চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দশদোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার আইয়ূবপুর গ্রামের মৃত জিলানীর ছেলে মো. নূরে আলম (৩২) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দামদরোদী গ্রামের নিরঞ্জন দাসের ছেলে রনি দাস (২৪)।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়ায় আজ ১২ মে শুক্রবার সকালে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম।
তিনি বলেন, দশদোনা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল চালক নূরে আলম নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর রনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটার সাইকেল চালক মারা যান এবং আহত রনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় সেও মারা যায়।
চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুরে বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য মরহুম এটিএম ওয়ালী আশরাফের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ নভেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী (রহ.) মাজার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বিগত ২৫ বছর ধরে ধানের শীষের পূজারী। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছি। মাঠে-ঘাটে নির্যাতিত হয়েছি, কিন্তু ধানের শীষের পথ ছাড়িনি। আমাদের নেতাকর্মীরাও সবসময় বিএনপির সঙ্গে থেকেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক যুবদল সভাপতি ভিপি মুজিব, উপজেলা যুবদল সদস্য সচিব জিসান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা হায়দার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, বিশিষ্ট আইনজীবী মীর হালিম, পৌর যুবদল সদস্য সচিব ইমান আলী, উপজেলা জাসাস আহ্বায়ক এম এ সালাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদল সভাপতি নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল হাসান, সাবেক সভাপতি শাহ আলম, ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ ও সেচ্ছাসেবক দল সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়ার জেরে বাচ্চু মিয়া হত্যা মামলায় ভায়রা ভাইকে মৃত্যুদণ্ড ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ ২৩ সেপ্টেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা দায়রা জজ শারমিন নিগার এই রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাড়াইলচর গ্রামের তুজু মিয়া মোল্লার ছেলে রফিকুল ইসলাম। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে বাচ্চু মিয়ার স্ত্রী রিনা বেগমকে। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ের ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। রিনা বেগমকে ফের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায়, ২০১৯ সালের ১১ অক্টোবর বাঞ্ছারামপুর উপজেলার বড়াইলচর গ্রামের হারিছ মিয়ার ছেলে পেঁয়াজ, রসুন ব্যবসায়ী বাচ্চু মিয়ার লাশ খল্লা গ্রামের কলাবাগানে পাওয়া যায়। এ ঘটনায় বাচ্চু মিয়ার ভাই আলমগীর মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বাঞ্ছারামপুর থানায় একটি মামলা দায়ের করেন। প্রথমে থানা পুলিশ ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্ত করে।
তদন্ত শেষে আদালতে দায়ের করা অভিযোগপত্রে (চার্জশিট) উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। বাচ্চু মিয়াকে একটি মোটরসাইকেলে করে নির্জনস্থানে নিয়ে প্রথমে গলায় গামছা পেঁচিয়ে ও পরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়ার মৃত্যু নিশ্চিত করা হয়। মূলত বাচ্চু মিয়ার স্ত্রী রিনা বেগমের সঙ্গে রফিকুল ইসলামের পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। রফিকুল ইসলাম রীনা বেগমের খালাতো বোনের জামাই।
পরকীয়া চলা অবস্থায় রিনাকে বিয়ের প্রস্তাব দেন রফিকুল। তখন রিনা জানান বাচ্চুকে খুন করতে পারলে তাকে বিয়ে করবে। পরিকল্পনা অনুযায়ী রফিকুল এ হত্যাকাণ্ড ঘটায় এবং ঘটনার পর অন্যদের মতো বাচ্চু মিয়াকে খুঁজতে থাকে। এলাকার লোকজন সন্দেহবশত ওই দুজনকে পুলিশের হাতে তুলে দেন। পরে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
বাঞ্ছারামপুর প্রতিনিধি :
বাঞ্ছারামপুরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য অলি মিয়া (৪৮) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা।
গত রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলাপর ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ মুরশিদ মিয়া (৪৫), ফুল মিয়া (৩৬), স্বর্ণালী আক্তার (২৩) ও শিল্পী বেগমকে আটক করেছে।
নিহত অলি মিয়া ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। তিনি তাতুয়াকিান্দি গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে।
পুলিশ, স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও বিল থেকে মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেম্বার অলি মিয়ার সাথে একই এলাকার ইকবাল মিয়ার বিরোধ চলে আসছিলো। এনিয়ে উভয় দলের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। আদালতে পাল্টাপাল্টি মামলা চলমান। অলি মিয়া তার পরিবার পরিজনসহ উপজেলা সদরে বসবাস করতো। গত রবিবার সন্ধ্যায় অলি মিয়া বাড়িতে যাওয়ার পথে বাড়ির সন্নিকটে পৌছলে তাকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তাকে টেটাবিদ্ধ ও এলোপাথারী কুপিয়ে তাকে হত্যা করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জন বর্মন তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান বকুল বলেন, অলি মেম্বার ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। তার হত্যাকান্ডের সাথে জড়িতদের আমরা দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সোমবার জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিহত অলি মিয়ার ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। লাশ দাফনের পর মামলা হবে। তিনি বলেন, হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ মুরশিদ মিয়া (৪৫), ফুল মিয়া (৩৬), স্বর্ণালী আক্তার (২৩) ও শিল্পী বেগমকে আটক করেছে।
তিনি বলেন, ইকবালের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় ৯টি ও অলি মিয়ার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এলাকার পরিবেশ বর্তমানে নিয়ন্ত্রনে আছে।
পরবর্তী অপ্রীতিকর ঘটনার আশংকায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা কাপ মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। গভ. মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি ও ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি’র প্রধান উপদেষ্টা আ. ফ. ম কাউসার এমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন, গভ. মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষক পারভীন আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, প্রেসক্লাবের সাবেক আইসিটি সম্পাদক মুজিবুর রহমান খান, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এর সভাপতি করবী চক্রবর্তী, সাধারন সম্পাদক সঞ্জয় দাস। সুষ্মিতা সাহার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটির সাধারন সম্পাদক শিশির সিকদার।

ব্যাডমিন্টন খেলায় এককে রূপালী চ্যাম্পিয়ন, অনিতা রানার আপ হন। দ্বৈতে রূপালী ও নন্দিনি চ্যাম্পিয়ন এবং জান্নাত ও লিটা রানার আপ হন। এককে ম্যান অব দ্যা ম্যাচ রূপালী ও দ্বৈতে জান্নাত। অতিথিরা খেলোয়ারড়দের হাতে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, ‘খেলো স্পোর্টস সোসাইটি নারীদের নিয়ে ক্রিকেট, ব্যাডমিন্টন খেলার মতো যেসব আয়োজন করছে সত্যিই প্রশংসনীয়। নারীদেরকে এগিয়ে নিতে হলে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। নারীরা এখন সমানতালে এগিয়ে চলছে’।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাহাদুরপুরে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ অক্টোবর শুক্রবার বাহাদুরপুর ঈদগাহ ময়দানে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাহাদুরপুর গ্রামের মোরসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দীক পাভেল।
প্রধান অতিথি বলেন, আজকের যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো ভয়ঙ্কর অভিশাপ থেকে দূরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজে অন্যায়-অবিচার ও অন্যায্য অর্থ উপার্জনের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা ভেঙে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়াই আমাদের লক্ষ্য। বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামকে আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত দেখতে চাই। এজন্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আমিন পাভেলের সঞ্চালনায় বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুছা হায়দার, দরিকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাক্কি মিয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আনিসুল হক বাবু, আইনজীবী কাজী শফিকুল ইসলাম সায়েম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসান, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদসহ দড়িকান্দি ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।