চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আল-আমিন (৩৫) নামে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২৫ মে বৃহস্পতিবার ভোরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইকরতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল-আমীন বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উপজেলার ইকরতলী এলাকা দিয়ে ভারতে পালানোর সময় আল আমিনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, আল-আমিন একটি মাদক মামলার যাবজ্জীবনদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়াও তার বিরুদ্ধে থানায় ১০ টি মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকায় ২৯ ডিসেম্বর রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুছা মিয়া (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবু আহমদের ছেলে।
খাটিখাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, সকালে ইসলামপুর এলাকায় হবিগঞ্জ জেলার মাধবপুরগামী দিগন্ত লোকাল বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক মুছা মিয়া ঘটনাস্থলে মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে।
বিজয়নগর প্রতিনিধি :
টেক ব্যাক বাংলাদেশ বলে বিএনপি উন্নয়নশীল মাথা উচু করে দাড়ানো বাংলাদেশকে পাকিস্তানি আমলে বাংলাদেশকে ফিরিয়ে নিতে চাই বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান বাংলাদেশ আত্মনির্ভরশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনেও স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আনার আহ্বান জানান।
তিনি আজ ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলা খেলার মাঠে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস, ভাংচুর নৈরাজ্যের প্রতিবাদে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে বিএনপি নামক রাজনৈতিক দলের উত্থান ও কর্মকান্ডের সমালোচনা করে বক্তব্য কালে এই সব কথা বলেন।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সভায় আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ তানবীর ভূঞা, জেলা আওয়ামীলীগে সাবেক সাংগঠনিক মাহবুবুল আলম খোকন, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড: তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাড: শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড: সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাড: লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ, এম, শামীউল হক চৌধুরী, বুধন্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সাইয়্যিদুল ইসলাম, পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম, বিষ্ণুপুর, ইউপি চেয়ারম্যান, মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মাহমুদ, মাওলানা মিজবাহ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম ভিপি সোহেল, যুব মহিলালীগের সভাপতি হালিমা চৌধুরী প্রমুখ।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া।
চলারপথে রিপোর্ট:
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তৌফিক (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। আজ ২ এপ্রিল বুধবার দুপুরের দিকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক (২৬) উপজেলার আদমপুর গ্রামের আরু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার পত্তন ইউপির আদমপুর বাজারের পাশে সিএনজি অটোরিক্সা ও পিকআপভ্যান রেখে দুই ড্রাইভার দোকানে নাস্তা করতে যায়। এ সময় তৌফিক অটোরিক্সা ও পিকআপের ড্রাইভারকে গাড়ি সরাতে বলে। এনিয়ে তাদের মধ্যে কথা কটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে তৌফিকের বুকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক ও অটোরিক্সা চালককে আটক করা হয়েছে। নিহতের মরদহ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিজয়নগর শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রায় মোহন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য সঞ্জয় রায় পোদ্দার, মো. বিল্লাল মিয়া, দুলাল মিয়া, সন্তোষ মোহণ ঋষি, আব্দুল আজিজ, হামদু মিয়া, অপূর্ব দেব, জামির আলী, সুহেল মিয়া, মো. মামুন, জন্টু রাজ পাল প্রমুখ।
বক্তারা বলেন, একদিকে কর্ম সংস্থানের অভাব, প্রতিদিন কর্মহীন হচ্ছে হাজার হাজার মানুষ, অন্যদিকে হু হু করে বাড়ছে নিত্য পণ্যে র দাম। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে মানুষের নাভিশ^াস উঠেছে। রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এসব দেখার দায়িত্বে ভোক্তা অধিদপ্তর, বিভিন্ন সংস্থা ও সরকার নির্বিকার। এভাবে চলতে থাকলে মানুষের বেঁচে থাকাই দায় হয়ে পড়বে। তাই আমরা অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙ্গে নিত্য পণ্যের দাম কমানোর জোর দাবি জানাচ্ছি। দুর্নীতিবাজদের আইনের আওয়ায় এনে বিচারের ব্যবস্থা করার দাবি করে নেতৃবৃন্দ বলেন, গ্রাম শহরে গরীব মানুষের মধ্যে ভর্তুকিমূল্যে রেশনিং ব্যবস্থা চালু করো। সভায় আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তা কমানোর জন্য নির্বাচন কমিশনের নিকট দাবী জানান। সভায় আসন্ন বিজয়নগর উপজেলা নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে ফেসবুকে কমেন্ট করা নিয়ে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ ১৬ আগস্ট শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির দুই যুবকের মধ্যে ফেসবুকে কমেন্ট নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে গত ১৪ জুলাই ঐক্কি বাড়ির মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তার মেয়ে আকলিমা বেগমের ওপর অতর্কিত হামলা করে পাঠান বাড়ির লোকজন। উক্ত ঘটনার পর গত দুইদিন ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আশপাশের গ্রামের লোকজনের সহযোগিতায় ঘণ্টাখানেক পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, ঘটনাস্থলে পৌঁছে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুলিশের নিযন্ত্রণে রয়েছে। পরবর্তী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে।