চলারপথে রিপোর্ট :
ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর প্রেমিকের ডাকে তার বাড়িতে ছুটে যান। প্রেমিকের মায়ের বকুনি খেয়ে নিজ বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক পোশাককর্মী (১৯)।
গত মঙ্গলবার রাতে কুমিল্লার বরুড়ার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো– শাকপুর গ্রামের মো. রুবেল, মো. শামীম ও জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকে অন্য আসামি ও ওই তরুণীর প্রেমিক আমান ওরফে রাফি পলাতক রয়েছে।
আজ বৃহস্পিতবার কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পাঁচ মাস আগে ফেসবুকে তরুণীর সঙ্গে রাফির পরিচয়। মঙ্গলবার রাতে ফোন করে তাঁকে বাড়িতে ডেকে নেন রাফি। এ সময় তাঁর মা ভুক্তভোগীকে গালমন্দ করেন এবং রাত সাড়ে ১০টার দিকে বের করে দেন। সিএনজিচালিত অটোরিক্সায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হলে পথে শামীম ও জাকির তার গতিরোধ করে।
তিনি আরো জানান, তারা তরুণীকে জোর করে গ্রামের একটি বাগানবাড়ি নিয়ে যায়। রুবেল আগে থেকেই সেখানে অবস্থান করছিল। এরপর অটোচালককে ভয় দেখিয়ে তিনজন রাত ১২টা পর্যন্ত ওই তরুণীকে ধর্ষণ করে এবং পরে অটোরিকশায় তুলে দেয়। ভুক্তভোগী পরদিন ভোরে বরুড়া থানায় প্রেমিকসহ চারজনের নামে মামলা করেন।
বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন জানান, অটোচালকের তথ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা রাফির ইন্ধনে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
তিনি আরো জানান, রাফিকে গ্রেতারের চেষ্টা চলছে। রুবেল ও জাকিরের বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি এবং শামীমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানান তিনি।
অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার বলেছেন, উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে।
আজ ১০ আগস্ট বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইয়ারকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশ উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। অন্যান্য উন্নয়নশীল দেশগুলোও বাংলাদেশের এই উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে।’
ইহসানুল করিম আরো জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাঁর সরকারের সার্বিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিশ্বব্যাংকের কর্মকর্তাকে অবহিত করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছে কারণ, তাঁর সরকার ও দল (আওয়ামী লীগ) সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের পর তা বাস্তবায়ন করে।
তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন। আমরা প্রতিটি মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে চাই।’
এ সময় বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক অগ্রগতির পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, তার সংস্থা রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য ইতোমধ্যে ৭০ কোটি মার্কিন ডলার প্রদান করেছে।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে হবে।
জলবায়ু পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘আমরা কার্বন নিঃসরণকারী নই’, তা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ যথেষ্ট খারাপ পরিস্থিতির শিকার হচ্ছে।
আইয়ার অবশ্য প্রধানমন্ত্রীকে বলেছিলেন, বিশ্বব্যাংক তার ‘ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করবে।
শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাংক একটি বহুমাত্রিক বিনিয়োগ কর্মসূচির আওতায় ঢাকা শহরকে আরও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে পরিবেশগত পুনরুদ্ধার ও ঢাকা শহরের চারপাশের নদীগুলোর নাব্যতা নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।
বিশ্বব্যাংকের কর্মকর্তা এ দেশের স্যানিটেশন ব্যবস্থারও প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থা অসাধারণ।’
তিনি উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করেন এবং এটিকে সমৃদ্ধশালী বলে বর্ণনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বেসরকারি খাতের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছে। তিনি বলেন, ‘আমরা বেসরকারি খাতের জন্য সবকিছু উন্মুক্ত করে দিয়েছি।’
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান।
সূত্র : বাসস
অনলাইন ডেস্ক :
২১ মে বিশ্ব মেডিটেশন দিবস। এ বছর দেশে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। মেডিটেশন দিবস উপলক্ষে এবারও স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন সারাদেশে ভোর ৬টায় একযোগে বিভিন্ন উন্মুক্ত স্থানে প্রাণায়াম বা দমচর্চা, প্রত্যয়ন পাঠ ও মেডিটেশন চর্চার আয়োজন করেছে। আর এর মধ্য দিয়ে ধ্যানীরা সুস্থতা ও প্রশান্তির বাণী ছড়িয়ে দেবেন।
কোয়ান্টাম ফাউন্ডেশন জানিয়েছে, দেশে দিন দিন মেডিটেশনের জনপ্রিয়তা বাড়ছে। পরিপূর্ণ সুস্থতার জন্য বিদ্যমান চিকিৎসার পাশাপাশি মেডিটেশন যে প্রয়োজন, সেই পরামর্শ এখন চিকিৎসকরা দিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি যোগ-মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
সাত বছর আগে উইল উইলিয়ামস নামে এক ব্রিটিশ মেডিটেশন প্রশিক্ষক প্রথম দিবসটি পালনের উদ্যোগ নেন। তিনি ছিলেন অনিদ্রার রোগী। মেডিটেশনের মাধ্যমে নিরাময় লাভের পর এ সম্পর্কে আরও উৎসাহী হয়ে ওঠেন উইলিয়ামস। বাংলাদেশে মেডিটেশন চর্চার ইতিহাসে টানা ৩১ বছর ধরে কাজ করে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এই চর্চার সঙ্গে যুক্ত হয়েছেন লাখো মানুষ।
চলারপথে রিপোর্ট :
চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাছ শিকারে ব্যবহৃত তিনটি ডিঙ্গি নৌকা ও ২০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা মাহালিয়া বিল ও নয়াখাল এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী। একই অভিযানে সড়কের উপর দোকানের মালামাল রাখার অপরাধে স্থানীয় সরকার আইনে আরও একজনকে জরিমানা করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাছির উদ্দীন, আবছার উদ্দীন ও আনিসুল ইসলাম। এদের মধ্যে নাছির ও আবছারকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা এবং আনিসুল ইসলামকে স্থানীয় সরকার আইনে ২ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, মাহালিয়া বিল ও নয়াখাল এলাকায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে দুজনকে জরিমানা করা হয়েছে। অভিযানে তিনটি ডিঙ্গি নৌকা ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
অনলাইন ডেস্ক :
হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডে নতুন আরও দুটি কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। ফলে এ ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দিনে আরো ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে।
আজ ১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলার বাহুবল উপজেলায় অবস্থিত রশিদপুর গ্যাসফিল্ডে কূপ দুটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও জেলা প্রশাসক (ডিসি) জিলুফা সুলতানাসহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানায়, ‘রশিদপুর-১১ নম্বর কূপ খনন’ প্রকল্পে সরকারের ২৩৩ কোটি টাকা ব্যয়ে হয়েছে। গ্যাস উন্নয়ন তহবিল থেকে ৯৫ ভাগ এবং বেসরকারি কোম্পানির তহবিল থেকে বাকি ৫ ভাগ অর্থায়নের কথা। তবে এখন এটি বাস্তবায়ন করা হচ্ছে সম্পূর্ণ সরকারি অর্থায়নে।
রশিদপুর গ্যাস ক্ষেত্র থেকে আগে দিনে ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হত। এখন ১৮ মিলিয়ন ঘনফুট বেড়ে তা হয়েছে ৪৪ মিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলা সূত্র আরো জানায়, দেশের পাঁচটি গ্যাসক্ষেত্র থেকে মোট ৬ লাখ ২১ হাজার কোটি টাকার গ্যাস উৎপাদন করেছে সরকার। ৪৮ বছর ধরে উৎপাদনের পরও এ গ্যাসক্ষেত্রগুলোতে অবশিষ্ট মজুদ রয়েছে আরও ৩ লাখ ১৭ হাজার কোটি টাকার গ্যাস।
বক্তারা বলেন, দেশে উৎপাদিত মোট গ্যাসের অর্ধেকই হবিগঞ্জে। তবে ৪৮ বছরে যদি ৬ লাখ ২১ হাজার কোটি টাকার গ্যাস উৎপাদন হয়ে থাকে তাহলে, ৩ লাখ কোটি টাকার বেশি গ্যাস উৎপাদন হলো হবিগঞ্জ জেলা থেকেই।
চলারপথে রিপোর্ট :
ভালুকায় বাড়ির উঠানে রান্না করার সময় খেজুর গাছের গুড়ি ভেঙে পড়ে গাছের চাপায় চায়না আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ২৫ মার্চ শনিবার সকালে উপজেলার মল্লিকবাড়ীর ইউনিয়নের গোবুদিয়া গ্রামে। নিহত চায়না আক্তার ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, ওই গৃহবধূর বাড়ির ওঠানে তার অসুস্থ শাশুড়ির জন্য রান্না করার সময় হঠাৎ উঠানের পাশে থাকা খেজুর গাছটির গুড়ি ভেঙে গৃহবধূর উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খেজুর গাছের গুড়ি পচে নষ্ট হয়ে ওই নারীর উপর পড়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।