যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য নয়, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ : আইনমন্ত্রী

কসবা, জাতীয়, 30 April 2023,

চলারপথে রিপোর্ট :
আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, বিএনপির এক নেতা নাকি বলেছেন- বাংলাদেশে নির্বাচন বা বাংলাদেশের ভাগ্য ও সমস্যা এ দেশের লোকজন মিটাতে পারবে না। দুইদল আওয়ামী লীগ-বিএনপিও মেটাতে পারবে না।

এটা মেটাতে নাকি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যকে লাগবে।

অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই- শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। বাংলাদেশে কী হবে, না হবে- সেটা বাংলাদেশের জনগণ বুঝবে এবং চাইবে। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের স্বাধীনতার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আজ ৩০ এপ্রিল রবিবার দুপুরে কসবা উপজেলার টি আলী কলেজ মাঠে এবি ব্যাংক লিমিটেড আয়োজিত কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রায় ১৮০০ কৃষককে ১৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়।

আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র যে শুধু বিদেশিরাই করে তা নয়। বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে পারে, তার জন্য আমাদের দেশীয় কিছু সাহেব তাদের কান ভারি করছে। এরা গিয়ে বিদেশিদের বলে বাংলাদেশের মানুষ বড় কষ্টে আছে, বহু অত্যাচারে আছে।

আইনমন্ত্রী আরো বলেন, জিনিসপত্রের দাম বেড়েছে। কথা সঠিক, আমরাও সেটা বুঝি। আমরাও চেষ্টা করি সেটা লাঘব করার। মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি। কিন্তু এটা কেন হচ্ছে? এই দাম তো পাঁচ বছর আগে বাড়েনি। এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর ঊর্ধ্বগতি। যুদ্ধের কারণে সারাবিশ্ব এই জায়গায় পৌঁছেছে।

এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান ও কৃষি কর্মকর্তা হাজেরা বেগম প্রমুখ।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া, 14 December 2022, 2905 Views,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে পৌর এলাকার কাউতলীতে অবস্থিত শহীদ বুদ্ধিজীবি স্মরণে নির্মিত ‘সৌধ হিরন্ময়’ এ পুষ্পস্তবক অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়াবাসী। সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আল-মামুন সরকার, পৌরসভার পক্ষে মিসেস নায়ার কবির শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে।


এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউল হক মীর, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন, পৌরসভার মেয়র নায়ার কবির, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাহসহ বিভিন্ন শ্রেনী-পেশার দেশপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন।

১০ মন্ত্রী ৪৫ এমপির সঙ্গে স্বতন্ত্রের টক্কর

জাতীয়, রাজনীতি, 4 January 2024, 1801 Views,
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
বিএনপিহীন নির্বাচনেও সহজে পার পাচ্ছেন না সরকারের ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এ দলে আছেন বর্তমান সংসদের আওয়ামী লীগের ৪৫ এমপিও। আওয়ামী লীগের সমর্থন পাওয়া জাতীয় পার্টির (জাপা) চার প্রার্থীরও পরিস্থিতি বেহাল। নৌকা ও লাঙ্গলের এসব প্রার্থীর সামনে ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে স্বতন্ত্র প্রার্থী হয়েও এগিয়ে আছেন আওয়ামী লীগের সাত ও জাতীয় পার্টির একজন মনোনয়নবঞ্চিত এমপি।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন শীর্ষ নেতার কাছ থেকে পাওয়া আসনভিত্তিক পর্যালোচনায় এমন ইঙ্গিত মিলেছে। প্রায় একই ধরনের তথ্য দিয়েছেন সরকারি দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। তাদের অনেকেই ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নির্বাচনী এলাকা পরিদর্শন করে এসেছেন। এ ছাড়া স্থানীয় প্রতিনিধিদের তথ্য বিশ্লেষণেও পাওয়া গেছে এমন আভাস।

আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা জানিয়েছেন, আওয়ামী লীগ প্রার্থীদের সঙ্গে বেশির ভাগ আসনেই দলের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী অনেকেই জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌর মেয়রের পদ ছেড়ে নির্বাচনে লড়ছেন। তাদের কেউ কেউ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক। ফলে স্থানীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে দেখা দিয়েছে ঘরোয়া বিবাদ।

চ্যালেঞ্জের মুখে ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি প্রতিদ্বন্দ্বিতা করছেন চাঁদপুর-৩ আসনে। এখানে তাঁর সঙ্গে লড়ছেন দলের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়া। এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। ড. শামছুল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

নওগাঁ-১ আসনে খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপির নাজুক অবস্থা। তাঁর সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী নিয়ামতপুর উপজেলা শাখার সাবেক সহসভাপতি খালেকুজ্জামান তোতার হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে।

পিরোজপুর-১ আসনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং দলের কেন্দ্রীয় সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি এগিয়ে থাকলেও তাঁকে স্বস্তি দিচ্ছেন না দলের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আবদুল আউয়াল।

গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য জাহিদ আহসান রাসেল এমপিকে চ্যালেঞ্জ ছুড়েছেন স্বতন্ত্র প্রার্থী দলের মহানগর শাখার সাবেক সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন।

নাটোর-৩ আসনে কিছুটা ঝুঁকিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি জুনাইদ আহমেদ পলক এমপি। তাঁর সঙ্গে সমানভাবে এগোচ্ছেন দলের স্বতন্ত্র প্রার্থী সিংড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।

মেহেরপুর-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। তাঁর প্রধান প্রতিপক্ষ দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক আবদুল মান্নান।

যশোর-৫ আসনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বপন ভট্টাচার্য এমপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষক লীগের সহসভাপতি ইয়াকুব আলীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরীফ আহমেদ এমপি ময়মনসিংহ-২ আসনে এগিয়ে থাকলেও চিন্তামুক্ত নন। তাঁর বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন বিএনপির সাবেক নেতা ও সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার।

হবিগঞ্জ-৪ আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহাবুব আলী এমপি রীতিমতো কোণঠাসা হয়ে আছেন। তাঁর বিরুদ্ধে এগিয়ে রয়েছেন দলের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শরীয়তপুর-২ আসনে পানিসম্পদ উপমন্ত্রী ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম এমপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছেন স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল (অব.) শওকত আলীর ছেলে খালেদ শওকত আলী।

ঝুঁকিতে ৪৫ এমপি

দিনাজপুর-১ আসনে বর্তমান এমপি মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে দলের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকারিয়া জাকা শক্ত প্রতিন্দ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। দিনাজপুর-৩ আসনে ইকবালুর রহিম বাবু এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দলের সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন। দিনাজপুর-৫ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পার্বতীপুরের চণ্ডীপুর ইউনিয়ন শাখার সাবেক আইন সম্পাদক হযরত আলী বেলাল। এ আসনেও দুই প্রার্থীর টক্কর চলছে।

নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর এমপির সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। গাইবান্ধা-৩ আসনে সমান গতিতে এগোচ্ছেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, স্বতন্ত্র প্রার্থী দলের সাদুল্লাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব ও স্থানীয় নেতা আজিজার রহমান। চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা থাকায় প্রতিদিনই নির্বাচনী হিসাব বদলে যাচ্ছে বগুড়া-১ আসনে। এখানে দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান এমপির সঙ্গে লড়ছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমান, স্থানীয় নেতা শাহজাদী আলম লিপি ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা।

বগুড়া-৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপির সঙ্গে সমান তালে লড়ছেন দলের শহর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপির বিরুদ্ধে দুইজন স্বতন্ত্র প্রার্থী। শিবগঞ্জের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও সাবেক এমপি গোলাম রাব্বানী। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. শিমুল এগিয়ে থাকলেও সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান এমপির সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফার হাড্ডাহাড্ডি লড়াই হবে। রাজশাহী-১ আসনে ওমর ফারুক চৌধুরী এমপি কিছুটা নড়বড়ে অবস্থানে রয়েছেন। তাঁর বিরুদ্ধে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আক্তার ডালিয়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী। আরও দুই স্বতন্ত্র প্রার্থী মুণ্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী ও আক্তারুজ্জামান সমান গতিতে এগোচ্ছেন। এখানে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া প্রায় সমান গতিতে এগোচ্ছেন ঝিনাইদহ-১ আসনে আব্দুল হাই এমপি ও দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, ঝিনাইদহ-২ আসনে তাহজীব আলম সিদ্দিকী এমপি ও দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদী মহুল, ঝিনাইদহ-৪ আসনে আনোয়ারুল আজীম আনার এমপি ও দলের স্বতন্ত্র প্রার্থী কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুর রশিদ খোকন। শেখ আফিল উদ্দিন এমপি যশোর-১ আসনে এগিয়ে থাকলেও স্বতন্ত্র প্রার্থী বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ এমপি ও স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে।

যশোর-৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির সঙ্গে সমান গতিতে লড়ছেন কেশবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান এ এইচ এম আমির হোসেন। বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপির অবস্থা কিছুটা ভালো হলেও পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদার। খুলনা-৪ আসনে আবদুস সালাম মুর্শেদী এমপির সঙ্গে তীব্র লড়াই হতে পারে স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মোর্ত্তজা রশিদী দারার। খুলনা-৫ আসনে ডুমুরিয়া আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ এমপির সঙ্গে মূল লড়াই হবে দলের স্বতন্ত্র প্রার্থী ফুলতলার সাবেক চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের। এখানে নৌকার প্রার্থী কিছুটা এগিয়ে রয়েছেন।

বরগুনা-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার টুকু ও সাবেক এমপি গোলাম সারোয়ার ফোরকানের ত্রিমুখী লড়াই চলছে। তীব্র প্রতিযোগিতা হতে পারে পটুয়াখালী-৩ আসনে এস এম শাহজাদা সাজু এমপির সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী লে. জেনারেল (অব.) আবুল হোসেনের; পটুয়াখালী-৪ আসনে মহিববুর রহমান মহিব এমপির সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মাহবুবুর রহমান তালুকদার এবং বরিশাল-২ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য এ কে ফাইয়াজুল হক রাজুর মধ্যে ভোটের লাড়াই হতে পারে।

পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি কিছুটা এগিয়ে থাকলেও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহারাজ পিছিয়ে নেই। ময়মনসিংহ-১০ আসনে ফাহমী গোলন্দাজ বাবেল এমপির সঙ্গে লড়ছেন দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার উপদেষ্টা পরিষদ সদস্য ড. আবুল হোসেন দীপু ও গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ। এখানে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ড. আবুল হোসেন দীপুর। নেত্রকোনা-৩ আসনে দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপির সঙ্গে লড়াই করছেন দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ও মঞ্জুর কাদের কোরায়শী।

কিশোরগঞ্জ-৫ আসনে বর্তমান এমপি আফজাল হোসেনের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল। মানিকগঞ্জ-২ আসনে সংগীতশিল্পী মমতাজ বেগম এমপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ টুলু এবং সাবেক এমপি শামসুদ্দিন আহমেদের ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল।

মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপির বিরুদ্ধে লড়াই জমিয়েছেন দলের স্বতন্ত্র প্রার্থী সদর পৌরসভার সাবেক মেয়র ফয়সাল বিপ্লব। ঢাকা-১ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির বিরুদ্ধে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, ঢাকা-২ আসনে দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. হাবিবুর রহমান সমান গতিতে এগোচ্ছেন।

নরসিংদী-১ আসনে লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, নারায়ণগঞ্জ-১ আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাজাহান ভূঁইয়া ও তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সিলেট-৩ আসনে সমান গতিতে লড়ছেন হাবিবুর রহমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী। সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ এমপির সঙ্গে মূল লড়াই হচ্ছে কানাডা আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন ও সাবেক এমপি সেলিম উদ্দিনের। তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীও এ আসনে লড়ছেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিওর শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এছাড়া কুমিল্লা-২ আসনে সেলিমা আহমাদ মেরী এমপির বিরুদ্ধে সমান তালে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী দলের হোমনা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আবদুল মজিদ, কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি অধ্যাপক আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু, চাঁদপুর-৪ আসনে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়া।

চাঁদপুর-৫ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি কিছুটা এগিয়ে থাকলেও তাঁর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। প্রায় একই চিত্র নোয়াখালী-৪ আসনেও। এখানে একরামুল করিম চৌধুরী এমপির সঙ্গে লড়ছেন দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। ত্রিমুখী লড়াই হচ্ছে চট্টগ্রাম-১৬ আসনে। এখানে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন দলের স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা শাখার সহসভাপতি মুজিবুর রহমান ও দক্ষিণ জেলা শাখা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ কবির লিটন।

জাপার চার প্রার্থী বেকায়দায়

নীলফামারী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন পেয়েও কুলিয়ে উঠতে পারছেন না জাতীয় পার্টির মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি। এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাবেক এমপি গোলাম মোস্তফার স্ত্রী মারজিয়া সুলতানা ও যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলের মধ্যে।

নীলফামারী-৪ আসনেও অভিন্ন চিত্র। আওয়ামী লীগের সমর্থন পেলেও জাতীয় পার্টির আহসান আদেলুর রহমান এমপির অবস্থা তেমন ভালো না। তাঁর সঙ্গে লড়াই হবে সৈয়দপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মুখছেদুল মুমিন ও জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের।

রংপুর-১ আসনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার। তাঁর সঙ্গে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া মসিউর রহমান রাঙ্গা এমপি ও গঙ্গাচড়ার সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর। তবে স্থানীয় প্রার্থী হওয়ায় আসাদুজ্জামান বাবলু কিছুটা সুবিধা পাচ্ছেন।

চট্টগ্রাম-৫ আসনেও লড়াই হচ্ছে ত্রিমুখী। আওয়ামী লীগের সমর্থন নিয়ে এ আসনে অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তাঁর সঙ্গে সমান তালে লড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের নাজিম উদ্দিন।

মনোনয়নবঞ্চিত বর্তমান আট এমপি এগিয়ে

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে গাইবান্ধা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপি মনোয়ার হোসেন চৌধুরী। এখানে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। মনোয়ার হোসেন চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি।

নওগাঁ-৩ আসনে ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হওয়ার পরও নির্বাচনে আছেন। তাঁর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম চৌধুরী মায়ার ত্রিমুখী লড়াই হচ্ছে।

ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলের জেলা শাখার সহসভাপতি শফিকুল আজম খান চঞ্চল এমপি। তাঁর সঙ্গে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সালাহ উদ্দিন মিয়াজীর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

জামালপুর-৪ আসনে ডা. মুরাদ হাসান এমপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হেলাল।

ময়মনসিংহ-৯ আসনে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনালের (অব.) আব্দুস সালামের সঙ্গে সমান তালে লড়ছেন দলের বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন।

বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী রণজিত চন্দ্র সরকারের বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে এখানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।

সুনামগঞ্জ-২ আসনে শাল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে দলের সাবেক কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ও বর্তমান এমপি জয়া সেনগুপ্তার জমজমাট লড়াই চলছে। জয়া সেনগুপ্তা আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়েছেন।

আওয়ামী লীগের সঙ্গে ২৬ আসনে ভাগাভাগি হলেও সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির বর্তমান এমপি পীর ফজলুর রহমান মিসবাহর ভাগ্য খোলেনি। তবে তিনি জাতীয় পার্টির প্রার্থী হয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহম্মদ সাদিকের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন।

নতুন ও পুরোনোর লড়াই

পঞ্চগড়-১ আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে দবিরুল ইসলাম এমপির ছেলে মাজহারুল ইসলামের সঙ্গে সমানতালে লড়ছেন বালিয়াডাঙ্গির সাবেক চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

লালমনিরহাট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেনের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সঙ্গে শক্ত লড়াই করছেন জাতীয় পার্টির আবদুস সোবহান ও আক্কাস আলী সরকার। এখানে আক্কাস আলী সরকার কিছুটা এগিয়ে। কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিপ্লব হাসান পলাশ কিছুটা এগিয়ে থাকলেও স্বতন্ত্র প্রার্থী দলের রৌমারির যাদুরচর ইউনিয়নের সাবেক সভাপতি মজিবুর রহমান বঙ্গবাসীর শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।

নাটোর-৪ আসনে বড়াইগ্রামের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সঙ্গে সমানতালে লড়ছেন দলের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি আবদুল কুদ্দুসের ছেলে আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন। প্রতিযোগিতা থাকলেও সিরাজগঞ্জ-৩ আসনে জয়ের সম্ভাবনা ডা. আব্দুল আজিজ এমপির। তাঁর সঙ্গে লড়াই হবে দলের স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সুইটের সঙ্গে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন মেহেরপুর-২ আসনে দলের জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন। কুষ্টিয়া-৩ আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি এগিয়ে থাকলেও পৌর মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু পিছিয়ে নেই।

সাতক্ষীরা-১ আসনে কলারোয়া আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে লড়ছেন দলের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমান সরদার মুজিব, তালা উপজেলা শাখার সভাপতি শেখ নুরুল ইসলাম ও জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত। এখানে ফিরোজ আহম্মেদ স্বপন ও দিদার বখতের মধ্যে লড়াই হতে পারে। সাতক্ষীরা-৪ আসনে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনের সঙ্গে লড়াই হবে বিএনএম প্রার্থী ও সাবেক এমপি এইচ এম গোলাম রেজার। টাঙ্গাইল-৩ আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. কামরুল হাসান খানের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছেন আতাউর রহমান খান এমপির ছেলে দলের স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা।

টাঙ্গাইল-৪ আসনে কালিহাতী আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ও সাবেক এমপি আবদুল লতিফ সিদ্দিকীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেরপুর-৩ আসনে শ্রীবরদী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ ডি এম শহিদুল ইসলাম ও দলের স্বতন্ত্র প্রার্থী ঝিনাইগাতীর সাবেক চেয়ারম্যান এস এম আব্দুল্লাহ হেল ওয়ারেজ নাইম সমান গতিতে লড়ছেন। প্রতিদিনই ভোটের রং বদলাচ্ছে ময়মনসিংহ-৪ আসনে। এখানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সহসভাপতি আমিনুল হক শামীমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। মুন্সীগঞ্জ-১ আসনে সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির সমান গতিতে এগোচ্ছেন।

এ ছাড়া হাড্ডাহাড্ডি লড়াই করছেন ঢাকা-৪ আসনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ড. আওলাদ হোসেন, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার বিরুদ্ধে সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল ও ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, ঢাকা-১৪ আসনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিন, সিলেট-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে বিশ্বনাথের পৌর মেয়র মুহিবুর রহমান, কুমিল্লা-১ আসনে দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুরের বিরুদ্ধে দলের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মৌলভীবাজার-২ আসনে। তিন প্রার্থী হচ্ছেন– দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়ার সাবেক চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সালমান ও তৃণমূল বিএনপির সাবেক এমপি এম এন শাহীন।

বর্তমান দুই এমপির যুদ্ধ

বর্তমান সংসদের দুই সদস্য পরস্পরের প্রতিপক্ষ হয়েছেন কুমিল্লা-৬ আসনে। মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি এবং সংরক্ষিত নারী আসনের এমপি আনজুম সুলতানা সীমা। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার প্রতিদ্বন্দ্বিতায় কিছুটা এগিয়ে আছেন। স্বতন্ত্র প্রার্থী আনজুম সুলতানা সীমা দলের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আফজল খানের মেয়ে।

ভাইবোনের প্রতিযোগিতা

কিশোরগঞ্জ-১ আসনে বোনের সঙ্গে ভাইয়ের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাঁর ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলাম। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে রয়েছেন। সূত্র : সমকাল

ডোনাল্ড লুর চিঠির জবাবে যা বললো আওয়ামী লীগ

জাতীয়, 17 November 2023, 1340 Views,

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ। আজ ১৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের মার্কিন দূতাবাসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে যান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

এ বিষয়ে এ আরাফাত বলেন, ডোনাল্ড লু’র চিঠির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে আমি মার্কিন দূতাবাসের আ্যকটিং ডেপুটি চিফ অব মিশন মি. আর্টুরো হাইন্সের কাছে একটি চিঠি হস্তান্তর করেছি।

চিঠিতে ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনার (ডোনাল্ড লু), রাষ্ট্রদূত পিটার হাস ও ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রতি ১২ নভেম্বরের চিঠির জন্য কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে আন্তর্জাতিক বন্ধুদের সাহায্য ও সহযোগিতার প্রশংসা করছি।

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক রাখতে আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের দলের অঙ্গীকার আবারও তুলে ধরতে চাই। আওয়ামী লীগ জনগণের ভোট দেওয়ার অধিকারকে একটি পবিত্র অধিকার বলে মনে করে। সেই অধিকার রক্ষায় আওয়ামী লীগের নিরলস সংগ্রাম ও আত্মত্যাগের দীর্ঘ-বর্ণাঢ্য ইতিহাস রয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে সংবিধান স্বীকৃত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠামোগত, আর্থিক ও আইনি উদ্যোগ নিয়েছেন। সেগুলোর মধ্যে মধ্যে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড, স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য আইন প্রণয়ন উল্লেখযোগ্য।

এরই মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

আওয়ামী লীগ কয়েক মাস ধরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে নিঃশর্ত সংলাপের জন্য দরজা খোলা রেখেছিল। বিএনপি এই জাতীয় সংলাপের পূর্বশর্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের উপর অনড় থাকায় সংলাপে বসা সম্ভব হয়নি।

তাতে আরও বলা হয়েছে, বর্তমানে বিএনপি-জামায়াতসহ তাদের মিত্ররা সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ করছে। এই ধরনের কর্মসূচিতে তারা অগ্নিসংযোগের মতো অপরাধ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৫৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে অবরোধ সমর্থকরা।

চলমান অবরোধ ও এ ধরনের কর্মসূচির প্রধান দাবির মধ্যেও বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যদি আওয়ামী লীগ বসতে পারে, তবুও কোনো অর্থবহ সংলাপ হবে না। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী কাজ চূড়ান্ত করতে সমস্ত সময় ব্যয় করতে হবে।

৩০০টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের তথ্য পর্যালোচনা ও প্রার্থীতা চূড়ান্ত করা, ইশতেহার তৈরি করা, প্রচারণার কৌশল চূড়ান্ত করা ও প্রচারণার কাজ রয়েছে। যদি সংলাপের জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টিও হয়, বর্তমান বাস্তবতায় একটি অর্থপূর্ণ সংলাপের জন্য যথেষ্ট সময় হাতে নেই।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সব আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে অংশীদারত্বকে গুরুত্ব দেয়। পাশাপাশি আওয়ামী লীগ আশা করে, আন্তর্জাতিক মহল বাংলাদেশের জনগণের সামনে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন উপস্থাপনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দেয় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর দেওয়া চিঠি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৫ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন।

এছাড়া সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি ও জাতীয় পার্টিকেও চিঠি দিয়েছে। এরই মধ্যে বিএনপি সেই চিঠির জবাব দিয়েছে।

আপত্তিকর দৃশ্য ধারণ করে ব্ল্যাকমেইল করতেন মারুফ

জাতীয়, 13 January 2024, 1385 Views,

অনলাইন ডেস্ক :
প্রেমের ফাঁদে ফেলে কৌশলে স্কুল-কলেজের ছাত্রীসহ নারীদের অশ্লীল ভিডিও চিত্র ধারণ ও পরে তা নিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে মারুফ হোসেন বাপ্পী (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ১৩ জানুয়ারি শনিবার সাতক্ষীরায় শহরের মুনজিতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা জব্দ করা হয়।
আটক মারুফ হোসেন বাপ্পী (২৬) মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, শহরের নারকেলতলা এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া একছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে দেখা যায়, তার কাছে একাধিক নারীর অশ্লীল ছবি ও ভিডিও রয়েছে।

পুলিশ পরিদর্শক আরো বলেন, অল্প বয়সী মেয়েদের টার্গেট করতেন মারুফ। ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ অধ্যয়নরত হলেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে কৌশলে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলতেন মারুফ। এক পর্যায়ে অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে এবং সেই ভিডিও নিয়ে প্রতারণা করতেন।

তিনি আরো জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতার মারুফকে আদালতে পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 28 January 2026, 516 Views,

দুলাল মিয়া :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সাক্ষাতে অংশ নেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের টিম সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান।

সাক্ষাৎকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সার্বিক প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় লার্স প্রাগমান বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা সোমবার থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় কাজ শুরু করেছি। ব্রাহ্মণবাড়িয়াসহ তিনটি জেলা আমরা পরিদর্শন করব। জনগণের মতামত শুনব এবং জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মাঠপর্যায়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলছি। বাস্তব পরিস্থিতি মূল্যায়নের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে একটি নিরপেক্ষ ধারণা পাওয়াই আমাদের লক্ষ্য।”

মায়া হুরলিমান বলেন, “বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে। আমরা ভোটারদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচন, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করছি। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ সময় তিনি সাংবাদিকদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কিনা সে বিষয়েও জানতে চান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরীসহ সাংবাদিক মীর মো. শাহীন, শাহাদৎ হোসেন, খন্দকার শফিকুল আলম, মাঈনুদ্দিন রুবেল, চয়ন বিশ্বাস প্রমুখ।

সাক্ষাৎকালে দোভাষীর দায়িত্ব পালন করেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্য আবু সালেহ।