অনলাইন ডেস্ক :
বাসররাতে বর-কনের একসঙ্গে মৃত্যু হয়েছে। তাদের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হলেও ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, ৩০ মে প্রতাপ যাদবের (২২) সঙ্গে বিয়ে হয় পুষ্পার (২০)। বিয়ের অনুষ্ঠান শেষে নিজেদের ঘরে যান তারা। পরদিন সকালে তাদের লাশ উদ্ধার হয়।
তবে বন্ধ ঘরে বর-কনের মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেন আত্মীয়-স্বজনরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুয়ায়ী, হার্ট অ্যাটাকে দু’জনের মৃত্যু হয়েছে।
চলারপথে রিপোর্ট :
চাকরির প্রলোভনে রুশ সেনাবাহিনীর হয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অংশ করে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। ১৮ এপ্রিল শুক্রবার এক সহযোদ্ধার ফোনে মৃত্যুর খবর পৌঁছালে তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া।
মোহাম্মদ আকরাম হোসেন আশুগঞ্জ উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের মোরশেদ মিয়ার ছেলে।
জানা যায়, ওয়েল্ডিং-এর কাজ শেখার পর সংসারের সচ্ছলতা ও নিজের ভবিষ্যতের আশায় প্রায় ১১ মাস আগে তিনি রাশিয়ায় যান। তিন ভাই ও দুই বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার পিতা, যিনি দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন। এক মেয়ের বিয়েতে ঋণগ্রস্ত হয়ে পড়ায় পরিবারে আর্থিক চাপ আরও বাড়ে। সেই চাপ কমাতেই স্বজনদের সহায়তায় রাশিয়ায় পাঠানো হয় আকরামকে।
রাশিয়ায় গিয়ে প্রথম ৮ মাস একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করতেন তিনি। যদিও বেতন বেশি ছিল না, তবে তার উপার্জনে পরিবারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করে। আকরামের আয়ে তার দরিদ্র পরিবার একটু একটু করে স্বপ্ন দেখতে শুরু করে।
তবে প্রায় আড়াই মাস আগে আকরাম এক দালালের প্রলোভনে পড়ে চুক্তিভিত্তিকভাবে রুশ সেনাবাহিনীতে যোগ দেন। শর্ত ছিল ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে অংশ নিতে হবে। পরিবার থেকে নিষেধ করা হলেও আকরাম জানিয়েছিলেন, ফিরে আসার আর কোনো উপায় নেই। তিনি তার বাবাকে জানিয়েছিলেন, রাশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে ইতোমধ্যে চার লাখ টাকা জমা হয়েছে।
আকরামের মা মোবিনা বেগম জানান, যুদ্ধ চলাকালীন ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো। তবে গত ১৩ এপ্রিল থেকে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ায় অবস্থানরত পরিচিতরাও তার খোঁজ পাচ্ছেন না। শুক্রবার এক সহযোদ্ধা ফোন করে জানান, ইউক্রেন সেনাবাহিনীর মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন। তার ইউনিটের আরও কয়েকজন ওই হামলায় মারা যান। এরপর থেকেই আকরামের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
ছেলের মৃত্যুর খবরে আশুগঞ্জ উপজেলার লালপুর হোসেনপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। আকরামের মা বারবার ছেলের ছবি বুকে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়ছেন, অন্যরাও শোকে হতবিহ্বল।
নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও ক্ষতিপূরণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন আকরামের পরিবার।
অনলাইন ডেস্ক :
ইংরেজি নতুন বছর ২০২৪ সালকে সবার আগে বরণ করে নিল নিউজিল্যান্ড। দেশটির অকল্যান্ডের আইকনিক স্কাই টাওয়ার থেকে স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের উদযাপন।
খবর ডয়েচে ভেল ও বিবিসি। বাংলাদেশ সময় বিকেল ৫টায় সেখানে বর্ষবরণের উৎসব শুরু হয়। ভৌগোলিক অবস্থানের কারণে ঘড়ির কাঁটা সবার আগে রাত ১২টা ছুঁয়েছে নিউজিল্যান্ডে।
সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর একটি নিউজিল্যান্ড। নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে।
নতুন বছরকে বরণ করতে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে জড়ো হওয়া মানুষ। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা।
নিউজিল্যান্ডের পাশাপাশি দেশ হওয়ায় একই সময়ে অস্ট্রেলিয়ায় খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। দেশটির তথা ওশেনিয়া মহাদেশের বৃহত্তম ও জনবহুল শহর সিডনির বাসিন্দারা সাদরে বরণ করে নেয় ইংরেজি নববর্ষকে।
তবে এবার বিশ্বে প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাতিতে।
বিশ্বে সবার আগে ইংরেজি ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। ইএসএ আর্থ অবজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে নতুন বছরকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে।
অনলাইন ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা খানকে শনিবার একটি আদালত সাত বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন। তাঁরা ২০১৮ সালে আইন ভঙ্গ করে বিয়ে করেছিলেন বলে রায় দিয়েছেন আদালত। ইমরান খানের দলের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জিও নিউজ প্রতিবেদনে বলেছে, রায় ঘোষণার সময় ইমরান খান ও বুশরা আদালতে উপস্থিত ছিলেন।
কারাগার প্রাঙ্গণে ১৪ ঘণ্টা শুনানি চলার এক দিন পর এদিন সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহ এ রায় ঘোষণা করেন। গতকাল যুক্তিতর্ক শুনানি শেষে রায় সংরক্ষণ করেছিলেন আদালত।
চলতি সপ্তাহে ৭১ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে এটি তৃতীয় রায়। দেশটিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে এসব রায়ের কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
সাম্প্রতিক দিনগুলোতে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের দায়ে ১০ বছর এবং রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রি করার দায়ে স্ত্রীর সঙ্গে তাঁর ১৪ বছরের কারাদণ্ড হয়েছে। তাঁর প্রতিনিধিরা বলছেন, তিনি তিনটি ক্ষেত্রেই আপিল শুরু করবেন। তবে তাঁর বিভিন্ন সাজা একযোগে চলবে কি না তা অবিলম্বে স্পষ্ট হয়নি।
ইমরান খান বর্তমানে রাওয়ালপিণ্ডির গ্যারিসন নগরীতে কারাগারে রয়েছেন এবং তাঁর স্ত্রী ইসলামাবাদের নিকটবর্তী পাহাড়ের চূড়ায় তাঁদের বাড়িতে সাজা ভোগ করবেন।
সাবেক এ প্রধানমন্ত্রী ইতিমধ্যে ১০ বছরের জন্য সরকারি পদে অযোগ্যতার সম্মুখীন হয়েছেন।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক বিবৃতিতে বলেছে, ‘আদালতে কয়েক ঘণ্টার শুনানির পর, সাক্ষীদের জেরা না করা এবং কোনো যথাযথ প্রক্রিয়ায় না এগোনো আইনের উপহাস। যেভাবে এই বিচারগুলো পরিচালিত হচ্ছে, তাতে ৮ ফেব্রুয়ারির নির্বাচনের ওপর একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন থাকবে। মামলাটি পাকিস্তানের উচ্চ বিচার বিভাগের জন্য একটা পরীক্ষা।’
এআরওয়াই নিউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইমরান খান ও তাঁর স্ত্রী—প্রত্যেককে পাঁচ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়েছে।
বুশরার বিরুদ্ধে আগের স্বামীকে তালাক দিয়ে নির্ধারিত সময় পার হওয়ার আগেই ইমরান খানকে বিয়ে করার অভিযোগ আনা হয়েছিল। সাবেক ক্রিকেট তারকা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সাত মাস আগে ২০১৮ সালের জানুয়ারিতে একটি গোপন অনুষ্ঠানে বিয়ে করেছিলেন বুশরাকে।
নির্ধারিত সময় পার হওয়ার আগেই তাঁদের বিয়ে হয়েছিল কি না তা নিয়ে বিতর্ক ছিল। প্রাথমিকভাবে বিয়ের বিষয় অস্বীকার করা হলেও পিটিআই কয়েক সপ্তাহ পর তা নিশ্চিত করে।
ইমরান খানের মিডিয়া উপদেষ্টা জুলফি বুখারি রয়টার্সকে বলেছেন, ‘বলতে পারি বিয়ের একজন সাক্ষী আমি এবং এটি স্পষ্টতই আরেকটি জাল মামলা।’
বুশরা তাঁর প্রাক্তন স্বামী খাওয়ার মানেকার সঙ্গে প্রায় ৩০ বছর সংসার করেছেন। ইমরান খান ও বুশারর বিরুদ্ধে মানেকা একটি ফৌজদারি অভিযোগ এনেছিলেন। শনিবার সেই মামলারই রায় হলো।
চলারপথে রিপোর্ট :
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন সুলতানপুর ৬০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় আখাউড়া চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় বিজিবির আইসিপি পোস্ট কমান্ডার হাবিলদার রহুল আমিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪২ লঙ্কা মোড়া কোম্পানি কমান্ডার মোহাবীর এর হাতে ছয় প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান তারা।
বিজিবি সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় আরও জানা যায়, সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।
চলারপথে ডেস্ক :
রাতেই হবে চন্দ্রগ্রহণ। গ্রহণটি শুরু হবে রাত ৯টা ১২ মিনিট ১৮ সেকেন্ডে।
আর শেষ হবে রাত ১টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। এরমধ্যে মধ্যবর্তী গ্রহণ হবে রাতে ১১টা ২৩ মিনিটে।
আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের আকাশে গ্রহণটি দেখা যাবে না।
অস্ট্রেলিয়ার কিম্বলটন শহর হতে দক্ষিণ পশ্চিম দিকে উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ হবে আজ ৫ মে শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ২৭ মিনিট ৫৪ সেকেন্ডে। অস্ট্রেলিয়ার কোকাস আইল্যান্ড হতে দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরে রাত ১১টা ৫৬ মিনিট ১৮ সেকেন্ডে হবে মধ্যবর্তী গ্রহণ।
উপচ্ছায়া হতে চাঁদের নির্গমন হবে মরিশাসের মাথুরিন বন্দর হতে উত্তর-পশ্চিম দিকে ভারত মহাসাগরে স্থানীয় সময় রাত ১২টা ৪২ সেকেন্ড।