চলারপথে রিপোর্ট :
গ্রামবাংলায় গ্রীষ্মকালে যে বনফুলটি বেশি চোখে পড়ে, সেটি হল- বরুণ গাছের ফুল। গাছ ভরা অফুরন্ত প্রস্ফুটিত এ ফুল প্রকৃতিতে এক অনাবিল উচ্ছ্বাস এনে দেয়। বরুণকে নবীনগরের আঞ্চলিক ভাষায় বলে বন্না ফুল। গ্রামের শিশুরা বরুণ ফুল ও ফল খেলার উপকরণ হিসেবে ব্যবহার করে। এখন বরুণ ফুল ফোটার সময়, এ সময় গ্রামে গেলে নয়নাভিরাম বরুণ ফুলের নান্দনিক সৌন্দর্যে বিমোহিত না হয়ে উপায় নাই। বরুণের বৈজ্ঞানিক নাম-Crateva religiosa. ইংরেজি-sacred garlic pear এবং temple plant . এটি Crateva গণের একটি ফুল। এদের অন্য নাম হল- বালাই লামক, অবিয়ুচ, বন্না, এবং বিদাসি। এটি জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং কতিপয় প্রজাতি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের স্থানীয় গাছ। বাংলাদেশের মানুষ অতীতকালে ফল পাকাতে এই গাছের পাতা ব্যবহার করতেন। বর্তমানে ফল পাকাতে ক্ষতিকারক ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার বেড়ে যাওয়ায় এই গাছের কদর এখন নেই। বর্ষায় বরুণের ফল ঝুলে থাকতে দেখা যায়, ফল দেখতে কদবেলের মত। গাছ মাঝারি ধরনের এবং প্রচুর ডালপালা যুক্ত। বাকল ছাই রঙের মধ্যে সাদা সাদা ফোঁটা যুক্ত। পাতা যৌগিক, তিনটি পত্রক একক বোঁটায় জন্মে। ফুল চৈত্র-বৈশাখ মাসে ফুটে। ফুলের পাপড়ি ঘিয়ে রঙের, পুংকেশর দেখতে অনেকটা বিড়ালের গোঁফের মতো। মাঘ ফাগুনে পাতা ঝরে যায়, পূর্ণ প্রস্ফুটিত বরুণ গাছ বড়ই দৃষ্টিনন্দন। হাজারো ফুলের মাঝে নিচু জলাভূমিতে বসন্তে স্নিগ্ধতা ছড়ায় বরুণ ফুল। বরুণ ভাটি এলাকায় বেশি জন্মায়, নবীনগরের যে গ্রাম গুলো পানিতে তলিয়ে যায় সে গ্রাম গুলিতে অনেকটা অনাদর অবহেলায় আজ ও টিকে আছে বরুণ গাছ।
বরুণের ভেষজ গুণ :- অর্শরোগীরা রোগে খুব কষ্ট পেলে তিলের তেলে মাখানো বরুণ পাতা জলে সিদ্ধ করে ওই জলে গোসল করলে অর্শ রোগের ব্যথা-বেদনা দূর হয়। এর পাতা চর্মরোগ, ব্যথা, বাত নিরাময়ে ব্যবহৃত হয়। শিকড়ের বাকলের নির্যাস গ্যাস্ট্রিক রোগে ব্যবহার করা হয়। কাঁচা ফল রান্না করে সবজি হিসেবে খাওয়া যায়। শ্রীলঙ্কায় বাতের রোগে বরুণ পাতা ব্যবহৃত হয়। খাওয়ার আগে বরুণের মুকুল একটু লবণের সঙ্গে মিশিয়ে খেলে ক্ষুধা বাড়ে। পিত্তপাথরের রোগে ১০ গ্রাম বরুণের বাকল কেটে ৪ কাপ জলে সিদ্ধ করে অর্ধেক অবস্থায় নামিয়ে সকাল-বিকাল সেবন করলে ভালো ফল পাওয়া যায়। মেয়েদের মুখের মেছতা দূর করতেও বরুণ বেশ উপকারী। এ ক্ষেত্রে বরুণ বাকল ছাগলের দুধে মিশিয়ে দৈনিক একবার করে মুখের কাল দাগে লাগালে দাগ ধীরে ধীরে দূর হয়ে যায়। যাদের শরীরের গাঁটে গাঁটে বাতের ব্যথা, এমনকি পায়ের তলাতেও ব্যথা ও ফোলা, তারা শুষ্ক বরুণ পাতা (৫-৭ গ্রাম) ৩ কাপ পানিতে সিদ্ধ করে আনুমানিক ১ কাপ থাকতে নামিয়ে ছেঁকে পানিটা আধা গ্রাম শুষ্ক আদাচূর্ণের সঙ্গে মিশিয়ে সকালে ও বিকালে খেলে ব্যথা ও ফোলা দুটোই কমে যায়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে সরকারি কলেজের স্নাতক (সম্মান) তথা অনার্সের চুড়ান্ত পরীক্ষা কেন্দ্র নবীনগরে স্থানান্তরের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
আজ ১১ নভেম্বর সোমবার নবীনগর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা। নবীনগর সরকারি কলেজে আটটি বিষয়ে অনার্স বিভাগ চালু রয়েছে। এই আটটি বিভাগে প্রতিবছর প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়। বর্তমানে এই অনার্স বিভাগে ১৪০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে। নবীনগর থেকে ২৬ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হয়। নবীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এত দুর যাওয়া নানান সমস্যা সম্মুখীন হতে হয়। যাতায়াতের নানান সীমাবদ্ধতা, দুর্ঘটনার স্বীকার, শীতকালে শৈতপ্রবাহ- কুয়াশা, গ্রীষ্মকাল ঝড় বৃষ্টি তথা প্রাকৃতিক দুর্যোগ, পরীক্ষার সময় ও আসা যাওয়ায় সাত আট ঘন্টা সময় লেগে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। এতে তাদের নিরাপত্তাহীনতাসহ চরম দুর্ভোগ পোহাতে হয়। তাদের দুর্ভোগের এই চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগর সদরে নবীনগর মহিলার ডিগ্রী কলেজের স্থানান্তরের দাবী জানান।
মানববন্ধনে স্নাতক (সম্মান) শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী শুভেন্দু চক্রবর্তী শুভ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কামরুল হাসান, কানিজ ফাতেমা মিম, নাদিশা আলম, কামরুল হাসান, শাহ্ পরান,আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
নবীনগর প্রতিনিধি :
নবীনগরে কড়ইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক। পরে তিনি অত্র বিদ্যালয়ে পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী আকবর সরকারের সভাপতিত্বে মা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম, মতিউর রহমান, মনসুর আহম্মেদ ও শিউলী কর, ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, ইউপি সদস্য বশির আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি মায়ের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাদের মানুষের মতো মানুষ করতে হলে এবং তাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবার থেকে যদি একজন ছেলে মেয়েও মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলা যায়, তাহলেই সেই পরিবার, সমাজ ও দেশ আলোকিত হবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি ছেলেমেয়েদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও মায়েদের প্রতি আহব্বান জানান তিনি। এছাড়াও এসময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করে দিবেন বলেও জানান।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বিস্তির্ণ হাওরাঞ্চলের কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে জৈবসার। ‘জলকমল’ খ্যাত এ জৈবসার দামে কম ও মান ভালো হওয়ায় এতে আগ্রহ বাড়ছে কৃষকদের।
নবীনগর উপজেলা প্রশাসন জানিয়েছে, পাইলট প্রকল্প হিসাবে এ প্লান্টটি চালু করা হলেও ল্যাব টেষ্টে গুণগত মানের স্বীকৃতি মিলায় এখন বাণিজ্যিক ভাবে ১০টি প্লান্ট স্থাপন করা হবে যা থেকে প্রতিমাসে ৫০ টন জৈব সার উৎপাদিত হবে যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। জেলা সদর ছাড়াও নদী ও হাওরবেষ্টিত নবীনগর উপজেলার অন্যান্য ইউনিয়নের সাথে নৌপথে যোগাযেগের ক্ষেত্রে অন্যতম বাঁধা হয়ে দাঁড়ায় কচুরিপানা।
এতে নৌপথ ক্রমশ সংকুচিত হবার পাশাপাশি ঝুঁকিতে পড়ে বিভিন্ন জলজ উদ্ভিদ। নৌপথ স্বাভাবিক রাখতে কচুরিপানা পরিষ্কার করে তা উৎপাদনশীল কাজে লাগানোর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এ ক্ষেত্রে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় আখের ছোবড়া থেকে বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদনের বিষয়টি নজরে আসার পর কচুরিপানা থেকে জৈবসার উৎপাদনের পকিল্পনা নেয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
সংগৃহীত কচুরিপানরা নিচের কালো অংশটুকু কেটে ফেলে পাতাসহ বাকি অংশটুকুর দেড় টন পরিমাণ স্তূপ করে ১৫ সেন্টিমিটার পর পর ২০০ গ্রাম ইউরিয়া, ট্রাইকোডার্মা নামক এক ধরণের ছত্রাক এবং ২০০ গ্রাম চুন ছিটিয়ে এ সার তৈরী হচ্ছে। এই সার তৈরি করতে দুই মাস সময় লাগে। পরীক্ষামূলক ব্যবহার করে সুফল পাওয়ায় নবীনগর উপজেলায় বাজারজাত করা হয়েছে। উপজেলার বিসিইসির ২৬টি ডিলার জৈবসার কর্নার স্থাপন করে তা বিক্রি করছেন। এখন পর্যন্ত ৫ টন সারা বিক্রি হয়েছে। ১০ জন কৃষকের সমন্বয়ে তৈরি এই প্লান্টটি থেকে প্রতিমাসে ৫ টন সার উৎপাদনের কথা জানালেন, নবীনগর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু নোমান।
এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উপজেলায় রাসায়নিক সারের ব্যবহার ২৫ ভাগ কমায় বৈদেশি মুদ্রার সাশ্রয়ের কথা জানালেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। এ প্রকল্পটি উদ্ভাবনী মেলায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
চলারপথে রিপোর্ট :
শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ১৯৯৭ সালের ব্যাচের সহপাঠীদের নিয়ে রোববার দিনব্যাপী এক বর্ণিল মিলন মেলা শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণ, প্রয়াত সহপাঠীদের স্মরণে নিরবতা পালন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । বেলা ১১টায় স্কুল মাঠ থেকে র্যালি বের করে শ্যামগ্রাম বাজার প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ মিলন মেলা হাজির হয়েছে স্মৃতির ঢালি নিয়ে। অনেকদিন না দেখা বন্ধু, সহপাঠীদের পেয়ে সবাই ছিল আনন্দে। দীর্ঘদিন পরে স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে দেখা। এসএসসি ব্যাচ ১৯৯৭ সেই চিরচেনা সহপাঠীদের মুখগুলো কত বছর দেখা হয়নি। কে কোথায় আছে? কেমন আছে? শুনবার, জানবার ও দেখবার আগ্রহের কমতি ছিল না কারো। দিনব্যাপী আনন্দঘন পরিবেশে নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে চলেছে এ ব্যাচের জাঁকজমকপূর্ণ মিলনমেলা।
সফলতম এই ব্যাচটির শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চশিক্ষা শেষ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতার স্বাক্ষর রেখে কর্মরত থেকে নিজেদের অবস্থান করে নিয়েছে।
১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, আমরা এ স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। দীর্ঘ ৫ বছর এখানে নিয়মিত যাতায়াত ছিল। সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেই শৈশব এবং কৈশরে স্মৃতি বিজড়িত আজ দীর্ঘদিন পর বাল্য বন্ধুদের সঙ্গে একত্রিত হতে পেরে আমাদের খুবই ভালো লাগছে।
প্রাক্তন সিনিয়র শিক্ষক সৈয়দ নাসির উদ্দীন বলেন, তখন আমিও সবেমাত্র স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করি, এরা তখন ছোট্ট সোনা। আজকে এরা অনেক বড় হয়েছে, সুনাগরিক হয়ে দেশ জাতির সেবা করছে। আজকে এদেরকে কাছে পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্বিত।
১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী এডভোকেট সুমন কুমার দেব সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন এ ব্যাচের শিক্ষার্থী মো. হারেছ মিয়া।
সাংবাদিক মো. কামরুল ইসলাম ও সুমন আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দার, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি ও অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, প্রাক্তন সিনিয়র শিক্ষক সৈয়দ নাসির উদ্দীন, সিনিয়র শিক্ষক আরমান আলী, আলমগীর হোসেন আলম মেম্বার, মো. রুহুল আমিন, আবু কাউছার জমাদ্দার, মো. ধন মিয়া মাস্টার, কালিপদ পাল, মাহবুবুর রহমান, বিপ্লব নিয়োগী তন্ময়, সমীর চন্দ্র সাহা, মো. জামাল মুন্সি, রাফসান আহমেদ।
মো. কামরুল ইসলাম, নবীনগর :
নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে আজ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দৈনিক স্বাধীন সংবাদ এর নবীনগর প্রতিনিধি, সাপ্তাহিক মলয়ার প্রকাশক, মোহাম্মদ হোসেন (শান্তি) ও সাবেক সভাপতি, বিজয় টিভির প্রতিনিধি,সাংবাদিক জালাল উদ্দীন মনির।
সভাপতি পদে জালাল উদ্দীন মনির ১২ ভোট পেয়েছেন, মোহাম্মদ হোসেন শান্তি ১৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।এবং সাধারণ সম্পাদক পদে প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন ও যুগান্তর প্রতিনিধি সাংবাদিক মোস্তাক আহমেদ উজ্জল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দেলোয়ার হোসেন ১১ ভোট পেয়েছেন। মোস্তাক আহমেদ উজ্জ্বল ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে লড়েছেন প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি জ.ই বুলবুল। তার অপর প্রার্থী একই গ্রামের, একই পদে লড়বেন ঢাকা প্রতিদিন এর প্রতিনিধি মো. মনির হোসেন। মনির হোসেন পেয়েছেন ১১ভোট, বুলবুল ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ ও শিক্ষক কামরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মিঠু ১৩ ভোট পেয়েছেন, কামরুল ইসলাম ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদে বর্তমান সভাপতি সকলের শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল ২৬ ভোট ও আজকের পত্রিকার প্রতিনিধি বর্তমান সাধারণ সম্পাদক মো: সাইদুল আলম সোহরাব ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বী সাংবাদিক নূরে আলম ৩ ভোট ও আমজাদ হোসেন ৫ ভোট পেয়েছেন। নির্বাচনে জয়ী ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম,অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক ওপাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম বাদল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম,নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।