অনলাইন ডেস্ক :
বাংলাদেশে যে কত মানুষ আর্জেন্টিনার ভক্ত তার কেউ বলতে পারবে না। তবে ৪ বছর পর পর যখন ফুটবল বিশ্বকাপ খেলা শুরু হয় তখন দেখা মিলে। তখন লাখ লাখ ভক্ত আর্জেন্টিনার সাফল্য কামনায় রাত জেগে খেলা দেখেন। আর সে দলের পক্ষে স্লোগান তুলেন। সেই আর্জেন্টিনা দলের মহা তারকা এলেন বাংলাদেশে। তার সঙ্গে দেখা হলো বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি বিন মুর্তজা আর্জেন্টিনার ভক্ত তা জানে না কেউ। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে শিরোপার অপেক্ষা দূর হয়েছিল। অপেক্ষা দূর হয়েছিল মাশরাফির।
নিজের প্রিয় দলকে বিশ্বকাপ জিততে দেখবেন এমন স্বপ্ন দেখেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নিজেও। সেই স্বপ্ন কাতারে পূরণ করেছেন মেসি, ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজরা। মাশরাফির এবং কোটি ফুটবলপ্রেমির স্বপ্ন পূরণের অন্যতম নায়ক মার্টিনেজ এখন বাংলাদেশে।
১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে সোমবার ভোরেই বাংলাদেশে এসেছেন। সকালে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার। যেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন মাশরাফি। মেয়ে হুমায়রা ও ছেলে সাহেলকে নিয়ে মাশরাফি সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।
খুব কাছ থেকে তারা দেখেছেন মার্টিনেজকে। ছবি তুলেছেন। সাদা-নীল জার্সিতে পেয়েছেন অটোগ্রাফ। অল্প কিছুক্ষণের জন্য মার্টিনেজকে কাছে পেয়ে মুগ্ধ মাশরাফি। এত আন্তরিকতা দেখাবেন তা ভাবতেও পারেননি তিনি।
মার্টিনেজের সঙ্গে দেখা করার পর বিমুগ্ধ হয়ে নিজের প্রতিক্রিয়া ফেসবুকে লিখেছেন মাশরাফি, ‘এমিকে ভালো লাগার শুরু কোপা আমেরিকা থেকেই, যেখানে সে টাইব্রেকারে দুটি গোল আটকে দিয়ে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনো শিরোপা জিতল আর্জেন্টিনা! লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ। স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়ে ছিলাম বিশ্বকাপের দিকে। কিন্তু সৌদি আরবের সাথে হেরে মনে হয়েছিল, আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্ন পূরণের মতো।’
‘সেই জয়ের অন্যতম নায়ক এমির সঙ্গে দেখা হলো আমাদের এই ঢাকায়। খুব অল্প সময়ের জন্য দেখা, কিন্তু দারুণ এক অনুভূতি। বিশ্বকাপ জয়ী দলের গোলকিপার চোখের সামনে! সে তো জানে না, আমার এবং আমার মতো আরও কত কোটি মানুষের কত বছরের অপেক্ষা শেষ হলো, যেদিন তার ঐ হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করলো!’
‘আজকে সে সাক্ষাতের মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে দেখাল, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছে, বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির ১৮ সেকেন্ড আগে কোলো মুয়ানির শটটি আটকিয়ে দিয়েছিল যে জায়গা দিয়ে। এক সেকেন্ডের জন্য মনে হলো, আসলে বিশ্বকাপটাতো ওখানেই জিতে নিয়েছে।’
‘আজকে আসলে বেশি ভালো লাগছে আমার সন্তানদের জন্য। যখন বললাম, ‘এমি আসছে, তোমাদের কি দেখা করার ইচ্ছা আছে?’ ওরা লাফাচ্ছিল। সবশেষ দুটি দিন ওরা ঠিকমতো ঘুমাতে পারছিল না এমিকে দেখবে বলে। আজকে এমির সঙ্গে দেখা হওয়ার পর বললাম, ‘বাচ্চারা তোমার অটোগ্রাফ নিতে চায়।’ সে এত আন্তরিকতা দেখাল, এক কথায় অসাধারণ। এমনকি সে ছবিও তুলে দিল ওদের সঙ্গে। এখন তারা মহাখুশি, আর ওদের খুশিতে আমিও এখন মহাখুশি।’
‘এমি, আপনাকে স্বাগত এই বাংলার মাটিতে। এখানে আপনাদের অগণিত ভক্ত আছে, যুগ যুগ ধরে। আশা করি, আপনারও ভালো লাগছে এই মাটিতে পা রেখে।’
‘পাশাপাশি এটাও ভাবি, সত্যি বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করবে আর আমরা আমাদের পতাকা নিয়ে মিছিল করব, ইনশাল্লাহ। অনেকের কাছে এখন এটা অবাস্তব মনে হতে পারে। তবে আমি বিশ্বাস করি, কাজটা কঠিন, খুব কঠিন হলেও অসম্ভব নয়। স্বপ্ন পূরণের সেই দিনটির অপেক্ষায় আছি, ইনশাল্লাহ।’
অনলাইন ডেস্ক :
বিষয়টা অনুমিতই ছিল। সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপের আগেই বলেছিলেন নেতৃত্বে আর থাকবেন না। তবে সাকিব সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন, নাকি কেবল ওয়ানডেতে সেটাই ছিল দেখার।
অবশেষে জানা গেলো, তিন ফরম্যাটেই দায়িত্ব ছেড়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১২ ফেব্রুয়ারি সোমবার জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
আজ ১২ ফেব্রুয়ারি সোমবার বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এর আগে সাকিবের চোটে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন শান্ত। বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
পরে সাকিবের অনুপস্থিতিতে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও অধিনায়কত্ব করেন শান্ত। অধিনায়ক ছিলেন এরপর নিউজিল্যান্ড সফরেও।
শান্তর নেতৃত্বেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট জেতে। নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারায় বাংলাদেশ, পরে জেতে একটি টি-টোয়েন্টিও।
তখন থেকেই আলোচনা হচ্ছিল, সব ফরম্যাটে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক হতে পারেন শান্ত। সেটাই হলো।
অনলাইন ডেস্ক :
গেল বছরের ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবল চলাকালীন মাত্র ৪৮ ঘণ্টায় ৫ হাজার ৩৮২ জন বাংলাদেশি ফুটবলপ্রেমী তাদের প্রিয় দলের জার্সি পরে ছবি আপলোড দেন ‘ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস’-এর ওয়েবসাইটে। এই ছবিগুলো নিয়েই প্ল্যাটফর্মটি তৈরি করে জার্সি পরিহিতদের নিয়ে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ফটো অ্যালবাম। আর এতেই হয়ে যায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। পুরো প্রক্রিয়ায় সহায়তা করে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও প্রথম আলো ডটকম।
ফুটবলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা আর উন্মাদনা আরো একবার বিশ্বদরবারে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। রেকর্ড গড়ার জন্য দেশজুড়ে থাকা ফুটবল অনুরাগীরা ফিফা এবং প্রিয় দলের লোগো সম্বলিত জার্সি পরে ছবি তুলে ‘ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস’-এর ওয়েবসাইটে আপলোড দেন। এ প্রক্রিয়া শুরু হয় ১৬ ডিসেম্বর রাত ৯টা থেকে ১৮ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। গিনেস কর্তৃপক্ষের গাইডলাইন অনুসরণ করে এ রেকর্ড গড়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন দেশের অসংখ্য ফুটবলপ্রেমী। নানা যাচাই-বাছাইয়ের পর সম্প্রতি গিনেস কর্তৃপক্ষ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ওয়ার্ল্ড রেকর্ডের এই স্বীকৃতি দিয়েছে।
প্রসঙ্গত, এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের, যেখানে ৫ হাজার ২৯৭ ব্যক্তি দেশটির ন্যাশনাল ফুটবল লীগ (এনএফএল) এর বিভিন্ন দলের জার্সি পরে ছবি আপলোড দেন। যা দিয়ে তৈরি হয় অনলাইন ফটো অ্যালবাম। এই লিংকে দেখা যাবে বাংলাদেশের করা রেকর্ডটি।
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আরো ১০টি পণ্যকে মান সনদের আওতায় এনেছে। বিএসটিআই’র সর্বোচ্চ নীতিনির্ধারণী কাউন্সিলের ৩৭তম সভায় বাধ্যতামূলক মান সনদের তালিকায় ১০টি নতুন পণ্যকে মান সনদের অন্তর্ভূক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রাধন কার্যালয়ে এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতিনির্ধারণী কাউন্সিলের এ সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ সভায় সভাপতিত্ব করেন। নতুন যে ১০টি পণ্য মান সনদের আওতায় আনা হয়েছে তার মধ্যে রয়েছে ডিসপোজেবল ডায়াপারস, ফেসওয়াস, পেট্রোলয়িাম জেলি, রুটি (ফ্ল্যাটব্রেড/ টরটিলা), এ্যারোসলস, গিজার, শেভিং ফোম/জেল, আই কেয়ার, হেয়ার ডাইস লিকুইড ও শু-পলিশিং লিকুইড। বর্তমানে বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্যের সংখ্যা ২২৯টি। বিএসটিআই কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান শিল্পসচিব জাকিয়া সুলতানা এ সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া, এ সভায় শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, জ্বালানি ও খনিজ সম্পদ, আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক, ইপিবি এবং এমসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিএসটিআই’র মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব মোঃ আবদুস সাত্তার এ সভা পরিচালনা করেন।
সভাপতির বক্তৃতায় শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই সকলের জন্য একটি আস্থার জায়গা তৈরি করেছে। পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভ্যন্তরীণ বাজার এবং রপ্তানির ক্ষেত্রে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করা এবং মানসম্মত পণ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বর্তমান বিশ্বে হালাল পণ্যের সার্টিফিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিএসটিআইকে পণ্যের হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে গুণগত মান ঠিক রেখে এগিয়ে যেতে হবে।
জনগণের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে বিএসটিআইকে আরও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ব্যবসায়ীরা করোনা মহামারিকে পূঁজি করে অতিরিক্ত মুনাফা করেছে। তারা পণ্যে ভেজাল দিচ্ছে, সিন্ডিকেট করছে। তিনি বলেন, ১৭ কোটি মানুষকে রক্ষায় বিএসটিআইকে দায়িত্ব নিতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে কাজ করতে হবে।
কাউন্সিল সভার পরে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিএসটিআই’র ৯১ জন নবনিযুক্ত কর্মকর্তার নিয়োগ, যোগদান এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিএসটিআই’র মহাপরিচালক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক :
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেত্রী আঁচল তিওয়ারি। বিহারের কাইমুরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। ২৬ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠান করতে যাওয়ার পথে মৃত্যু হয় এই ভোজপুরি অভিনেত্রীর। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গায়ক ছোটু পাণ্ডেও। জানা গেছে, দুর্ঘটনায় ভোজপুরি চলচ্চিত্রের চার উঠতি তারকাসহ ৯ জন নিহত হয়েছেন।
জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে আঁচলকে। এ ছাড়া ভোজপুরি চলচ্চিত্রের অনেক জনপ্রিয় মুখ তিনি। অভিনয় করেছেন হিন্দি চলচ্চিত্রেও।
ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে। পুলিশ জানিয়েছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, সংগীতশিল্পী ছোটু পাণ্ডেসহ আটজন প্রাণ হারিয়েছেন। সিমরান শ্রীবাস্তব নামে এক ভোজপুরি অভিনেত্রীও দুর্ঘটনায় নিহত হন।
মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদের শনাক্ত করা হয়েছে।
যার মধ্যে রয়েছে ভোজপুরি শিল্পী বিমলেশ পাণ্ডে ওরফে ছোটু পাণ্ডে। অন্য নিহতদের মধ্যে ছিলেন আঁচল তিওয়ারি, সিমরন শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পাণ্ডে, শশী পাণ্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পাণ্ডে। এদের মধ্যে বক্সারের বাসিন্দা ভোজপুরি গায়ক ছোটু পাণ্ডে, তার ভাগ্নে অনু পাণ্ডে, গীতিকার সত্য প্রকাশ মিশ্র বৈরাগী, বারানসির বাসিন্দা অভিনেত্রী সিমরন শ্রীবাস্তব এবং আঁচল তিওয়ারি ভোজপুরি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুই নারীসহ আটজনকে বহনকারী একটি গাড়ি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দিতেই এই দুর্ঘটনা ঘটে। এরপর এসইউভি এবং বাইক উভয়ই অন্য লেনে চলে যায়, যেখানে একটি দ্রুতগামী ট্রাক তাদের সঙ্গে এসে ধাক্কা লাগে।
ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ নয়জন নিহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাকচালক।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘কাইমুর জেলার মোহানিয়া থানা এলাকায় এনএইচ২-এ দেবকালীর কাছে একটি ভয়ংকর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
অনলাইন ডেস্ক :
জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদানের অভিযোগে গত রবিবার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বহিষ্কারের সত্যতা গণমাধ্যমে স্বীকার করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।
গত বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক ‘সাবেক’ বলেই উল্লেখ করেন তিনি। শুধু তাই নয় গত ১৭ জুলাই নিজের ফেসবুকে সেটা পোস্টও দেন। এ নিয়ে সে সময় তিনি ব্যাপক সমালোচনায় জড়ান। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়।
আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের একান্ত কাছের মানুষ হওয়ায় নিপুণ আক্তার কোনো চিঠিই আমলে নেননি। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ উঠে এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে। গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ।
এর আগে, গত ১০ জানুয়ারি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। নিপুণের নামে মামলা না থাকায় পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আটকের খবর সত্য নয় দাবি করেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রী নিপুণ আক্তার দেশে আত্মগোপনে রয়েছেন।