চলারপথে রিপোর্ট :
প্রশাসনের আশ্বাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ নদীবন্দরে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ ১২ জুন সোমবার বন্দরে কাজে যোগদান করেছেন শ্রমিকরা।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার জানান, প্রশাসন থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, বিষয়টির সুষ্ঠু সমাধান করবে। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। শ্রমিকরা কাজে যোগদান করেছেন। আগামীকাল আমাদের সভা আহ্বান করা হয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনার পর পরবর্তী করণীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক জানান, প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে কথা হয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন।
জানা যায়, শনিবার আশুগঞ্জ নৌবন্দরে তদারকি করতে কার্গো জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতারা ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নেতারা আসেন। এ সময় তীরে নোঙরে থাকা ১৮টি জাহাজের শ্রমিকদের কোনো কারণ ছাড়াই মারধর করেন মালিক পক্ষের লোকজন। শ্রমিকদের মারধরের প্রতিবাদে রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।
আশুগঞ্জ নদী বন্দরে নৌপথে সার, রড, সিমেন্ট, ধান, চাল, পাথর, কয়লাসহ কোটি কোটি টাকার বিভিন্ন পণ্য নিয়ে প্রতিদিন অর্ধশত জাহাজ নোঙর করে। এসব পণ্য আশুগঞ্জ থেকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জের চাহিদা মিটিয়ে থাকে।
চলারপথে রিপোর্ট :
প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় প্রসাধনীসহ মোজাজিদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ নভেম্বর রবিবার দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পরিচালিত অভিযান থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃত মোজাজিদ যশোরের শার্শা উপজেলার শ্রীকোণা গ্রামের রুবেল হোসেনের ছেলে।
আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম বলেন, চোরাই পণ্যের একটি বড় চালান মহাসড়ক দিয়ে যাবে-এমন গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। দুপুর আড়াইটার দিকে একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে বিপুল ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ২ হাজার ৩০৪ পিস নিভিয়া ক্রীম, ৩২৪ পিস নিভিয়া লোশন, ৩ হাজার ১২০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৫৩ হাজার ৫০৮ পিস ক্লোবেটাসল প্রোপিওনেট ক্রিম। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব প্রসাধনী ঢাকায় নিয়ে বিক্রির পরিকল্পনা ছিল। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
চলারপথে রিপোর্ট :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আজ ১৭ ডিসেম্বর রবিবার বিকেলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। এসময় তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের এমপি আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুর পর গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হয় উপ-নির্বাচন। ওই নির্বাচনে শাহজাহান আলম সাজু নৌকা প্রতীকে জয়লাভ করেন। তিনি ১৫ নভেম্বর এমপি হিসেবে শপথ নেন। একইদিন সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তাই শপথ নেওয়ার পরও তিনি সংসদের কোনো অধিবেশনে যোগদান করতে পারেননি।
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আওতাধীন ৮টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। ইউনিয়নগুলো হলো- আশুগঞ্জ সদর, চরচারতলা, দুর্গাপুর, তালশহর, আড়াইসিধা, শরীফপুর, লালপুর ও তারুয়া। আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মো: আলমগীর কবির ও সদস্যসচিব সেলিম পারভেজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে উল্লেখ করা হয়- ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী কৃষক দলের নির্দেশে বিলুপ্ত ঘোষণা আশুগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। শীঘ্রই সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এর পরামর্শে চলমান গণতান্ত্রিক আন্দোলন বেগবান করার লক্ষ্যে কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে নোহা গাড়িতে করে গাঁজা পাচারের সময় ৯০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ জুলাই বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে নোহা গাড়িসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোক্তার হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রহিদগ্রাম গ্রামের হেবজু ইসলামের ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ বলেন, বুধবার রাতে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে টোল প্লাজার সামনে থেকে নোহা গাড়িসহ একজনকে গ্রেফতার করা হয়। পরে নোহা গাড়ি তল্লাশি করে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’’ (এপিএ)’র আওতায় আজ ২১ মে বুধবার আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া।
প্রধান অতিথির রাফে মোহাম্মদ ছড়া বক্তব্যে বলেন-জীবনের একেকটা পর্যায়ে একেকটা কাজ সম্পাদিত হয়। কোন কাজ কখন করা উচিত তা আমাদের জানতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। “Time is more valuable than money”. তাই সময়কে যথাযত গুরুত্ব দিতে হবে। তোমরা এখন তরুণ, তাই তোমাদের রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে সর্ব ক্ষেত্রে। যারা আমাদের শিক্ষক, যারা আমাদের গুরুজন তাদের কাছ থেকে সব সময় পরামর্শ গ্রহণ করতে হবে। কারণ তারাই আমাদের সব সময় ভাল চায়। তোমরা তোমাদের পিতা-মাতার কথা মান্য করতে হবে।।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমীন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার এ.এইচ.এম শাহরিয়ার রসুল, আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মশিউর রহমান।
উক্ত আলোচনা সভায় প্রায় সাত শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়া বৈষমহীন বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্প বিপ্লব ও এসডিজি বিষয়ক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।