চলারপথে রিপোর্ট :
কসবায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরী গত বৃহস্পতিবার জুয়েল মিয়া (২৫) ও তার স্ত্রী রুমি আক্তারকে আসামি করে থানায় মামলা করে। পরে রাতেই জুয়েল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। জুয়েল উপজেলার চারুয়া গ্রামের নুর জামালের ছেলে।
জানা যায়, ওই কিশোরী উপজেলার বায়েক ইউনিয়নের একটি গ্রামে পড়াশোনা করত। জুয়েল তাঁর স্ত্রীকে নিয়ে ওই গ্রামে শ্বশুরবাড়িতে বাস করেন। দুই মাস আগে এক দিন কিশোরী জুয়েলের ঘরে ঘুমিয়ে থাকার সুযোগে তাকে ধর্ষণ করে জুয়েল। এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাকে। এর পর থেকে প্রতিদিনই ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করত জুয়েল। বিষয়টি একসময় জুয়েলের স্ত্রীকেও জানায় কিশোরী। পরে মাকে জানায় সে।
কসবা থানা পরিদর্শক (তদন্ত) জানান, জুয়েলকে আদালতে পাঠানো হয়েছে।
চলারপথে রিপোর্ট :
এক শিক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে ইব্রাহিম মিয়া (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৩০ আগস্ট শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ সাজা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম মিয়া, কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফিরছিল। এ সময় ইজিবাইক চালক ইব্রাহিম মেয়েটির সঙ্গে অশালীন কথা বলতে থাকে এবং শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তার জামা ছিঁড়ে যায়। শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ইব্রাহিমকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে ইব্রাহিম দোষ স্বীকার করলে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, এক অটোরিকশা চালককে ইভটিজিংয়ের অপরাধে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
বিয়ের সকল আয়োজন সম্পন্ন। রান্না-বান্নাও শেষ। বর আসার সময় সমাগত। এমন সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়। এ সময় বাল্য বিয়ের আয়োজন করায় কনে পক্ষকে বাল্যবিহের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং রান্না করা খাবার এতিমদের মধ্যে বিতরণ করেন। ঘটনাটি ঘটেছে আজ ১১ মে রবিবার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে। জানা যায়, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে একই ইউনিয়নের বিনাউটি গ্রামের প্র্রবাসী বরের সাথে গতকাল বিয়ের দিন ধার্য হয়। বিয়ে উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়। বর আসার সময় হয়ে এসেছে এমন সময় বেলা দেড়টার দিকে বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে উপস্থিত হয়ে বিবাহ বন্ধ করে দেন। এসময় তিনি কনের মাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের এ খবর পেয়ে বর ও তাদের লোকজন পালিয়ে গেছে। বরযাত্রী ও মেহমানদের জন্য রান্না করা খাবার জব্দ করে ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া মাদ্রাসায় খাবার বিতরণ করেন। চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এই ছাত্রীটি যাতে আগামীকাল স্কুলে যায় সে বিষয়টি নিশ্চিত করতে তার এক শিক্ষককে দায়িত্ব দেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, উপজেলার ব্রাহ্মণগ্রামে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেই। এসময় মেয়ের মাকে ১০হাজার টাকা জরিমানা ও বিয়ের বাড়ির রান্না করা খাবার স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। তাছাড়া সে যাতে সোমবার থেকেই স্কুলে যায় তাও এক শিক্ষকের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
মরুর দেশ সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইসহাক সায়েদ (২১) নামে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ৯ এপ্রিল বুধবার সৌদি আরবের দাম্মাম শহরে স্থানীয় সময় রাত ৩টার এবং বাংলাদেশ সময় ভোরের দিকে তার মৃত্যু হয়।
নিহত ইসহাক সৌদি আরবে হাংগেরি নামক একটি ফুড ডেলিভারি কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে হিসেবে কাজ করত। সে কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে। নিহতের পিতা খোরশেদ আলম জানায়, সংসারের হাল ধরতে জীবিকার তাগিদে গত বছরের আগস্ট মাসে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে পাঠানো তাকে। রাতে কোম্পানির ডিউটি পালন করতে মোটরসাইকেল যোগে ফুড ডেলিভারি করতে যায়। এসময় সড়কে ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এই রেমিটেন্স যোদ্ধা।
সকালে তাঁর মৃত্যুর সংবাদ পেয়েছি। কান্না জড়িত গলায় সন্তান হারানো পিতা সরকারের কাছে আকুল আবেদন করেন, তার সন্তানের লাশ যেন দ্রুত বাংলাদেশে ফেরত আনা হয়। সন্তানের লাশটা যেন নিজ হাতে দাফন করতে পারে। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, নিহতের লাশ ফেরত আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তর বরাবরে আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা যুবলীগ নেতা ও ওয়ার্ড মেম্বারের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোপীনাথপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় সাতজন।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী সেচ্ছাসেবক লীগের কসবা উপজেলার আহ্বায়ক মান্নান জাহাঙ্গীর জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সদস্য তসলিমুর রেজা ও ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মুক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে গোপীনাথপুর বাজারে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় গুরুতর আহত তসলিম রেজা ও মুক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. তুলিপ হোসাইন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ২২ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর সড়কের শিমরাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. তুলিপ হোসাইন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় তিনি বসবাস করতেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে তুলিপ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার ফাঁকে তুলিপ বন্ধু জহিরের মোটর সাইকেল চালানোর জন্য নেয়। এ সময় সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ২য় ব্রিজ কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পরে জহিরসহ স্থানীয়রা তুলিপকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।