চলারপথে রিপোর্ট :
সরাইলে নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই বহিষ্কার হলেন উপজেলার সূর্যকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহগীর মৃধা।
গত ১৩ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় তাকে বহিষ্কার করা হয় এবং ওই দিনই তাকে চিঠির মাধ্যমে জানিয়ে বহিষ্কারের বিষয়টি দেয়া হয়।
তার বিরুদ্ধে ওই বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের লিখিত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনের আলোকে শিক্ষা কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, মোঃ শাহগীর মৃধা সরাইলের কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি ২০২২ সনের ৭ ডিসেম্বর ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এদিকে তার বহিষ্কারের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরাইল উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে ।
সূত্র মতে, মোঃ শাহগীর মৃধার বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর থেকেই তার মধ্যে স্বৈরাচারী মনোভাবের সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার জন্যই তা ক্ষতিকারক। এ ছাড়াও তার বিরুদ্ধে ছাত্রীদের আদরের ছলে তাদের সাথে অনভিপ্রেত ও কুরুচিপূর্ণ আচরণ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তার সুপারিশের প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভার গৃহীত সিদ্ধান্তের আলোকে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত সভাপতি মোঃ শাহগীর মৃধার সাথে কথা বলার জন্য একাধিকবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সূর্যকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিরা ঝর্ণার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সভাপতিকে বহিষ্কারের চিঠি পেয়েছেন বলে জানান। তিনি আরো জানান, ভারপ্রাপ্ত সভাপতি নাকি নতুন সভাপতি নিয়োগ করা হবে তা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নৌসাদ মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি সভাপতি মোঃ শাহগীর মৃধাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৩ জুন থেকেই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে সারোয়া উরপে লাল খাঁ (২৫)।
এ ঘটনাটি ঘটেছে ২৯ মার্চ শুক্রবার দিবাগত রাত ১০টায় সরাইল উপজেলার সদরের বড্ডাপাড়া কুমার বাড়ি সংলগ্ন সড়কে।
এসময় ঘটনাস্থলে হত্যাকাণ্ডের সাথে জড়িত জসিম মিয়া (৩৭) নামে একজনকে ছুরিসহ হাতেনাতে এলাকার জনতা আটক করে সরাইল থানা পুলিশের হাতে তোলে দেন। একজন পালিয়ে যায়। পরবর্তীতে আটক জসিম’কে জিজ্ঞাসাবাদ শেষে তাৎক্ষনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের মূলহোতা আলামিন (৩৫) কে সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রাম থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, লাল খা হত্যাকাণ্ডে গ্রেফতার জসিম মিয়া (৩৭) ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন নরসিংসার এলাকার নুর মিয়া’র ছেলে, সে উপজেলা সদরের সৈয়দটুলা (হাফিজটুলা) এলাকায় শ্বশুর মোশাররফ হোসেনের বাড়িতে বসবাস করত এবং অপর আসামি আলামিন (৩৫) বিজয়নগর থানাধীন সেজামুড়া এলাকার মৃত সফিক মিয়া’র ছেলে, তবে বর্তমানে সরাইল বড্ডাপাড়া গ্রামে মৃত হাফিজ মিয়া’র বাড়িতে ভাড়া’য় থাকে আলামিন।
নিহত লাল খা’র বুকের উপরে, নীচে এবং বামহাত মিলিয়ে মোট ৩টি ছুরিকাঘাত করে। লাল খা’র চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে আসেন এবং দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা–নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে, এ হত্যাকাণ্ডে আটক জসিম ও আল আমিনকে আসামি করে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ ২১ আগস্ট সোমবার এ ঘটনায় হাকিম মিয়া(২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাকিম মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে। সোমবার দিনে দুপুরে উপজেলা অরুয়াইল বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলায় আহত সরাইল থানার এএসআই শামছুল আলম বলেন, দুপুরে অরুয়াইল বাজার এলাকায় দায়িত্বকালে বাজারের সুতা ব্যবসায়ী কালা মিয়া জানান, তার মেয়ে জামাই হাকিম মিয়া (২৮) তার মেয়ে সোমাকে (২১) মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন তার মেয়ে সোমা অরুয়াইল বাজারের হাজি শিশু মিয়া মার্কেটের ব্যবসায়ী বাচ্চু মিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থান করছেন। সোমা ও তার বাবা কালা মিয়া থানা বা কোর্টে গিয়ে আইনের আশ্রয় নিতে সাহায্য প্রার্থনা করেন। ব্যবসায়ী বাচ্চু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের নিয়ে বের হওয়ার সাথে সাথে মেয়ের জামাই হাকিম মিয়া ও রিফাতসহ অজ্ঞাত ৫/৬ জন যুবক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। তাদের হামলায় আমিসহ আরেকজন পুলিশ সদস্য রোকন উদ্দিনও আহত হয়।
সরাইল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আ.স.ম আতিকুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় নামধারী ২ জন এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে মো. রতন মিয়া নামে এক চাল ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়।
সরাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালিকচ্ছ বাজারে বেশ কিছুদিন যাবত সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মো. রতন মিয়ার গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল (৩০ বস্তা) উদ্ধার করা হয়।
এসময় গুদাম মালিক চালের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, সরকারি চাল গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ। এগুলো অবৈধভাবে মজুদ করে বাজারে সংকট সৃষ্টি বা অধিক মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছে।
এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জব্দকৃত চালের বস্তাগুলো উপজেলা খাদ্য কর্মকর্তার জিম্মায় খাদ্যগুদামে প্রেরণ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্যসহ সাংবাদিকবৃন্দ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ইউএনও মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসকের মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছানের সভাপতিত্বে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা ও বর্ণাঢ্য ওয়াকাথন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন।
সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, বি.আর.ডি.বি কর্মকর্তা মো. মাসুদ রানা, নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সমবায় কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাংবাদিক ফায়জুল কবির ও মো. রিমন খান। এ ছাড়াও সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, ঋণ গ্রহীতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনির সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন। সভায় একজন প্রতিবন্ধীর হাতে সমাজসেবা অধিদপ্তরের সহায়তার ২০ হাজার টাকার চেক দেয়া হয়। এ ছাড়া এই সরাইলে ৭০ জনকে ৩৫ লাখ ৯২ হাজার টাকা সুদ বিহীন প্রদানের বিষয়টি জানানো হয়।
বক্তব্য রাখেন- মিতালী সমাজ কল্যাণ সমিতির সভাপতি ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক মো. শফিকুর রহমান ও উচালিয়াপাড়া মাদ্রাসার এতিমখানার প্রতিনিধি মো. শাহিদুর রহমান। বক্তারা সমাজসেবা কার্যালয়ের সুদ বিহীন ঋণ, প্রতিবন্ধী ভাতা ও ৬ ধরণের জটিল রোগীদের আর্থিক সহায়তাসহ ৭টি সামাজিক নিরাপত্তা বেষ্টনির প্রশংসা করে বলেন, দেশের অস্বচ্ছল দরিদ্র অসহায় মানুষদের ভরসার একমাত্র জায়গাই হচ্ছে সমাজসেবা অফিস। প্রধান অতিথি বলেন, সমাজের সকল স্তরের মানুষকে সেবা দেয়ার সংস্থাটি সমাজসেবা। সামাজিক নিরাপত্তা বেষ্টনিসহ যেকোন ধরণের সুবিধা ভোগ করতে কোন ধরণের সমস্যা বা প্রতিবন্ধকতার মধ্যে পড়লে কোন দালাল নয়, সরাসরি সমাজসেবা কর্মকর্তাকে জানাবেন। সমাধান না পেলে আমাকে জানাবেন। আমি অবশ্যই সমাধানের ব্যবস্থা নিব। ভাতা পাওয়ার যোগ্য অথচ পাচ্ছেন না। আবার যোগ্য নয় অথচ ভাতা পাচ্ছেন। এমন তথ্য আমাকে জানাবেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচনে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে প্রার্থী শাহজাহান আলম সাজু।
৫ নভেম্বর রবিবার রাত সোয়া ৯টায় এ ফলাফল ঘোষণা করেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সাজুর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭ হাজার ৫৭৭ ভোট।
বাকি তিন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ লাঙল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৫৫১ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক আম প্রতীকে ৭৩৯ পেয়েছেন। এছাড়া ত্রুটিপূর্ণ থাকায় ভোট বাতিল হয়েছে ১৩০৮টি।
বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৫০ বছর পর আওয়ামী লীগের নৌকা প্রতীক জয়লাভ করলো। স্বাধীনতার পর ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন বঙ্গবন্ধুর খুনি তাহের উদ্দিন ঠাকুর। এরপর সরাইল-আশুগঞ্জ নিয়ে গঠিত এ আসনে নৌকা প্রতীক নিয়ে কেউ জয়লাভ করতে পারেননি। তাহের উদ্দিন ঠাকুরের পর ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে উকিল আব্দুস সাত্তার ভূঞা। পরবর্তীতে একই বছর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির প্রার্থী ফরিদুল হুদা ধানের শীষ প্রতীককে জয়লাভ করেন।
১৯৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হুমায়ুন কবির লাঙল প্রতীকে জয়লাভ করেন। বিএনপিতে যোগদান করলে ১৯৯১, ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ৯৬-এর ১২ জুন নির্বাচনে উকিল আব্দুস সাত্তার ভূঞা জয়লাভ করেন। ২০০১ সালে চার দলীয় জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ফজলুল হক আমিনী জয়লাভ করেন। ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনে মহাজোট থেকে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয়পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা জয় পান।
২০১৮ সালের জাতীয় নির্বাচনের বিএনপির প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঞা ফের বিজয়ী হন। এরপর তিনি জাতীয় সংসদ ও বিএনপি থেকে পদত্যাগ করলে চলতি বছরের ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে কলারছড়ি প্রতীকে উকিল আব্দুস সাত্তার আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে রোববার উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান আলম নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করলেন।
৫০ বছর পর আওয়ামী লীগের কোনো প্রার্থী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করায় উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। বিভিন্ন কেন্দ্রে ভোটের ফলাফল প্রকাশের পর খণ্ডখণ্ড আনন্দ মিছিল বের করেন তারা।
এ বিষয়ে সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, আমরা নেত্রীর কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন পর এ আসনে নৌকা প্রতীক জয় পেয়েছে। এতে দলের সবাই আনন্দিত-উৎফুল্ল। আমরা দীর্ঘদিন পর নৌকা উদ্ধার করতে পেরেছি।
জয়ের পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি বলেছিলাম দীর্ঘদিন আমরা যে বঞ্চনার শিকার হয়েছি, এর থেকে বেরিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবের সফল যেন হতে পারি।