ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে আশরাফুল (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ৬ জুন মঙ্গলবার বিকালে আশুগঞ্জ থানায় জিডি করেন নিখোঁজের বাবা দুলাল মিয়া। এর আগে ৫ জুন সোমবার সকালে সে নিখোঁজ হয়।
আশরাফুল আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে ও আড়াইসীধা কেবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিখোঁজ স্কুলছাত্রের বাবা দুলাল মিয়া জানান, সোমবার সকাল সাড়ে ৬টায় প্রাইভেট পড়তে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আশরাফুল। পরে আর বাসায় ফেরেনি। পরে বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু ছেলের সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার বিকালে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে জানান তিনি।
আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজন পাল বলেন, স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যান অজ্ঞাতপরিচয় এক যুবক। পুলিশ মরদেহ উদ্ধারের পর জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠায়। পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ দাফনের জন্য বেওয়ারিশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের কাছে হস্তান্তর করা হয়।
প্রস্তুতি চলছিল সকালে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফনের। পরানো হয় দাফনের জন্যে কাফনের কাপড়ও। কিন্তু রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফিঙ্গার প্রিন্টে শনাক্ত হয় পরিচয়।
মারা যাওয়া যুবকের নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের খতিব বাড়ি এলাকার মো. শাহ আলমের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বলেন, রোববার সকালে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে আশুগঞ্জ রেলওয়ে এলাকায় এক যুবক কাটা পড়ে। পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি পিবিআইয়ের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছিল। রাতে ওই যুবকের ফিঙ্গার প্রিন্ট নির্বাচন কমিশনে থাকা সার্ভারের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে মিলে যায়। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী আজহার উদ্দিন বলেন, রেলে কাটা পড়ে নিহত এক যুবকের মরদেহের পরিচয় শনাক্ত হচ্ছিল না। মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা মরদেহটিকে কাফনের কাপড় পরিয়ে সকালে কবর দিতে প্রস্তুত রেখেছিলাম। রাতে খবর পেলাম পরিচয় মিলেছে। তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ ১১ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি থেকে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, নারী ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন।
উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর ২৫ দফা দিক-নির্দেশনা সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, রূপকল্প ৪১ বাস্তবায়নে বাংলাদেশের পরিপ্রেক্ষিত পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে আশুগঞ্জ উপজেলার কলেজ, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়সহ ২৮টি প্রতিষ্ঠানে ৩০ হাজার এবং ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার বিভিন্ন জাতের ওষুধি, ফলজ, বনজ ও ফুল গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সব ইউনিয়ন পরিষদ, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ও সব পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে বাকি ৪৫ হাজার চারা বিতরণ করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে ১৭৫ বোতল বিদেশী মদ এবং ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টা এবং ভোর রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় মাদক বহনকারী একটি পাজেরো জীপ ও প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার চাষাড়া এলাকার মো. বিল্লাল হোসেন (৫০), মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার মালির পাথর (পঞ্চসার) গ্রামের মো. আলমগীর হোসেন (৪৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মো. রফিক (৩১) ও একই এলাকার মো. তানভীর (২০)।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবির বলেন, সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি পাজেরো জীপ আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে ১৭৫ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদের বোতল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে ভোরে একই এলাকায় অপর অভিযানে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মো. রফিক ও তানভীরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ মোঃ সুমন (৩০) ও মোঃ লিটন মিয়া (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুজন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী মাতাব্বরের ছেলে ও লিটন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নয়নপুর গ্রামের নুরু মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার সময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেনের কাজ শেষ হবে। এতে জনসাধারণের দীর্ঘ দিনের ভোগান্তি কমে আসবে। সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আজ ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এহছানুল হক বলেন, গত ৫ আগস্টের পরে এখানে যারা ইন্ডিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত লোকজন ছিলেন, তারা তাদের নিজ দেশে চলে গেছেন। তারা নিরাপত্তার জন্য ভয় পেতেন। আমাদের ডিসি সাহেবের সঙ্গে কথা বলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেছি, এখানে আসলে কোনো অসুবিধা হবে না। নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। উনারা দ্রুত ফিরে আসছেন। কাজে নামবেন। এখানকার প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন, একটি জাহাজে মালামাল আসছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এখানকার কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কাজটি শেষ হলে আশুগঞ্জ থেকে বিশ্ব রোডের অংশের কাজ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে।
এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চার লেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।