। এ অবস্থায় বাকপ্রতিবন্ধী ওই কিশোরকে ফুসলিয়ে প্রায়ই ধর্ষণ করতেন তার চাচা তৈয়ব খান। সে পাঁচমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে তৈয়ব মিয়াকে প্রধান আসামি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মামলার আবেদন করেন। আদালত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলাটি রুজু করতে নির্দেশ দেন।
ওসি এমরানুল ইসলাম বলেন, আড়াই মাস আগে ধর্ষণের শিকার কিশোরী একটি কন্যাসন্তানের জন্ম দেয়। তাকে ও নবজাতককে সরকারিভাবে চট্টগ্রামের সেফহোমে রাখা হয়েছে। সোমবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
চলারপথে রিপোর্ট :
বিদেশী রিভলবার এবং ৩ রাউন্ড গুলিসহ আবদুল কাদির (৬৬) ও মোঃ কামাল উদ্দিন (৪২) নামে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে র্যাব-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা শহরের কালীবাড়ি মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবদুল কাদির হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রগুরামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও কামাল উদ্দিন একই উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আবদুর নূরের ছেলে।
আজ ১১ আগস্ট শুক্রবার সকালে র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি মোড়ে ১টি মাইক্রোবাস আটক করে। পরে মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ১টি বিদেশী রিভলবার এবং ৩ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করে। এ সময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা উদ্ধারকৃত রিভলবারটির বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও গ্রেফতারকৃত দুই অস্ত্রধারীকে থানায় হস্তান্তর করা হয়।
চলারপথে রিপোর্ট :
তিতাস ও নরসিংদী গ্যাস ফিল্ডের কূপগুলোতে গ্যাসের চাপ বাড়িয়ে উত্তোলন ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্থাপন করা হচ্ছে পাঁচটি ওয়েলহেড কম্প্রেসর। ইতোমধ্যে তিনটি কম্প্রেসর স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। বাকি দুইটি কম্প্রেসর বসানোর জন্য ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আজ ১৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কম্প্রেসরগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড কর্তৃক পরিচালিত পাঁচটি গ্যাস ফিল্ডের মধ্যে তিতাস গ্যাস ফিল্ডটি অন্যতম বৃহৎ। প্রতিদিন তিতাসের ২৩টি কূপ থেকে ৩৯২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। তবে প্রাচীন এই গ্যাস ফিল্ডের কূপগুলোতে গ্যাসের চাপ ক্রমাগত কমছে।
বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ ৭০০ পিএসআই হলেও তিতাসের কূপগুলোতে কমে দাঁড়িয়েছে ৬০০ পিএসআই। ফলে জাতীয় গ্রিডে চাপের সাথে সমন্বয় রেখে গ্যাস উত্তোলন এবং সরবরাহ স্বাভাবিক রাখতে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন ‘এ’ ও ‘সি’- তে দুইটি কম্প্রেসর স্থাপন করা হয়েছে। একই কারণে নরসিংদী গ্যাস ফিল্ডেও একটি ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হয়েছে। এছাড়া তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন ‘ই’ এবং ‘জি’- তে আরো দুইটি কম্প্রেসর বসানো হচ্ছে। যার ফলে জাতীয় গ্রিডে চাপের সাথে সমন্বয় রেখে গ্যাস উত্তোলন ও সরবরাহ স্বাভাবিক থাকবে। কম্প্রেসরগুলো স্থাপনে ব্যয় হচ্ছে ১ হাজার ৮২২ কোটি টাকা। অর্থায়ন করছে জিওবি এবং জাইকা।
বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান সাংবাদিকদের জানান, তিতাস সহ অন্যান্য গ্যাস ফিল্ডের বন্ধ হয়ে যাওয়া কূপগুলো ওয়ার্কওভার এবং নতুন কয়েকটি কূপ খনন করা হচ্ছে। এগুলোর কাজ সম্পন্ন হলে সামগ্রিকভাবে গ্যাস ফিল্ডগুলোতে গ্যাসের উৎপাদন বাড়বে।
ওয়েলহেড কম্প্রেসর উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে জেলা শহরের ঘাটুরাস্থ তিতাস গ্যাস ফিল্ডের ‘এ’ লোকেশনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান, মহাব্যবস্থাপক (অপারেশন) উত্তম কুমার সরকার ও কোম্পানি সচিব মো. হাবিবুর রহমানসহ তিতাস গ্যাস ফিল্ডের অন্যান্য কর্মকর্তারা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া এক আসামির নাম-ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছে হত্যা মামলার আরেক আসামি। পালিয়ে যাওয়া ওই আসামির নাম হৃদয় (২৮)। ঘটনাটি ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঘটলেও বিষয়টি জানাজানি হয় ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যায়।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, হৃদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে। কসবা থানার একটি হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা অনুযায়ী গত বছরের ৭ ডিসেম্বর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
২৯ জানুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার একটি মামলার আসামি দিদার হোসেন জামিনে মুক্তি পান। ওই সময় জামিনপ্রাপ্ত অন্য বন্দিদের সঙ্গে দিদার হোসেনের নাম-ঠিকানা ব্যবহার করে কৌশলে কারাগার থেকে বেরিয়ে যান হৃদয়।
ঘটনার পরপরই কারাগারের দায়ী কর্মকর্তা-কর্মচারীদের শোকজ করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, আসামি পলায়নের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে জেলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর বাস টার্মিনালের গরুর বাজারে বিশেষভাবে দৃষ্টি কাড়ছে নেত্রকোণা থেকে আসা ১২০০ কেজি ওজনের ‘লালু মস্তান’ নামের একটি গরু। একদিকে ওজনের দিক দিয়ে যেমন বেশি তেমনি আকৃতির দিক দিয়ে বেশ বড় এই গরুটি। আর একারণেই বাজারে আসা মানুষের মাঝে আগ্রহ বেড়েছে গরুটিকে ঘিরে।
আজ ১৫ জুন শনিবার সকাল থেকে ষাঁড়টিকে দেখতে ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় দেখা গেছে। রোকন মিয়া নামে এক ব্যক্তি এই ষাঁড়টিকে বিক্রির জন্য এনেছেন। তিনি গরুটির দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।
তবে, ব্রাহ্মণবাড়িয়ার বাজারে ষাঁড়টির দাম সাড়ে ৯ লাখ টাকা উঠেছে বলে তিনি দাবি করেছেন তিনি। তার আশা ব্রাহ্মণবাড়িয়া বাজারে তিনি ভালো দাম পাবেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির বর্ষপূর্তিতে ফান রান দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা শহরের পৌর এলাকার লোকনাথ দীঘির ট্যাংকের পাড় থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে বিভিন্ন বয়সী দৌড়বিদেরা অংশগ্রহণ করেন।
ভোরে সূর্যের আলো উঠার আগেই শুরু হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের দৌড়বিদরা লোকনাথ দীঘির ট্যাংকের পাড়ে জমায়েত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিভূতি ভূষণ দেবনাথ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দিলারা আক্তার খান, ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির প্রধান উদ্যোক্তা সংগঠনের এডমিন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রাজন মিয়া।
শহরের লোকনাথ দীঘির ট্যাংকের পাড়ের প্রধান ফটক থেকে প্রতিযোগীতা শুরু হয়ে শহরের তিতাস নদীর বুক চিরে বের হওয়া নতুন সড়ক সীমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কের (শেখ হাসিনা সড়ক) তৃতীয় সেতু পর্যন্ত ৫ কিলোমিটার ও বিজয়নগর উপজেলার মনিপুর থেকে শহরের শিমরাইলকান্দি সেতু পর্যন্ত আসা-যাওয়া ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা চলে। ফান রানে দুই কিলোমিটার দৌড়ে শিশুরা, ৪৫ বছর বয়স থেকে বয়োজ্যেষ্ঠরা ৫ ও ১০ কিলোমিটার এবং নারীরা ৫ কিলোমিটার দৌড়ে অংশ নেন। ৫ ও ১০ কিলোমিটার সবার জন্য উন্মুক্ত ছিল। ছয় ক্যাটাগরিতে মোট ৮৫ জন অংশ নেন।
দৌড় শেষে সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের শিমরাইলকান্দি সেতুতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক দিলারা আক্তার খান। অংশগ্রহণকারীদের একটি করে শুভেচ্ছা স্মারক, সনদ, টি-শার্ট দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের চ্যাম্পিয়ান ও রানার্সআপ ট্রফি দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. রাজন মিয়া বলেন, সুস্থ্য দেহ ও সবল মনের জন্য ২০২১ সালে এই সংগঠন করেছিলাম। নিজেদের সুবিধামতো জায়গায় সংগঠনের ৫০ সদস্য প্রতিদিন দৌড়ান। সংগঠনটির সক্রিয় রানার সংখ্যা এখন শতাধিক। এই সংগঠনের সাথে যুক্ত আছেন অন্তত আড়াই হাজার সদস্য। আগামী বছরের মার্চ মাসে আন্তর্জাতিক মানের বড় পরিসরে হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান তিনি।
উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রফেসর দিলারা আক্তার জানান, প্রথমবারের মতো শিশুরা অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। সকলকে এই সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।