চলারপথে রিপোর্ট :
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে ৫০০ কেজি হিমসাগর আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ১৫ জুন বৃহস্পতিবার দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি কার্টনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়।
স্থলবন্দরের শূন্যরেখায় আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ উপহারের আমগুলো গ্রহণ করেন। তিনি প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেবেন।
আমগুলো পাঠানোর ক্ষেত্রে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমস ক্লিয়ারিংসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, প্রতি বছরই প্রধানমন্ত্রী এমন উপহার পাঠিয়ে থাকেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই নিদর্শন এটি। আমি আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। এ উপহারের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।
এ সময় স্থলবন্দরের শূন্যরেখায় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল আমিন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব উদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক :
সোশ্যাল মিডিয়ায় কত রকম ঘটনাই না সামনে আসে। এক কথায় বিস্ময়ের শেষ নেই নেটদুনিয়ায়। সম্পর্কের জটিলতা থেকে অদ্ভূত সমীকরণ, সব ঘটনারই নজির মেলে সেখানে। তবে সাবেক প্রেমিকের জন্য খাবার অর্ডার দিয়ে ডেলিভারি কোম্পানির তিরস্কারের মুখে পড়ার ঘটনা খুব একটা চোখ পড়ে না। তবে ভারতের ভোপালে এমন একটি ঘটনা ভাইরাল হয়েছে।
একবার নয়, তিন-তিন বার সাবেক প্রেমিকের জন্য খাবার পাঠিয়েছেন ভোপালের অঙ্কিতা নামের এক তরুণী। কিন্তু এক্স গার্লফ্রেন্ড অর্থাৎ, সাবেক প্রেমিকার সেই খাবার নিতে নারাজ যুবক। এদিকে ‘ক্যাশ অন ডেলিভারি’তে অর্ডার দেওয়ায় বার বার সমস্যায় পড়তে হয়েছে ফুড ডেলিভারি কোম্পানি জোমাটোকে।
ক্যাশ অন ডেলিভারি অনেকের কাছে সুবিধাজনক হলেও, এর কিছু সমস্যা রয়েছে। অনেক সময় শেষ পর্যায়ে এসে গ্রাহক খাবার নিতে চান না। ফলে একে তো খাবার নষ্ট হয়, সেই সঙ্গে খাবারের দাম না পাওয়ায় লোকসান গুনতে হয় খাবার ডেলিভারি কোম্পানিকে। অঙ্কিতার ক্ষেত্রেও এমনটা হয়ে আসছিল। শেষমেশ বিরক্ত হয়ে প্রকাশ্যেই তার নাম ও ঠিকানা উদ্ধৃত করে টুইট করে বসে জোমাটো।
জোমাটোর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ভোপালের অঙ্কিতা, দয়া করে ক্যাশ অন ডেলিভারিতে আপনার সাবেক প্রেমিককে খাবার পাঠানো বন্ধ করুন। এই নিয়ে তিনবার খাবারের দাম দিতে অস্বীকৃতি জানাচ্ছেন তিনি!
জোমাটোর এ পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এর ফলে অঙ্কিতা তার সাবেক প্রেমিকের পিছু ছেড়েছেন কি না, তা জানা যায়নি। তবে জোমাটোর টুইট বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
পোস্টটিতে অসংখ্য নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘অঙ্কিতা এক্সকে বিরক্ত করা বন্ধ করুন।’ আবার তরুণীর এমন কাণ্ডে হাসি থামছিল না অনেকের। যেমন একজন লিখেছেন, ‘অঙ্কিতার বয়ফ্রেন্ড ভাবছেন, আমি ব্রেকআপের আগে টাকা দিতাম, আবার ব্রেকআপের পরেও দেবো!’ আবার কারও মতে, এটা জোমাটোর মার্কেটিং কৌশল।
সূত্র: এবিপি লাইভ
চলারপথে রিপোর্ট :
রামগতি উপজেলার ২০ জন জেলের অবৈধ জাল পুড়িয়ে তাদেরকে বৈধ সুতার জাল দেওয়া হয়েছে।
আজ ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলেদের বৈধ জাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ ও চর আলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন।
মৎস্য বিভাগ জানায়, মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টে কম্পোনেন্ট-৩ এর আওতায় উপজেলার আসলপাড়া ও রঘুনাথপুর মৎস্যজীবী গ্রাম সমিতির ২০ জন সুফলভোগীর মধ্যে এ জাল বিতরণ করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, দুটি মৎস্যজীবী গ্রাম সমিতির ২০ জন জেলের অবৈধ জাল পুড়িয়ে নতুন সুতার (ফাঁস জাল) জাল দেওয়া হয়েছে। প্রত্যেকটা জালের দৈর্ঘ্য ৪ শত মিটার। যার বাজার মূল্য ২২ হাজার টাকা।
দুলাল মিয়া:
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌলভীপাড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার ভোরে শহরের মৌলভী পাড়ায় ৬ তলা বিশিষ্ট দেওয়ান প্লাজা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহ ফরহাদ উদ্দিন আহমদ আখাউড়া উপজেলার আজমপুর এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শহরের মৌলভী পাড়ায় ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর ৪টায় ৯৯৯-এ ফোন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষটি থেকে শাহ ফরহাদ উদ্দিন আহমদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাত প্রায় ৩টায় আগুন লেগেছিল।
তিনি বলেন, ফায়ার সার্ভিসকে বিলম্বে খবর দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদে বের হলেও কক্ষের ভেতরেই আটকা পড়েন শারীরিকভাবে অসুস্থ শাহ ফরহাদ উদ্দিন আহমদ।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরো বলেন, ফরহাদ উদ্দিনের পারিবারিক বিরোধ ছিল। তাই অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া। এ সময় তিনি বলেন, ঘটনাটি আসলেই দুর্ঘটনা এ বিষয়ে তদন্ত চলছে।
অনলাইন ডেস্ক :
গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় গাজায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরা জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার দেশটিতে ইসরায়েলের বিমান হামলায় নুসিরাত শরণার্থী শিবিরে তিনজন এবং গাজা শহরে দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে একদিনে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে তিনটি বাড়িতে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল হাসপাতালের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। গাজা নগরীতে দুটি বাড়িতে হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের যোদ্ধারা নজিরবিহীন হামলা চালায়। ওই হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়েছে বলে ভাষ্য ইসরায়েলের। ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী একক হামলা। এ হামলা চলাকালে হামাসের যোদ্ধারা প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশিকে ধরে গাজায় নিয়ে বন্দি করে রাখে।
এর জবাবে ইসরায়েল হামাসকে নির্মূল করার ঘোষণা দেয়। ওই দিন থেকেই তারা হামাস শাসিত গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে। তারপর থেকে প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলে অবিরাম হামলায় গাজায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে নির্বিচার হামলায় প্রায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ভূখণ্ডটির ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।
চলারপথে রিপোর্ট :
বান্দরবানের রুমায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৬ মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।
আজ ২০ মার্চ সোমবার দুপুর দেড়টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের বগালেক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে রেমাক্রী ইউনিয়নের থাইক্ষ্যং পাড়া ও স্লৌপি পাড়া থেকে রুমা-কেওক্রাডং সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত খালি ট্রাকে করে রুমা বাজারে আসছিলেন ভিজিডির চাল নিতে যাচ্ছিলেন।
ট্রাকটি বগালেক পাহাড় নামার সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ৫ জন। পরে স্থানীয়, সেনাবাহিনীর ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো এক মহিলা। এদিকে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন । এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রুমা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু বলেন, রুমায় সড়ক দুর্ঘটনায় আহত ১৪ জনের মধ্যে গুরুতর আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ নারী ও একজন পুরুষ।