চলারপথে রিপোর্ট :
চট্টগ্রামে মাঝারি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । আজ ৯ জুন শুক্রবার নগরের বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন নগরবাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাল-নালাগুলো বর্জ্যে ঠাসা। খালের পাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণের কারণে পানি চলাচলের পথগুলোও বন্ধ হয়ে গেছে। দখল হয়ে আছে অধিকাংশ খাল-নালা। এসব কারণে পানি নামতে পারছে না। ফলে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বৃষ্টিতে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকা, ওয়াসা মোড়, কাতালগঞ্জ, ষোলশহর, চকবাজার, বাকলিয়া, শুলকবহর, কাপাসগোলা ও পাঠানটুলিসহ নগরের বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমে যায়।
জরুরি কাজে বের হয়ে বিড়ম্বনায় পড়েন জসীম উদ্দিন। তিনি বলেন, জরুরি কাজে নগরের চকবাজার যাওয়ার জন্য বের হই। সিএনজিচালিত অটোরিকশায় কাতালগঞ্জ ওয়াসা মোড়ে গিয়ে দেখি সড়কে পানি জমে আছে। পড়ে বিকল্প পথ দিয়ে গাড়ি চকবাজার যায়।
আবদুল হামিদ বলেন, ‘মাঝারি বৃষ্টিতে যদি এমন পরিস্থিতি হয়, তাহলে ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগর ভেসে যাবে।’ নগরের খাল-নালাগুলো নিয়মিত পরিষ্কার রাখতে মেয়রকে অনুরোধ করেন তিনি।
তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোবারক আলী বলেন, ‘নালা পরিষ্কার থাকায় পানি জমলেও দ্রুত নেমে গেছে। নালা-নর্দমা ও খালগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে।
চট্টগ্রাম আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা গেছেন বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট সাংবাদিক প্রতিনিধি দল।
আজ ১ সেপ্টম্বর শুক্রবার দুপুরে ১৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি আখাউড়া স্থল বন্দর দিয়ে আগরতলায় গমন করেন। আগরতলা প্রেসক্লাবের আমন্ত্রনে সাংবাদিক নেতৃবৃন্দ আগরতলায় যান। আগামীকাল শনিবার বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ হওয়ার কথা রয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ স্থলবন্দরে পৌছলে জিরো পয়েন্টে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক রমাকান্ত দে। এ সময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারি হাই কমিশনের প্রথম সচিব আল-আমিন সীমান্তের জিরো পয়েন্টে সাংবাদিক প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দপূর্ন সম্পর্ক রয়েছে। আমরা আগরতলার সাংবাদিক বন্ধুদের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিবো। আগরতলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত এলাকা ঘুরে দেখবো। সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের সাথেও আলোচনা করবো।
আগামী চার সেপ্টেম্বর বাংলাদেশের সাংবাদিকগন দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
চলারপথে ডেস্ক :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা, নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পিছিয়েছে। আগামী ১৫ জুন শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
খালেদা জিয়ার পক্ষে করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কেএম আছাদুজ্জামান আজ ১৫ মে সোমবার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।
আজ মামলার চার্জ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম উচ্চ আদালতে স্থগিত থাকায় ফের সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। আদালত তা মঞ্জুর করে শুনানির পরবর্তী দিন ধার্য করেন। খালেদা জিয়া এসব মামলায় বর্তমানে জামিনে আছেন।
মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার দু’টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। খালেদা জিয়ার পক্ষে হাইকোর্ট এসব মামলার কার্যক্রম স্থগিত করেন।
চলারপথে রিপোর্ট :
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামায়াতের বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমার তৃতীয় দিনে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। আজ ৩০ নভেম্বর রবিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
ইজতেমায় মৃতরা হলেন – আবুল আসাদ বাদল (৬২) ও মইনইউদ্দিন (১০০)। বাদল সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার বাসিন্দা এবং আব্দুল জহিরের ছেলে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মইনইউদ্দিন (১০০) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে।
আজ রবিবার ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী ইজতেমা মাঠেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, গতকাল রাতে হাসপাতালের ১১ তলায় শ্বাসকষ্টসহ নানা জটিলতা নিয়ে আবুল আসাদ বাদল নামে তাবলীগ জামাতের এক মুসল্লি ভর্তি হন। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ ইজতেমা ময়দানে জানাযা শেষে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এ নিয়ে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমায় আগত মুসল্লিদের পাঁচজন মৃত্যুবরণ করলেন।
চলারপথে ডেস্ক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেফটিক ট্যাংকের পানিতে পড়ে খালেদ বিন ওয়ালিদ নামে চার বছরের এক শিশুর মুত্যু হয়েছে।
আজ ৫ এপ্রিল বুধবার উপজেলার বীরু বস্তি গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকার মুজিবুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াহিদ নানা বাড়ি বেড়াতে গিয়ে নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংকে পড়ে মারা যায়।
চলারপথে ডেস্ক :
চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ফিতরার সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬৪০ টাকা। আজ ২ এপ্রিল রবিবার সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় যে ইসলামী শরিয়াহ মতে, আটা, যব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১৫ (এক শ পনেরো) টাকা দিতে হবে। যব দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৩৯৬ (তিন শ ছিয়ানব্বই) টাকা, কিশমিশ দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১,৬৫০ (এক হাজার ছয় শত পঞ্চাশ) টাকা, খেজুর দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১,৯৮০ (এক হাজার নয় শত আশি) টাকা ও পনির দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২,৬৪০ (দুই হাজার ছয় শত চল্লিশ) টাকা ফিতরা দিতে হবে।