চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে উপজেলা নাটঘর ইউনিয়নের বড়হিত গ্রামে জহির আলমের একটি গরুর গর্ভে দুই মাথাসহ চার চোখের অস্বাভাবিক একটি বাছুর জন্ম নিয়েছে। তবে জন্মের কিছুক্ষণ পরই বাছুরটি মারা যায়। একনজরে বাছুরটিকে দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে।
গতকাল ১৯ মে শুক্রবার সকাল ৯টার দিকে ভেটেরিনারি পল্লী চিকিৎসক ওই গাভীর পেট কেটে বাছুরটি বের করেন।
এদিকে বাছুরটিকে দেখতে আসা দর্শনার্থী শহিদুল মিয়া বলেন, এ ধরনের ঘটনা আমরা আগে কখনোই দেখিনি। এ প্রথমই এরকম ঘটনার সাক্ষী হলাম।
বাছুরের মালিক জহির আলমের স্ত্রী বলেন, আমার স্বামী পেশায় একজন ফার্নিচার মিস্ত্রী। আমার বাবা আমাকে লালন-পালন করার জন্য একটি গাভী কিনে দেন। গাভীটি প্রথমে একটি বাছুর জন্ম দেওয়ার পর আবার ৯ মাস পর গর্ভবতী হয়ে পড়ে। গতকাল রাত থেকে ওর প্রসব যন্ত্রণা শুরু হয়।
তিনি বলেন, সকালে বিষয়টি আমার চাচা শ্বশুরকে জানালে তিনি চিকিৎসককে অবগত করেন। পরে গাভীর পেট কেটে দুই মাথাসহ চার চোখের এ বাছুরটিকে বের করা হয়।
ভেটেরিনারি পল্লী চিকিৎসক ডা. হাবিবুর রহমান বলেন, বাছুরটি জন্মের দুই/তিন মিনিট পরই মারা যায়। তবে গাভীটি সুস্থ রয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলমকে প্রধান আসামী করে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫৪ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এছাড়া এতে অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। গতকাল ৩০ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি মো: হুমায়ুন মেম্বার ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে এই মামলাটি করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম, বিটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ খাঁন, নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক কাউছার মোল্লাহ, আওয়ামী লীগ নেতা শাহজাহান, কেন্দ্রীয় আওয়ামী যুলীগ নেতা এইচএম আল আমিন, ব্যাবসায়ী বাছির মিয়া নাটঘর, বিটঘরের আব্দুর রাজ্জাক, বিটঘর ওয়ার্ড যুবলীগের সভাপতি মামুন মিয়া, বিটঘর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মাহতাব মিয়া, যুবলীগ নেতা বেলায়েত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কবির আহাম্মদ, বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর, বিদ্যাকুট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু তাহের মেম্বার, আওয়ামী লীগ নেতা শামসুল হক, যুবলীগ নেতা আব্দুর রউফ, বিটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জল মেম্বার, সহ-সম্পাদক নান্টু ঘোষ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব, বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক পিন্টু ভদ্র, বড়াইল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নাজমুল, নাটঘর গ্রামের জহর মিয়া, সুহেল মিয়াসহ ৫৪ জন।
এজাহারে মামলার বাদী হুমায়ুন মেম্বার অভিযোগ করে বলেন, মামলার আসামিরা গত ৪ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিটঘর ইউনিয়ন পরিষদের সামনে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাকেসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা করে। আ.লীগের ৫৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি হুমায়ূন মেম্বার মামলাটি করার পর থেকে সমালোচনার ঝড় উঠেছে পুরো উপজেলার জুড়ে। নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক অ্যাড. হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, হুমায়ুন মেম্বার নাটঘর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বিগত দিনে আওয়ামী লীগের সরকারের আমলে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন তিনি। সরকার পতনের পর বিএনপির কিছু নেতার ফাঁদে পা দিয়ে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রাম থেকে জামায়াত ইসলামী ও শিবিরের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৩১ মে শুক্রবার সকাল ১১টায় ওই এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নবীনগর উপজেলার আব্দুর রশিদ (৬৫), বাদল মিয়া (৪৮), শাহিন ইসলাম (২৪), সদর উপজেলার ডা. আবু হানিফ (৬৫), সাহেদ আলম (২১), বাঞ্ছারামপুর উপজেলার আলম (৫৩) ও আশুগঞ্জ উপজেলার মো. মামুন মিয়া (৩৭)।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, এলাকায় নাশকতা সৃষ্টি ও আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে বানচাল করার জন্য উপজেলার নারুই গ্রামের রশিদ মিয়ার বাড়িতে জেলার বিভিন্ন এলাকায় বসবাস করা জামায়াত-শিবিরের নেতারা একত্রিত হয়ে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে পুলিশ অভিযান চালিয়ে জামায়েত ইসলামী ও শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে কয়েকজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বৈঠকর ব্যানার, নির্বাচন বিরোধী লিফলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হবে।
চলারপথে রিপোর্ট :
কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে সমাপনী অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপি কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার ৩০ জন উদ্যমী তরুণ কৃষক আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যয় কমানোর ওপর প্রশিক্ষণ নেন।
এসময় অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, মানসম্মত বীজ ও সার ব্যবস্থাপনা, মাটি স্বাস্থ্য রক্ষা, রোগবালাই দমন, স্মার্ট কৃষি প্রযুক্তি, ভ্যালু অ্যাডিশন এবং কৃষি বিপণন কৌশল, মাশরুম চাষাবাদ, জৈব সার উৎপাদন, অসময়ের সবজি চাষাবাদ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেয়া হয়।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, নবীনগর উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহ-আলম মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত।
নবীনগর উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্যোক্তা হওয়ার জন্য তাদের পছন্দ অনুযায়ী প্রদর্শনী উপকরণ সামগ্রী দেয়া হবে। যা দেশের কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সহায়ক হবে। এর আগে গতকাল বুধবার (৭ জানুয়ারি) দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
চলারপথে রিপোর্ট :
উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীত জগতের কিংবদন্তি ‘সুরসম্রাট’ খ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁর নিজ জন্মভূমিতে ৫২তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় নানান কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে নবীনগরে শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের উদ্যোগে আলাউদ্দিন খাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয় হল রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহসীন সরকারের সভাপতিত্বে ও প্রভাষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।
আরো বক্তব্য রাখেন নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আফজাল হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, এটিএম আবদুল্লাহ, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির। শিশু খাঁন, রানা শামীম, শাহীন বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে অতিথিগণকে সাথে নিয়ে উস্তাদ আলাউদ্দিন খাঁর নিজ হাতে গড়া শিবপুর খাঁ বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ঐতিহ্যেবাহি এই মসজিদটি সংস্কার ও আলাউদ্দিন খাঁর নামে কলেজের প্রবেশ পথে একটি তোরণের নির্মাণ কাজ দ্রুতই শুরু করা হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ব্রাহ্মণহাতা (নারুই) গ্রামে মাটি কাটার ভেকু দিয়ে মাটি ভরাটের সময় তার ছিড়ে একজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সকালে ব্রাহ্মণহাতা (নারুই) গ্রামের পশ্চিম পাড়ার কবরস্থানে মাটি কাটার সময় এ ঘটনা ঘটে। নিহত শাফাল মিয়া ব্রাহ্মণহাতা (নারুই) পশ্চিম পাড়ার মৃতু ফয়েজ মিয়ার ছেলে।
জানা যায়, বেশ কয়েকদিন যাবত ভেকু দিয়ে কবরস্থানের মাটি ভরাটের কাজ করা হচ্ছিল।
আজ ১৮ মে শনিবার সকালে কবরস্থানের মাটির কাজ করার সময় ভেকুতে লেগে পল্লী বিদ্যুতের খুঁটির সার্ভিস তার ছিড়ে মাটিতে পরে যায়। কিছুক্ষণ পর সাফাল মিয়া কবরস্থানে গেলে ঐ তারে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বলেন, বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছে।