অনলাইন ডেস্ক :
দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আগামী ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ ৪ জুন রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
অনলাইন ডেস্ক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় খাল ও জলাশয়ের টেকসই উন্নয়ন এবং ঢাকা শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপন-এ সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেছেন নেদারল্যান্ডস। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স। আজ ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলাপকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল দখলমুক্তকরণ ও খনন কার্যক্রম সম্পর্কে অবগত করে বলেন, ঢাকা শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ডিএনসিসি ইতিমধ্যে খালের খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। ডিএনসিসি ঢাকা শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে অন্যান্য সরকারি সংস্থা ও উন্নয়ন সংস্থার সাথে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে৷ ঢাকার ব্লু নেটওয়ার্ক স্থাপনের এই উদ্যোগে নেদারল্যান্ডস আমাদেরকে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করতে পারে। ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।
রাষ্ট্রদূতের সাথে আলাপকালে ডিএনসিসি প্রশাসক বলেন, নেদারল্যান্ডসের দৃষ্টিনন্দন খালগুলো বিশ্বে রোল মডেল। খালগুলোতে নৌযান চলাচল করে। নেদারল্যান্ডসের শহরগুলোর যে ব্লু নেটওয়ার্ক ও হাইড্রো ইকোনমিক ডেভেলপমেন্ট রয়েছে তাদের কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা আমাদের জন্য সহায়ক হবে।
জবাবে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন ম্যানেজমেন্ট ও খালগুলোর টেকসই উন্নয়নে নেদারল্যান্ডস কাজ করতে আগ্রহী। ঢাকা শহরে যে খাল রয়েছে সেগুলো উন্নয়ন করে ব্লু নেটওয়ার্ক স্থাপনের সুযোগ রয়েছে। ব্লু নেটওয়ার্ক স্থাপনে যৌথভাবে নেদারল্যান্ডস কাজ করতে চায়। দ্রুতই এই বিষয়ে আমরা বিস্তারিত উল্লেখপূর্বক প্রস্তাবনা দিব। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনলাইন ডেস্ক :
লক্ষ্মীপুরে ৬ মাস বয়সী শিশু জুনায়েদ হোসেনকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। আজ ১০ জুলাই সোমবার সকালে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। আটককৃতের নাম নার্গিস বেগম। সে ওই এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্বামী-স্ত্রী দুইজনে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে। এরপর স্বামী শাহাদাত বাড়ী থেকে কাজে চলে যায়। এ সুযোগে নিজের ৬ মাসের শিশু জুনায়েদকে বালিশ চাপা দিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দিয়ে চিৎকার দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সন্ধ্যায় সদর থানার (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে তার মা নার্গিসকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য শিশুর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চলারপথে ডেস্ক :
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। তত্ত্বাবধায়ক সরকার স্লোগান এনে লাভ নাই। একেবারেই ভুলে যান। ওই অস্বাভাবিক সরকার, অসাংবিধানিক সরকার বাংলাদেশের আসবে না, ইনশাআল্লাহ।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, লাফালাফি-বাড়াবাড়ি যতই করেন, জনগণের কাছে এখনো ডাক দিয়ে সাড়া ফেলতে পারেন নাই। সংবিধান থেকে এক চুলও নড়ব না আমরা। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, কোনো নড়ন-চড়ন হবে না।
আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের পদত্যাগের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মামা বাড়ির আবদার। কোন দোষে সরকার পদত্যাগ করবে। কি কারণে নির্বাচনের আগে সরকার পদত্যাগ করবে। কারণটা কি? হাওয়া ভবনের যুবরাজ তারেককে ক্ষমতায় বসানোর জন্য? ওই খাম্বা সরদার ক্ষমতায় বসবে? বাংলাদেশের মানুষ এই খাম্বা সরদারকে এ দেশের ক্ষমতার মঞ্চে আর বসতে দেবে না। ভুলে যান ক্ষমতার ময়ূর সিংহাসন। কত দুর্নীতি করেছেন ভুলে গেছেন?
বছরব্যাপি কর্মসূচি পালন করা হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো পাল্টাপাল্টি নয়। প্রতিদিনই প্রোগ্রাম হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় হবে। কখনো সম্মেলন হবে। কখনো গণসংযোগ হবে, কখনো শান্তির সমাবেশ হবে, কখনো সদস্য সংগ্রহ অভিযান চলবে, আওয়ামী লীগ এ কর্মসূচি নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে। জনগণের ঘরে ঘরে যাবে।
তিনি আরো বলেন, কাউকে নামতে দেব না- এ কথা বলবেন না। সবাই নামবে। রাজপথ সবার। রাস্তা সবার। কিন্তু রাস্তায় নামবেন ১৩-১৪ সালের মতো ৫০০ মানুষ পুড়িয়ে মারবেন, অগ্নিসন্ত্রাস করতে রাস্তায় নামবেন। সরকারি অফিস পোড়াবেন। রিক্সা ড্রাইভার, বাস ড্রাইভার পুড়িয়ে মারবেন- তা হতে দেয়া হবে না।
অবশেষে দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ ২ অক্টোবর বুধবার বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে পৌছেন তিনি। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মিজানুর রহমান আজহারী। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।’
আলাদা পোষ্টে মিজানুর রহমান আজহারীর মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভুমি বাংলাদেশে’।
এর আগে গত ৬ জুলাই ফেসবুক লাইভে তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরবো। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমি নিজেও। শিগগির সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।
দীর্ঘ ওই ভিডিওবার্তায় তিনি বলেন, তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই।
চলারপথে রিপোর্ট :
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাছে চিকলি নদীর ওপর নির্মিত একটি নড়বড়ে বাঁশের সাঁকোই এখনো হাজারো মানুষের একমাত্র চলাচলের মাধ্যম। নদীর ওপর স্থায়ী সেতুর অভাবে বছরের পর বছর এই বাঁশের সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিম অসুরখাই, পূর্ব অসুরখাই ও দক্ষিণ অসুরখাই এলাকার মানুষসহ প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সাঁকো ব্যবহার করে সৈয়দপুর শহরে যাতায়াত করেন।
স্থানীয়দের উদ্যোগে ও চাঁদা তুলে নির্মিত উক্ত বাঁশের সাঁকো বর্ষাকালে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পানি বাড়লেই সাঁকোটি প্রায় ডুবে যায়, এমনকি ভেসে যাওয়ার ঘটনাও ঘটে প্রায় প্রতি বছর।
স্থানীয় এক বাসিন্দা হোসেন বলেন, প্রতিদিন এই সাঁকো দিয়ে নদী পার হই। বর্ষায় পানি বেড়ে গেলে পার হতে ভয় লাগে। রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে সাত কিলোমিটার ঘুরে যেতে হয়, এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হয়।
কামারপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য তহিদুল ইসলাম বলেন, বর্ষায় এই সাঁকো পার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রতিবার সাঁকো ভেঙে গেলে আবার নতুন করে তৈরি করতে হয়। বাঁশের সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়িদ বিন কাদির জানান, কামারপুকুর ইউনিয়নের তোফায়েলের মোড় এলাকার কাছারি ঘাটের এই সাঁকো পার হয়ে কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর এবং রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মানুষ সৈয়দপুর শহরে আসেন। এসব এলাকায় প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। কিন্তু এই নদীর ওপর কোনো সেতু না থাকায় তাদেরকে প্রায় ১০ কিলোমিটার ঘুরে শহরে আসতে হয়।
সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু জানান, গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় আমরা তথ্য প্রেরণ করেছি। সম্প্রতি একটি চিঠি পেয়েছি, যেখানে বলা হয়েছে পানি আইন ২০১৩ অনুসরণ করে কাজ করতে হবে।
স্থানীয়রা বলছেন, স্থায়ী সেতু নির্মাণ হলে শুধু যাতায়াতই নয়, কৃষিকাজ, পণ্য পরিবহন ও এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে। তাই দ্রুত সময়ে একটি সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন তারা।