চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আজ ১৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোনাব্বর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার, নাসিরনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকান।
অনুষ্ঠানে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সালেমসহ সরকারি কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সাংবাদিক,শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মুরাদ মৃধা, নাসিরনগর :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে গোয়ালনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় গোয়ালনগর মাঠ প্রাঙ্গণে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোয়ালনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী তারেক মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। এসময় তিনি বলেন দলের ত্যাগী নির্যাতিত এবং আওয়ামী দু:শাসনের সময় মিথ্যা মামলা হামলায় আক্রান্তদেরকে আগামী দিনের দলের ঐক্য ভ্রাতৃত্ব এবং যেকোন ধরনের দেশ ও সংগঠন বিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে।
সমাবেশে আগত সকল নেতাকর্মীকে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করার অনুরোধ জানান।
সাবেক সেচ্ছাসেবক দলের নেতা লায়ন মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম খালেদ, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: আলমগীর হোসেন প্রমুখ।
সভায় সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সাবেক যুবদল নেতা ইউপি সদস্য জয়নাল মিয়া, জিল্লু মিয়া, নাছির উদ্দিন ভূইঁয়া, মিলন মিয়া, ছাত্রদল নেতা খাইরুল ইসলামসহ ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা ও গোয়ালনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মী ব্যানারসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসে।
চলারপথে রিপোর্ট :
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাসিরনগর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ২ হাজার ৬৩২ টি পুকুরে ১ হাজার ৫৭৮ জন মৎস্য চাষি মাছ চাষ করছেন। বর্তমানে উপজেলায় মাছের চাহিদা ১৩ হাজার ৪৭৩ মেট্রিক টন এবং উৎপাদন হচ্ছে ১৩ হাজার ৯৭৩ মেট্রিক টন। তবে গত অর্থ বছরে উৎপাদন ছিল ১৩ হাজার ৩০৮ মেট্রিক টন। গত বছরের চেয়ে এবছর ৬৬৫ মেট্রিক টন উৎপাদন বেড়েছে।
নাসিরনগর উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, আধুনিক মাছ চাষের দিকে চাষিরা ঝুঁকছে, নতুন নতুন মাছ চাষি তৈরি হচ্ছে। আমরা কিছু বিল নার্সারি করেছি। আবার রেনু থেকে পোনা করে সেই পোনা বিলে অবমুক্ত করছি। এতে মাছের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি ও ভোরের ডাক প্রতিনিধি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মোজাম্মেল হক সবুজ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, সমকাল প্রতিনিধি মুরাদ মৃধা, আজকের পত্রিকা প্রতিনিধি বরুণ সরকার, এশিয়ান টিভি প্রতিনিধি আব্দুল হান্নান।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ৬ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট মো: মোনাব্বর হোসেন তাঁদের এই কারাদণ্ড দেন।
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নাসিরনগর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা পূর্বপাড়া তাজু ফকিরের বাড়ি থেকে মাদকসেবনের সময় তাঁদেরকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃত কুন্ডা গ্রামের জাহাঙ্গীর আলম,আক্তার হোসেন,তৌহিদ মিয়া, নজরুল ইসলামকে ৩ মাস করে বিনাশ্রমে কারাদণ্ড এবং তাজু ফকির ও সোহরাব মিয়াকে ৬ মাস করে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড প্রাপ্তদেরকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট মো: মোনাব্বর হোসেন ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসনের মাদক বিরোধী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে সড়কে গাছ ফেলে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৯ যাত্রী আহত হয়েছেন। এ সময় ডাকাতরা লাশের শরীরে আঘাত করেছে বলে জানা যায়।
আজ ২৩ মে শুক্রবার রাত ১টার দিকে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ডাকাতের হামলায় আহতরা হলেন- গাড়ির চালক মো. ফিরুজ মিয়া, গাড়ির মালিক মো. খলিল মিয়া, নিহতের স্বজন রাসেল মিয়া, ছালেক মিয়া, নাহিদ মিয়া, মো. আলমগীর মিয়া, মো. সালাউদ্দিন, আলেয়া বেগম ও আলী নেওয়াজ মিয়া। স্বজনদের চোখের সামনে মৃত ব্যক্তির ওপর আঘাতের এই দৃশ্য এলাকাজুড়ে সৃষ্টি করেছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক।
স্থানীয়দের দাবি, এমন জঘন্য ও ঘৃণিত কাজ আগে কখনো দেখেননি তারা। ভুক্তভোগীদের স্বজনদের ভাষ্যমতে, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী নামে এক ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার মিরপুর আহসানিয়া হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান তিনি। এর কিছুক্ষণ পরই ঢাকা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফেরার পথে বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আসলে সশস্ত্র ডাকাতরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে গাড়ি আটক করেন। এরপর গাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়। মরদেহের সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে ৯টি মুঠোফোন ও নগদ অর্ধলাখ টাকা হাতিয়ে নেয় ডাকাত দল।
ডাকাতদের চাহিদা অনুযায়ী অর্থ ও মালামাল না পাওয়ায় মরদেহের ওপরও হামলা করা হয় বলে দাবি করেন নিহতের ছেলে পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া। তিনি বলেন, ‘ডাকাতরা টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে দুঃখ নাই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে ডাকাতরা। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম জানান, ডাকাতরা কী কী নিয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। ওই এলাকাটিতে আগেও ডাকাতির ঘটনা ঘটেছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মায়ের সঙ্গে অভিমান করে মোতাব্বির চৌধুরী (১৮) নামে এক তরুণ ইদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। আজ ৮ অক্টোবর রবিবার দুপুরে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোতাব্বির চৌধুরী উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মৃত মাসুদ চৌধুরীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মোতাব্বিরকে বেকার না থেকে কাজ করার জন্য তার মা সালেহা বেগম প্রায়ই বকাঝকা দিতেন। এতে মোতাব্বির অভিমান করে শনিবার সকালে ইঁদুর মারার ওষুধ বুলেট ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্য টের পেয়ে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মোতাব্বির মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, হাসপাতাল থেকে জেনেছি কিশোর ইদুর নিধনের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। নাসিরনগর থানা পুলিশকে জানানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।