চলারপথে ডেস্ক :
চলতি বছর হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ ৩০ এপ্রিল রবিবার। রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজ অফিস ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর বাইরে জেলা পর্যায়েও চলবে প্রশিক্ষণ। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া হবে সারাদেশের ৭৯টি কেন্দ্রে। নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঢাকা জেলা ছাড়া দেশের ৬৩ জেলার সিভিল সার্জনের অফিস। শনিবার এসব কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ মে থেকে এ কার্যক্রম শুরু হবে।
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকার জন্য ঢাকায় মোট ৯টি হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদার ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক এবং ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতাল।
এর বাইরে বেশ কয়েকটি জেলা সিভিল সার্জন অফিস ছাড়াও কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালেও স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন। ২১ মে থেকে হজ ফ্লাইট শুরুর তারিখ নির্ধারণ করেছে সরকার।
২৭ জুন (৯ জিলহজ) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। যদিও এবার মোট ১ লাখ ২০ হাজার ৪৯১ জন নিবন্ধিত হয়েছেন। নিবন্ধনের বাকি থাকা কোটার মধ্যে কিছু ব্যবস্থাপনা খাতে পূরণ হবে। এর বাইরে খালি থাকা কোটা ফেরত পাঠাবে ধর্ম মন্ত্রণালয়।
চলারপথে রিপোর্ট :
কক্সবাজারের চকরিয়ায় ১০ মামলার আসামি মো. শাহাব উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার দেওয়া তথ্যমতে ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি দুটি বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ, তিনটি কিরিচ ও দুটি দা।
রবিবার সন্ধ্যায় উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নতুন ঘোনা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শাহাব উদ্দিন ওই এলাকার আবদুল করিমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গ্রেফতার শাহাব উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া থানায় ১০টি মামলা রয়েছে। সে এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পায় না।
তাকে একটি মারামারি মামলায় গ্রেফতার করতে গিয়ে তার ঘরের খাটের নিচ থেকে বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ ৩১ জুলাই সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অনলাইন ডেস্ক :
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প ঘিরে সক্রিয় চার-পাঁচটি সন্ত্রাসী দল। ডাকাতি ছাড়াও তারা অপহরণ, ছিনতাই, মাদক কারবারে জড়িত। এসব দলের মধ্য ‘সালমান শাহ গ্রুপ’ অন্যতম। আজ ৪ মে বৃহস্পতিবার ভোরে ওই গ্রুপের অন্যতম সন্ত্রাসী মো. শফিকে আটক করেছেন ১৬ এপিবিএনের সদস্যরা। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শফি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
এপিবিএন জানায়, ‘শীর্ষ সন্ত্রাসী’ শফিকে ধরে আনার সময় পুলিশের ওপর হামলা হলে তার তিন সহযোগী নুরুল আমিন, ওমর ফয়সাল ও মেহের খাতুন মিন্নিকেও আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে টেকনাফের ১৬ এপিবিএনের পুলিশ সুপার জামাল পাশা বলেন, ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসীর অবস্থানের খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে শফিকে (২৪) আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুসারে ক্যাম্প থেকে একটি ওয়ান শুটার এলজি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সে ক্যাম্পের ত্রাস সালমান শাহ গ্রুপের অন্যতম সদস্য ছিল।
এসপি জানান, শফিকে নিয়ে আসার সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার দলের লোকজন। এ সময় আরও তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ক্যাম্পে অপরাধীদের ধরতে অভিযান চলমান।
রোহিঙ্গারা জানায়, ক্যাম্পসংলগ্ন পাহাড়ে চার-পাঁচটি ডাকাত দলের সদস্যরা তাদের গোপন আস্তানা তৈরির চেষ্টা করছে। এরই মধ্যে কয়েকটি আস্তানা তৈরি হয়ে গেছে। শুধু ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের কাছেই নয়, কক্সবাজারে বসবাসকারী বাঙালি জনগোষ্ঠীর কাছেও এসব ডাকাত গ্রুপ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় না আনলে ক্যাম্পের পরিস্থিতি খারাপের দিকে যাবে।
অনলাইন ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের দাম বাড়ছে।’
আজ ১৮ মার্চ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ। আমরা ইফতার পার্টি করব না, সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেব। বিএনপি শুধু ইফতার পার্টি খায় আর আওয়ামী লীগ শুধু খাওয়ায়। সারা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছে।’
তিনি বলেন, ‘বিএনপি ইফতার পার্টিতে গিয়ে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়। নিজেরা ইফতার খায়, আওয়ামী লীগের গিবত গায়। আর কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেই স্বপ্ন দেখে।’
অনলাইন ডেস্ক :
দুবাইয়ে আল হামরিয়া বন্দরের জেটিতে ভেড়ার পর বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। ২২ এপিল সোমবার রাত ১২ টা থেকে শুরু করা কয়লা খালাস করতে আরো কয়েকদিন সময় লাগবে। এসব কয়লা খালাসের পর ক্যাপ্টেনসহ ২৩ নাবিকের সবাই এমভি আবদুল্লাহ জাহাজে করে একসঙ্গে দেশে ফেরার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বর্তমানে দুবাইয়ে অবস্থান করা জাহাজ মালিকপক্ষের প্রতিনিধি দলে থাকা চট্টগ্রামের কবির গ্রপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম।
আজ ২৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘সবকিছু সুন্দরভাবে চলছে। নাবিকদের সবাই ভাল আছেন, সুস্থ আছেন। এখন সবাই একসঙ্গে ২৩ জনই জাহাজে করে দেশে আসার জন্য মনস্থির করেছেন।’
জাহাজ কর্তৃপক্ষ জানায়, সোমালি সশস্ত্র দস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার আট দিনের মাথায় গত রবিবার বিকেলে ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছে।
জাহাজটি আল হামরিয়া বন্দরের বহিনোঙর থেকে বন্দরের জেটিতে ভিড়ে সোমবার রাতে। এরপর মুক্তি পাওয়া নাবিকদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। এরআগে নাবিকদের বরণ করাসহ আনুষাঙ্গিক কাজগুলো করতে জাহাজ মালিকপক্ষের একটি প্রতিনিধি দল দুবাই গিয়ে এখন জাহাজে নাবিকদের সঙ্গে রয়েছে।
এ দিকে গত কয়েকদিন ধরে মালিকপক্ষ থেকে বলা হচ্ছিল ২৩ নাবিকের মধ্যে দুইজন বিমানে করে এবং বাকি ২১ জন জাহাজে করে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
শেষ পর্যন্ত নাবিকদের সঙ্গে কথা বলে তাদের সবাই আবদুল্লাহ করে দেশে আসার জন্য একমত হয়েছেন বলে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত, এমভি আবদুল্লাহ ৫০ হাজার টন কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে গত ৪ মার্চ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়। ১৯ মার্চ আবদুল্লাহ আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল। মাপুতু থেকে রওনা হওয়ার চার দিন পর গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ জাহাজটি সোমালি জলদস্যুদের কবলে পড়ে। ৩৩ দিন পর গত ১৩ এপ্রিল দস্যুদের জিম্মিদশা থেকে নাবিক ও জাহাজ মুক্ত হয়ে পূর্বনির্ধারিত গন্তব্যে দুবাইয়ের পথে রওনা হয়ে গত রবিবার সেখানে পৌঁছে।
মানিকগঞ্জ প্রতিনিধি :
‘আপা’ বলতেই ক্ষেপে গেলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিরুপমা পাল! আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
কোনো এক সাক্ষাৎকার নেওয়ার সময় স্থানীয় সংবাদমাধ্যম কর্মীরা ‘আপা’ বলায় ক্ষেপে যান ওই চিকিৎসক।
রাগতস্বরে বলেন, ‘আপা’ না, তাকে ‘ম্যাডাম’ বলতে হবে।
সম্প্রতি ২৩ সেকেন্ডের একটি ভিডিও বিপ্লব শান্ত নামে এক সংবাদকর্মী নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
জানা যায়, নিরুপমা পাল মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। সম্প্রতি সিংগাইরে একটি মারামারির ঘটনায় আহতদের ইনজুরি সার্টিফিকেটে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে ওই চিকিৎসকের বিরুদ্ধে। এ বিষয়ে গত ২৪ মার্চ বিকেলে স্থানীয় কয়েকজন সাংবাদকর্মী তার বক্তব্য জানতে হাসপাতালে গেলে ওই পরিস্থিতির সৃষ্টি হয়।
২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালে ওই চিকিৎসকের ইন্টারভিউ নিচ্ছিলেন স্থানীয় সাংবাদিকরা। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপা আপনার নাম কি? নিরুপমা পাল জানিয়ে ওই চিকিৎসক রেগে গিয়ে বলেন, আপনি আমাকে ‘আপা’ বলছেন কেন?
এসময় পাশ থেকে আরেকজন জানতে চান, তাহলে আপনাকে কি ‘ম্যাডাম’ বলতে হবে? তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন ‘হ্যা, অবশ্যই’। তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, কেন আপনাকে ‘ম্যাডাম’ বলতে হবে? এসময় ওই নারী চিকিৎসক পাশের একজনকে বলেন, আচ্ছা উনি কেন আমাকে হ্যারাস করতেছে বলেন। তখন অন্য একজনকে বলতে শোনা যায় যে, আপনিই তো প্রথমে শুরু করলেন!
এ বিষয়ে জানতে চিকিৎসক নিরুপমা পালের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি তার স্বামী ডা. পার্থ রিসিভ করেন। তিনি বলেন, ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বির্পযস্ত। এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না।
এদিকে বিষয়টি জানা আছে উল্লেখ করে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম আলী বলেন, স্থানীয়ভাবে সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা মিমাংসা হয়ে গেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।