চলারপথে নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের পূর্বপাড়ায় একটি পুকুর থেকে গলাকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের এলাছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জাহিদুলের পিতা এলাছ মিয়া পেশায় একজন অটোরিক্সা চালক। তার ৪জন ছেলে সন্তান রয়েছে। জীবন-জীবিকার তাগিদে জাহিদুল ইসলামসহ ৩ ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করে। ঈদ-উল ফিতর উপলক্ষে গত ১৭ রমজান ছুটি নিয়ে বাড়িতে আসে জাহিদ।
গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় জাহিদ। রাতে আর বাড়ি ফিরেনি। মঙ্গলবার সকালে সুলতানপুরের একটি পুকুর থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় জাহিদুলের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরানুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত খুন। জাহিদুলকে গলা কেটে জবাই করা হয়েছে। তার দুই হাত ও পায়ের রগ কেটে ফেলা হয়েছে ও পেটে ছুরিকাঘাত করে ভুরি বের করে ফেলা হয়েছে। আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সাত হাজার মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পৃথক আরেকটি অভিযানে রেললাইনের উপর বৈদুতিক খুঁটির নিচে থাকা ঝুঁকিপূর্ণ ইন্টারনেট ও ডিসের তার কেটে অপসারণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ও বিকালে সদর উপজেলার ভাদুঘর সংলগ্ন তিতাস নদী এবং শহরের কলেজপাড়ার লেবেল ক্রসিং এলাকায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর পৌর শহরের ভাদুঘর তিতাস নদীতে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে কিছুদিন ধরে মৎস্য শিকার করে আসছেন একটি চক্র।
বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন ভাদুঘর এলাকায় তিতাস নদীতে অভিযান পরিচালনা করেন।
এ সময় নদীতে অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারর অভিযোগ দুই হাজার মিটার অবৈধ রিং জাল ও পাঁচ হাজার মিটার করেন্ট জাল জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় অবৈধ এসব জালের মালিককে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত দুই হাজার মিটার রিং জাল এবং পাঁচ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পোড়ানো হয়।
এদিকে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন শহরের কলেজপাড়ার লেবেল ক্রসিং এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী রেললাইনের উপরে বৈদ্যুতিক খুঁটির নিচে থাকা তারের সঙ্গে প্যাচ লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান এবং অপরযাত্রী আহত হন।
এঘটনার জন্য শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে কলেজপাড়ার লেবেল ক্রসিং এলাকায় পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যদের নিয়ে পৌঁছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন। পরে লেবেল ক্রসিং এলাকায় রেললাইনের উপরে থাকা ঝুঁকিপূর্ণ সকল তার কেটে সরানো হয়।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন বলেন, ভাদুঘর সংলগ্ন তিতাস নদীতে অভিযান চালিয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৯০ এর আলোকে দুই হাজার মিটার অবৈধ রিং জাল ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর কলেজপাড়ার লেবেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর থাকা অপ্রয়োজনীয় তার কেটে অপসারণ করা হয়েছে। এতে এখানে মৃত্যুর ঝুঁকি কমবে।
চলারপথে রিপোর্ট :
গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও ভারতে মুসলমানদের ওপর আক্রমণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা। ১৯ মার্চ বুধবার রাতে শহরের মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে প্রেসক্লাবের চত্বরে ইসরাইলের পতাকায় আগুন ধরিয়ে প্রতিবাদ করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ আরিফ বিল্লাহ আজিজ, ছাত্রনেতা আবু বক্কর ছিদ্দিক ও মুফতি ইয়াছিন আরফাত।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের ওপর বারবার বর্বর হামলা চালিয়ে মানুষ মারছে ইসরাইল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, যাতে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া ভারতেও আমাদের মুসলিম ভাইদের ওপর হামলা চালানো হচ্ছে।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না করা হয়, তাহলে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও বক্তারা হুশিয়ারি দেন।
চলারপথে রিপোর্ট :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,যারা স্বাধীন বাংলাদেশকে বিশেষ কোনো সম্প্রদায়ের রাষ্ট্র না ভেবে সকল মানুষের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে আগ্রহী তাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বেশী গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ থেকে তাদের অনেক কিছু শিখবার আছে। এ ব্যাপারে বঙ্গবন্ধুর রচিত গ্রন্থগুলো বড়ো সহায়ক হবে। তিনি
আজ ১৭ মার্চ রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন,পাকিস্তান প্রতিষ্ঠার পরই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পাকিস্তানে বাঙালিদের কোনো ভবিষ্যৎ নেই। তাই তিনি তখনই বাঙালিদের জন্য নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা মাথায় নিয়ে কাজ শুরু করেন। বঙ্গবন্ধু জীবনভর আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে কখনো অন্যায়-অনিয়মের কাছে মাথানত করে আপোষ করেন নি। আপোষ করেননি বলেই সকল বাঙালিকে তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন,প্রতিষ্ঠা করতে পেরেছিলেন স্বাধীন বাংলাদেশ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রচন্ড মানবিক। সমাজ ও মানুষের কথা ভাবতে ভাবতে তিনি নিজ সংসার-পরিবার নিয়ে ভাববার সময় পাননি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত ভাষণ দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। আলোচনা করেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন,রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল,সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সাধারণ সম্পাদক মনজুরুল আলম।
অনুষ্ঠানে মার্চের সন্তান শিরোনামে দলীয় আবৃত্তি প্রযোজন পরিবেশন করে তিতাস আবৃত্তি সংগঠনের মধ্যমদলের সদস্যরা।
এছাড়া জাতির পিতার জন্মদিন উদযাপনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯ টায় বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রয়াত সভাপতি, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ বেতারের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা রিয়াজউদ্দিন জামির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার বাদ আসর জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জামে মসজিদে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ সভাপতি নিয়াজ মোঃ খান বিটু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সভাপতি খ, আ, ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সৈয়দ মোঃ আকরাম, সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন, সাবেক সহসভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক কোষাধক্ষ্য আশিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধক্ষ্য মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, আইসিটি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আইসিটি সম্পাদক জালাল উদ্দিন রুমি, সদস্য ইসহাক সুমন, সাংবাদিক খন্দকার স্বপন, মনিরুজ্জামান পলাশ, আশেক মান্নান হিমেল, মেহেদী নূর পরশ, প্রকাশ দাস। এছাড়াও বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সূধী সমাজসহ নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মরহুম রিয়াজ উদ্দিন জামির রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার।
এছাড়াও আজ বৃহস্পতিবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে মরহুম রিয়াজ উদ্দিন জামির রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। জেলা সদর হাসপাতাল জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়েছে।
এদিকে আগামীকাল শুক্রবার মরহুম রিয়াজ উদ্দিন জামির পরিবারের পক্ষ থেকে কালইশ্রী পাড়াস্থ বাসভবনে দোয়া এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৬ মার্চ রাত সোয়া ১১টার দিকে তিনি ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘ ছয় মাস ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী, ভাইবোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মেধাবী ও সাহসী সাংবাদিক জামি ১৯৭৪ সালের ৩০ জুন ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশের শীর্ষ দৈনিক জনকণ্ঠ, দেশের প্রথম বেসরকারী টিভি চ্যানেল একুশে টিভি, আরটিভি, এনটিভি, চ্যানেল টোয়েন্টিফোর, রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গনমাধ্যমে সুনামের দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
তাঁর পিতা মরহুম আব্দুস সাহিদ ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বহু গ্রন্থের প্রণেতা গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক উপাধক্ষ্য ও মাতা মরহুম ফাতেমা বেগম। তাঁদের তিন ছেলে ও পাঁচ মেয়ের সবাই উচ্চশিক্ষিত এবং নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার তিতাসের বুকভরা ঢেউ আর প্রাণের উচ্ছাসে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার শিমরাইলকান্দি গাঁওগেরাম পয়েন্ট থেকে মেড্ডা মেড্ডা সরকারি শিশু পরিবার পয়েন্ট পর্যন্ত তিতাস নদীতে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
আজ ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুুপুর পৌনে তিনটার দিকে শিমরাইলকান্দি গাঁওগেরাম পয়েন্টে নৌকা বাইচ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। প্রতিযোগীতায় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার ১৫টি নৌকা অংশ গ্রহন করে।
এর মধ্যে ছিলো সদর উপজেলার ৪ টি নৌকা (ভাড়াকৃত), বিজয়নগর উপজেলার ৫টি নৌকা, সরাইল উপজেলার ১টি নৌকা, আশুগঞ্জ উপজেলার ২টি নৌকা (ভাড়াকৃত) নবীনগর উপজেলার ২টি নৌকা (ভাড়াকৃত) ও নাসিরনগর উপজেলার ১ টি নৌকা ( ভাড়াকৃত) প্রতিযোগীতায় নবীনগর উপজেলার নৌকা প্রথম, সরাইল উপজেলার নৌকা দ্বিতীয় এবং সদর উপজেলার নৌকা তৃতীয় স্থান অধিকার করে।
বিকেল ৫টায় মেড্ডা সরকারি শিশু পরিবার পয়েন্টে তিতাস নদীর পাড়ে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী নবীনগর উপজেলার নৌকাকে নগদ ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী সরাইল উপজেলার নৌকাকে ৫০ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারী সদর উপজেলার নৌকাকে ৩০ হাজার টাকা পুরষ্কার দেয়া হয়। এছাড়াও নৌকা বাইচে অংশ নেওয়া ১৫ টি নৌকাকেই ২৫ হাজার টাকা করে দেওয়া হয়।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, যত দিন বাঙ্গালি ও বাংলা সংস্কৃতি থাকবে তত দিন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, তিতাসপাড়ে আজ হাজার হাজার মানুষ। এতেই বুঝা যায় মানুষ নৌকা বাইচকে কত ভালোবাসে। তিনি নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, মহামারি করোনার কারনে গত দুই বছর ২০২০ এবং ২০২১ সালে নৌকা বাইচ বন্ধ ছিলো। করোনার পর ২০২২ সালে আবার নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। আগামীতেও এই নৌকা বাইচ অব্যাহত থাকবে।
এদিকে নৌকা বাইচকে কেন্দ্র করে দুপুরের পর থেকে শহরে মানুষের ঢল নামে। নৌকা বাইচ উপভোগ করতে শহরের শিমরাইলকান্দি থেকে মেড্ডা পর্যন্ত তিতাস নদীর তীরে জন¯্রােতে পরিনত হয়। নদীর পাড় ছাড়াও মানুষ নদীর পাড়ের বহুতল বিশিষ্ট ভবনের ছাদে উঠে, শেখ হাসিনা সড়কের ব্রীজে উঠে নৌকা বাইচ উপভোগ করে। আবার অনেকেই নৌকা বাইচ উপভোগ করতে ছোট ছোট নৌকা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে তিতাস নদীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
এদিকে নৌকা বাইচ উপলক্ষে প্রতিযোগীতাস্থলে পুলিশ, বিজিবি, আনসার ও নৌ-পুলিশের কয়েকটি টীম নিয়োজিত থাকে। এছাড়াও ছিল ডুবুরী দল, ফায়ার সার্ভিস ও মেডিকেল টীম। পাশাপাশি নৌকা বাইচ প্রতিযোগীতা সুন্দরভাবে করার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে ৮টি টীম কাজ করেন।