অনলাইন ডেস্ক :
সুইজারল্যান্ডের জেনেভায় ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় সকাল আজ ১৬ জুন শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিট) জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
গত ১৩ জুন চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভায় যান প্রধানমন্ত্রী।
সুইজারল্যান্ডে অবস্থানকালে ১৪ জুন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন।
পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
ওইদিন বিকেলে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্লেনারিতে ভাষণ দেন।
শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ডক্টর জর্জ ভেলার সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করেন।
ওইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী আইএলও সদর দফতরে ডিজি আয়োজিত উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নৈশভোজে যোগ দেন।
১৫ জুন তিনি ‘এ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’ এ যোগ দেন। পরে ডব্লিউইএফ অফিসে এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সন্ধ্যায় ডব্লিউটিওর মহাপরিচালক ড. ওকোনজো-আইওয়ালা তার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী একটি কমিউনিটি রিসেপশনেও যোগ দেন।
‘দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩: সকলের জন্য সামাজিক ন্যায় বিচার’ হল সামাজিক ন্যায়বিচারের সমর্থনে বর্ধিত, সমন্বিত এবং সুসংগত পদক্ষেপের প্রয়োজনীয়তা মোকাবেলায় বিশ্বব্যাপী সোচ্চার হওয়ার একটি উচ্চ-স্তরের ফোরাম।
এটি সামাজিক ন্যায়বিচারের জন্য একটি গ্লোবাল কোয়ালিশন গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা ও অবহিত করার সুযোগ দিয়েছে, যা আন্তর্জাতিক শ্রম অফিসের ৩৪৭তম অধিবেশনে গভর্নিং বডি স্বাগত জানিয়েছে।
সম্মেলনে বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের অতিথিদের পাশাপাশি নিয়োগকর্তা ও শ্রমিকদের প্রতিনিধিরা বক্তব্য দেন।
দুই দিনের শীর্ষ সম্মেলনে আরও টেকসই এবং ন্যায়সঙ্গত বিশ্ব তৈরিতে সামাজিক ন্যায়বিচারের মূল ভূমিকা তুলে ধরা হয়। সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে ও ন্যায়সঙ্গত বিশ্ব নিশ্চিত করতে বর্ধিত এবং কার্যকর ধারাবাহিক যৌথ পদক্ষেপের কৌশল নিয়ে আলোচনা করা হয়। সূত্র : বাসস
চলারপথে রিপোর্ট :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা বাজারে অভিযান চালিয়ে আশা বেকারী ও হক বেকারী নামের দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ২৮ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুস সালাম।
বিষয়টি নিশ্চত করে সহকারী পরিচালক আবদুস সালাম জানান, নিমতলা বাজারে অভিযান চলাকালিন আশা বেকারী ও হক বেকারীতে মনিটরিং কালে দেখাগেছে অনুমোদন বিহীন এমোনিয়াম সালফেট ব্যবহার করে বেকারী পন্য উৎপাদন করছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে। তাছাড়া উৎপাদিত খাবারে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করছে না। বিএসটিআই অনুমোদন ব্যতিত বেকারীর পন্য উৎপাদন ও বিপনন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বেকারী দুটিকে ৯ হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক শাহালম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল।
অনলাইন ডেস্ক :
বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আর সাধারণ কেউ নয়, শুধুমাত্র সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। পাশাপাশি তাকে সরকারি চাকরিতে নবম গ্রেড বা তার ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা হতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন করতে হবে। এরপর ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বাতিল হয়ে যাবে।
পরিচালনা পর্ষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সভাপতি হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয়–এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি হতে পারবেন।
আন্ত শিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেন, বিদ্যমান নিয়মে একটি সংশোধন আনা হয়েছে। সরকারি কর্মকর্তা অথবা চাকরিরত অথবা অবসরে যাওয়া কর্মকর্তার কথা পলিসি লেভেল থেকে ঠিক করা হয়েছে। শুধু সভাপতি পদটির জন্য পরিবর্তন আনা হয়েছে। অন্য পদগুলো আগের মতোই আছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৮ নভেম্বর সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করা হয়।
চলারপথে রিপোর্ট :
ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দুতাবাস থাকতে পারবে না বলে জানিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিক মামুনুল হক। দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আজ ১৪ আগস্ট বুধবার বিকেলে স্থানীয় পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশ একথা বলেন।
তিনি আরো বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহন করেছেন। তবে ১৫ আগস্টকে কেন্দ্র পরাজিত ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদীর ঘরে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে বিশৃংখলা সৃষ্টি করার জন্য শেখ হাসিনা উষ্কানী দিচ্ছে।
তিনি বলেন বিগত ১৫ বছরে হাতুড়ী লীগের পরিচিতি পাওয়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সেই অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ আজ স্বাধীন। ছাত্র-জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ১৫ আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় তাহলে প্রতিহত করা হবে।
এ জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও অন্তর্বর্তীকালী দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতের নেতাকর্মীদের ১৫ আগস্টসহ গোটা আগস্ট মাসে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, আওয়ামীলীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। ১৯৭৫ সালে সাড়ে ৩ বছরে ৩০ হাজার যুবককে হত্যা করা হয়েছে। এ দেশে বাকশাল কায়েমের মধ্য দিয়ে মানুষের সকল অধিকার হরণ করা হয়েছিল।
অধিকার হারা মানুষ তখন ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখন শেখ হাসিনা ঘোষনা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছিল সে জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহন করবেন। বিগত ৪৫ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন। তিনি এখন খুনের নেশায় মাতাল। তিনি ভারতের নরেন্দ্র মোদীর সাথে আখড়া বেধেছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। তিনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান এবং সারাদেশে হেফাজত কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি করেন।
হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে ও মাওলানা জুনায়েদ কাসেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবী, সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হুসেন রাজী প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
সাবিয়া আক্তার মুমুকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরছিলেন বাবা মোহাম্মদ লোকমান। ফেরার পথে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইমামনগর স্কুলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়।
এসময় প্রাইভেটকারটি লোকমানের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা জানে আলম বলেন, নিহত লোকমানের মেয়ে সাবিয়া আক্তার মুমু চলতি বছর ভাটিয়ারীর সাজেদা আলম বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ফৌজদারহাট কেএম হাই স্কুল কেন্দ্রে তার পরীক্ষা হচ্ছে। মঙ্গলবার তার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল। লোকমান মেয়েকে মোটর সাইকেলে কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে ভাটিয়ারী ইমামনগর স্কুলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে লোকমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
অনলাইন ডেস্ক :
রামগতিতে আট মাসে পবিত্র কোরআনে হাফেজ হয়েছেন মোহাম্মদ ওমর ফারুক নামে এক শিশু।
শিক্ষকরা জানান, অধিক আগ্রহ ও মননশীলতায় দ্রুত সময়ের মধ্যে ওমর পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে । তার এ সাফল্যে মুগ্ধ শিক্ষক-অভিভাবক সবাই।
ওমর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ও একই এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিন রানার ছেলে।
ওমরের বাবা জিয়া উদ্দিন বলেন, আমার মা চেয়েছিলেন ওমর যেন কোরআনে হাফেজ হয়। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে এতো দ্রুত স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় বিস্মৃত হয়েছি।
শিশু ওমর ফারুক বলে, আল্লাহ রহমত ছিলো বলে চেষ্টা করে আমি সফল হয়েছি। সকলের কাছে দোয়া চাই যেন বড় হয়ে ভালো একজন আলেম হয়ে দ্বীনের প্রচারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি।
শিক্ষকরা জানান, ওমর মেধাবী। তার শেখার আগ্রহ সবাইকে অনুপ্রাণিত করেছে। প্রথম দিকে তাকে ২-৩ পৃষ্ঠা সবক দেওয়া হতো। এরপর সে নিজেই ৫-১০ পৃষ্ঠা পর্যন্ত সবক নিয়েছে। সবাই যখন বিকেলে খেলাধুলা করত, তখন ওমর পড়া নিয়ে ব্যস্ত থাকত। তার পড়া দেখে সবাই মুগ্ধ হয়। হাফেজ হওয়ার দিনও তাকে রুটিন অনুযায়ী পড়তে দেখা গেছে।
স্বজনরা জানিয়েছেন, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাকে মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করা হয়।