চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে ১৫ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার গোর্কণ ইউনিয়নের বেরিবাঁধ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ গ্রামের সোহেল মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৫), একই উপজেলার ভৈরবপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৬০) ও একই এলাকার জারু মিয়ার স্ত্রী লাকী বেগম (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ বেরিবাঁধ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নাসিরনগর থানার এস.আই আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দেয়া হয়েছে। আগামীকাল শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।
চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে ৪টি সীসা কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৭ জুলাই রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রাম থেকে কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সাইজ উদ্দিন কবির (৩৯) জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের এরশাদ উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, রোববার সকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামে কবিরের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে ৪টি সীসা কার্তুজ (লিডবল) উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাসিরনগর থানায় একাধিক মামলা রয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মা ও মেয়ে একসঙ্গে এসএসসি পরীক্ষা পাসের রেকর্ড করেছেন। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় তারা দু’জন এ কৃতিত্ব অর্জন করেন।
আজ ১২ মে রবিবার এ বিষয়টি নিয়ে এলাকায় উৎসবের আমেজ বইছে।
এই অদম্য জ্ঞানপিপাসু গৃহবধূর নাম নূরুন্নাহার বেগম। তিনি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামের মো. ফরিদ মিয়ার মেয়ে। তিনি ২০২৪ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে ৪ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে কৃতকার্য হয়েছে। অপর দিকে তার মেয়ে চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে ২ দশমিক ৬৭ পয়েন্ট নিয়ে কৃতকার্য হয়েছেন।
নুরুন্নাহার বলেন, ছোট বেলায় খুব ইচ্ছে ছিল পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবো। উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের নারীদের জন্য ভালো কিছু করবো। কিন্তু পরিবারের চাপে পড়ে খুব ছোট বেলায় বিয়ে হয়ে যায় আমার। বিয়ের পর দুই ছেলে-মেয়ে আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় নিজের পড়ালেখার কথা ভুলে যেতে হয়। কিন্তু মন থেকে পড়ালেখার ইচ্ছে বাদ দিতে পারিনি। পরে নিজের একান্ত স্বপ্ন আর স্বামী-সন্তানের অনুপ্রেরণায় চাতলপাড় কারিগরি বিদ্যালয়ের নবম শ্রেনিতে ভর্তি হই।
তিনি আরও বলেন, যে সব নারীরা পরিবারের এবং সংসারের অস্বচ্ছলতার কারণে পড়ালেখা করতে পারে না, তাদের প্রতি অনুরোধ যে সরকার বিনা টাকায় পড়ালেখা চালিয়ে যেতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এ সুযোগ গ্রহণ করুন।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া জানান,‘ তিনি আমাদের ইউনিয়ন পরিষদের একজন সদস্য। তার এই সাফল্যে আমরা গর্বিত। নতুন প্রজন্মের কাছে তিনি একজন আদর্শ।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমরানুল হক ভূইয়া বলেন, ‘পড়াশোনা করতে চাইলে যেকোনো বয়সেই করা সম্ভব, মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে সব বাধাই পরাস্ত হয়। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য নুরুন্নাহার একটি জ্বলন্ত উদাহরণ। বিশেষ করে নারীদের কাছে তিনি উজ্জ্বল নক্ষত্র। আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হবে। আমি এ মা ও মেয়ের সাফল্য কামনা করছি।
চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে স্বামীর বিরুদ্ধে মামলা করায় স্ত্রী-সন্তানকে অ্যাসিড নিক্ষেপের অপরাধে তিনজনকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মৃত আলীম উদ্দিন খানের ছেলে নক্কু খান, মৃত এনাম খানের ছেলে উজ্জল খান, হাফিজ উদ্দিন খানের ছেলে সোহাগ মিয়া। এরমধ্যে সোহাগ ও উজ্জল পলাতক আছেন।
আদালত সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের জহির খান প্রায়ই স্ত্রী সুমা বেগমের ওপর নির্যাতন চালাতেন। এ ঘটনায় তিনি আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালত জহির খানকে কারাগারে পাঠান। এর জেরে জহির খানের স্বজনরা ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সন্ধ্যায় ঘরে ঢুকে সুমা বেগম ও তার ছেলে আকাশ খানের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। এ ঘটনায় সুমা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে নাসিরনগর থানায় মামলা করেন।
এ বিষয়ে মামলার বাদী সুমা বেগম বলেন, এসিড নিক্ষেপের মত ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামিদের যে দণ্ড দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন বিচার প্রক্রিয়ার পর আদালত তাদের দোষী সাব্যস্ত প্রমাণিত করে যে রায় দিয়েছেন তাতে বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।
চলারপথে রিপোর্ট :
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের পদ থেকে বহিষ্কৃত সৈয়দ একে একরামুজ্জামানকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহানুল করিম গরিবুল্লাহ সেলিম।
গতকাল রবিবার দুপুরে সৈয়দ একে একরামুজ্জামানের নাসিরনগর সদরের বাসভবনে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সৈয়দ একে একরামুজ্জামানকে সমর্থন জানান।
শাহানুল করিম গরিবুল্লাহ সেলিম এই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। সমর্থন জানানোর পর শাহানুল করিম গরিবুল্লাহ সেলিম জাতীয় পার্টির নেতা-কর্মীদেরকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের কলার ছড়ি প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
এ সময় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহানুল করিম গরিবুল্লাহ সেলিম বলেন, আমি জাতীয় পার্টির প্রার্থী হলেও এখন পর্যন্ত প্রচারনা চালাইনি। এই নিবার্চনে সৈয়দ একরামুজ্জামানকে সমর্থন দিচ্ছি।
আজ থেকে কলার ছড়ি প্রতীকের বিজয়ের জন্য আমরা কাজ শুরু করবো। জাতীয় পার্টির প্রতিটি কর্মী সৈয়দ একে একরামুজ্জামানকে বিজয়ী করতে প্রচারণা চালিয়ে যাবে। পাশাপাশি ভোটও দেবে। এ সময় উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জাতীয় পার্টির নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে সৈয়দ একে একরামুজ্জামান বলেন,জাতীয় পার্টির সমর্থন পেয়ে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন ও মূল্যায়নের ধারাবাহিকতা থাকবে।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী তারেক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসসহ মার্চ মাসে অনুষ্ঠিতব্য বিভিন্ন দিবস উদযাপন ও সুষ্ঠুভাবে বাস্তবায়ণের লক্ষ্যে আজ ৩ মার্চ রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো: রাফি উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ভূমি মোনাব্বর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল-হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ মো: সোহাগ রানা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জামিল ফোরকান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মো: জিতু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল বাকি, সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া প্রমুখ।
এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী, সাংবাদিক, শিক্ষকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।