চলারপথে রিপোর্ট :
কসবায় সোহেল রানা ওরফে দুষ্টু (২৪) হত্যাকান্ডের ঘটনায় তার প্রেমিক রাকিব (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রাকিবুল হাসানের কাছে সোহেল রানা ওরফে দুষ্টুকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে রাকিব। আদালতে রাকিব জানায় বাড়িতে চলে যাওয়ার কথা বলায় সে দুষ্টুকে পিটিয়ে হত্যা করে। গ্রেফতারকৃত রাকিব কসবা উপজেলার গুনিনপাড়া (কলেজপাড়া) এলাকার মোঃ নাছির মিয়ার ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক।
নিহত সোহেল রানা ওরফে দুষ্টু দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সাবের আলীর সন্তান। সে কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতো।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, গত সোমবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কসবা থেকে ঘাতক রাকিবকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হলে রাকিব বিজ্ঞ বিচারক রাকিবুল হাসানের কাছে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে।
জবানবন্দিতে রাকিব জানায়, দুষ্টু আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের অজান্তা হিজরাকে গুরু মানতেন। সেই সুবাধে দুষ্টু কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
আনুমানিক ৭/৮ মাস আগে সোহেল রানা ওরফে দুষ্টুর রাকিবের পরিচয় হয়। ইজিবাইক চালানোর সূত্র ধরে সোহেল রানা ওরফে দুষ্টুর সাথে রাকিবের পরিচয় হয়। রাকিব দুষ্টুকে নিয়ে তার ইজিবাইক দিয়ে বিভিন্ন জায়গায় নেওয়া-আসা করতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে রাকিব দুষ্টুর ভাড়া বাসায় আসা যাওয়া করতো।
গত ঈদ-উল আযহার পরদিন ৩০ জুন রাতে দুষ্টু রাকিবকে ফোন দেয়। ফোন পেয়ে রাকিব দুষ্টুর বাসায় যায়। সেখানে যাওয়ার পর দুষ্টু রাকিবকে জানায় সে দিনাজপুর নিজ বাসায় চলে যাবে। এই কথা শুনে রাকিব ক্ষিপ্ত হয়ে দুষ্টুকে গালাগাল করে। এনিয়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে রাকিব দুষ্টুর বাসা থেকে চলে আসলে দুষ্টুও রাকিবের পেছন পেছন আসে। পরে দুষ্টু গোপীনাথপুর এলাকার সেকান্দারপাড়ায় গেলে রাকিব একটি গাছের ঢাল দিয়ে দুষ্টুর মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে রাকিব একটি ইটের ভাঙা অংশ দিয়ে আবারো দুষ্টুর মাথায় আঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দুষ্টুকে রেখে রাকিব পালিয়ে যায় ও দুষ্টুর গুরু অজন্তার মাকে ফোন দিয়ে জানায় দুষ্টুর লাশ গোপীনাথপুর এলাকার সেকান্দারপাড়ায় পড়ে আছে। পরে সে ফোন বন্ধ করে দেয়।
চলারপথে রিপোর্ট :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, অনেকে নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন। তারা ভালো করেই জানেন তাদের পেছনে জনগণ নেই। তারা আমাদের মাঝে সংশয় সৃষ্টি করতে চায়। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ ১৫ নভেম্বর শনিবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনের দিন গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে মুশফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ফ্রেব্রুয়ারির মাসের প্রথম দিকে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন। নির্বাচনের সাথে গণভোট দিয়েছে। নির্বাচনের দিন গণভোট হলে ক্ষতি কি? জনগণ যা চায় তাই হবে। মানুষ নির্বাচন চায়। নির্বাচনের কোন বিকল্প নাই।
মুশফিকুর রহমান বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা করছে, এতে নির্বাচনে কোন প্রভাব পড়বে কি না যুগান্তরের এমন প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, পৃথিবীর কোন দেশ আছে যে রাজনৈতিক বিভেদ থাকে না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্পের বিরুদ্ধেও তো প্রতিবাদ হচ্ছে। তাহলে তার ফলাফল কোথায় হবে, ফলাফল হবে নির্বাচনে। জনগণের রায়ই চূড়ান্ত। জনগণ যা বলবে তাই হবে। এর আগে তিনি আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। এসময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দলীয় নেতাকর্মীরা তাকে ঢাকঢোল বাজিয়ে অভ্যর্থনা জানান।
বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। পরে তিনি তারেক রহমানের ৩১দফার প্রচারণায় সড়ক পথে গাড়ির বহর নিয়ে কসবা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন।
এ সময় মুশফিকুর রহমান ছাড়াও আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুর মিশন মনসুর মিশন, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, শফিকুল আলম তুরান প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
কসবায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরী গত বৃহস্পতিবার জুয়েল মিয়া (২৫) ও তার স্ত্রী রুমি আক্তারকে আসামি করে থানায় মামলা করে। পরে রাতেই জুয়েল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। জুয়েল উপজেলার চারুয়া গ্রামের নুর জামালের ছেলে।
জানা যায়, ওই কিশোরী উপজেলার বায়েক ইউনিয়নের একটি গ্রামে পড়াশোনা করত। জুয়েল তাঁর স্ত্রীকে নিয়ে ওই গ্রামে শ্বশুরবাড়িতে বাস করেন। দুই মাস আগে এক দিন কিশোরী জুয়েলের ঘরে ঘুমিয়ে থাকার সুযোগে তাকে ধর্ষণ করে জুয়েল। এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাকে। এর পর থেকে প্রতিদিনই ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করত জুয়েল। বিষয়টি একসময় জুয়েলের স্ত্রীকেও জানায় কিশোরী। পরে মাকে জানায় সে।
কসবা থানা পরিদর্শক (তদন্ত) জানান, জুয়েলকে আদালতে পাঠানো হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দাইসার গ্রামের সফিক মিয়ার ছেলে সবুজ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের মজলিশপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে শরীফ মিয়ার একটি নারী সংক্রান্ত ঘটনায় বিরোধ হয়। ওই বিরোধ মেটাতে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয়রা দুই গ্রামবাসীর উদ্যোগে চান্দাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সালিশ বৈঠকে বসেন। সাবেক ইউপি সদস্য মো. মতিন মিয়ার সভাপতিত্বে এবং বিল্লাল হোসেনের সঞ্চালনায় বৈঠকে ইউপি সদস্য রাশেদুল ইসলাম রাসেলসহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।
বৈঠক চলাকালীন দুই গ্রামের লোকজনদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দুই গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। তাদের মধ্যে থেকে গুরুতর আহতরা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
অপরদিকে অন্যান্য আহতদের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালীন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনায় মজলিশপুর গ্রামের ফারুক হোসেন বাদী হয়ে চান্দাইসার গ্রামের ৯ জনের বিরুদ্ধে এবং চান্দাইসার গ্রামের সুজন মিয়া বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করেন।
বিনাউটি ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার রাশেদুল ইসলাম রাসেল বলেন, একটি নারীসংক্রান্ত বিষয় নিয়ে সবুজ ও শরীফ মিয়ার সঙ্গে সংঘর্ষ হয়। ওই বিরোধ মেটাতে সালিশ বৈঠক চলাকালীন দু’পক্ষের সমর্থকদের মধ্যে আবারো সংঘর্ষ হয়। এ সময় দু’পক্ষই তাদের গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ জড়ায়।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা বলেন, নয়জনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
কসবা থানার ওসি মো. রাজু আহমেদ বলেন, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দু’পক্ষ দুটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দুটি প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চলারপথে রিপোর্ট :
কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে মো. তানজিম মিয়া (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ ২ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। নিহত তানজিম মিয়া ওই গ্রামের প্রবাসী মো. আবু তাহেরের ছেলে। তার মাতা ছলিমা আক্তার। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল মেঝো এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টার পর থেকে তানজিমকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। বাড়ির আশপাশ ও আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করেন। কিন্তু কোনো খোঁজ মেলেনি। পরে নিখোঁজের ঘটনায় তানজিমের চাচাতো ভাই রমজান মিয়া ১ ফেব্রুয়ারি শনিবার কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
দুপুরে গ্রামের কয়েকজন লোক বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন। মুহূর্তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, শিশুটির নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছিল। গতকাল পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় এক গৃহবধূর গোসল করার ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়ার ঘটনায় মোল্লা দেলোয়ার হোসেন জিন্নাহ (২৯) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার আড়াইবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোল্লা দেলোয়ার হোসেন জিন্নাহ উপজেলার আকসিনা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, দেলোয়ার হোসেন উপজেলার আড়াইবাড়ি এলাকার এক গৃহবধূর গোসল করার ভিডিও গোপনে মোবাইল ফোনের ধারণ করে। পরে ওই গৃহবধূর কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিওটি ফেসবুক, ইউটিউসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন। পরে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ও তার মোবাইল ফোনে থাকা সেই ভিডিওটি পাওয়া যায়।
তিনি আরো বলেন, দেলোয়ারের বিরুদ্ধে আগে অস্ত্র, মাদক ও চুরিসহ তিনটি মামলা রয়েছে। এর মধ্যে কসবা থানায় একটি মাদক, একটি অস্ত্র আইনে ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি চুরির মামলা রয়েছে।