চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশু সহ ১০জন আহত হয়েছেন। আজ ৯ জুলাই রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া, খারাসার ও নাওঘাট গ্রামে ১০জনকে কুকুরে কামড়ায়।
আহতদের মধ্যে ৭জনকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন, হামিদা বেগম (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০) ও খাদিজা বেগম (১০)।
হাসপাতালে আহতদের স্বজনরা জানায়, উপজেলার রবিবার সকাল থেকেই উপজেলার খারাসার গ্রামে একটি পাগলা কুকুর এসে উৎপাত শুরু করে। পরে কুকুরটি খারাসার গ্রামে কয়েকজন পথচারীকে কামড়িয়ে তারুয়া ও নাওঘাট এলাকায় চলে আসে। পরে সেখানেও নারী-শিশুদের কামড়িয়ে আহত করে। ৪ শিশুকে কামড়িয়ে কোমড় ও পায়ের মাংস ক্ষতবিক্ষত করে। আহতদের মধ্যে ৭জনকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া ও বাকী ৩জন স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
এ ব্যাপারে তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুর কামড়ানোর বিষয়টি জানতে পেরেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, কুকুরে কামড়ানোর বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে বলা যাবে।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে বিল্লাল মিয়া (৬০) নামেঅটোরিক্সা গ্যারেজের মালিক অটোরিক্সা গ্যারেজের মালিককে হত্যা করে অটোরিক্সা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
আজ ২৩ ডিসেম্বর সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল মিয়া আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই জানান, রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয় বিল্লাল মিয়া। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টা পর্যন্ত অনেকেই তাকে দেখেছে কিন্তু সে বাড়ি ফিরে আসেনি। সকালে ঘুম থেকে উঠেই তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়। খবর পেয়ে আমরা এসে তাকে মৃত দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জ উপজেলায় ১০৮০ কেজি জিরা, ১২৬শত প্যাকেট ফুচকা, ১২ লাখ ৫০ হাজার পিস মার্বেল, ৪ হাজার পিস মোবাইল ফোন ডিসপ্লেসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
৯ নভেম্বর শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেট জেলার সদর উপজেলার মোঃ শাহ আলম (৪৩), সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার মোঃ কাশেম (৫০) ও একই এলাকার রতন মিয়া (২৯)।
আজ ১০ নভেম্বর রবিবার পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১২টার দিকে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান সহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যানে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকারের পণ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আজ দুপুরে গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রাম। নদী ভিত্তিক গ্রাম হওয়ায় সবসময় এখানে ধরা পরে দেশী প্রজাতির মাছ। আর এই মাছ দিয়েই গ্রামটিতে উৎপাদন হয় শুঁটকি। নদীর তীরবর্তী স্থানে আট-দশ ফুট উঁচু বাঁশের মাচা বানিয়ে চলে এই শুঁটকির ব্যবসা। প্রতিবছর এখানে আনুমানিক ১৫০ থেকে ২০০ কোটি টাকার শুঁটকি বিক্রি হয়ে থাকে। তবে এই মৌসুমে নদীতে মাছের পরিমাণ কমে যাওয়ায় বিক্রি কমার শঙ্কা ব্যবসায়ীদের। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ও আর সহজশর্তে ঋণ পেলে শুঁটকি ব্যবসা আরও সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, আশুগঞ্জের লালপুর গ্রামের এই মেঘনা পাড়ের শুঁটকি ব্যবসা শত বছরে ঐতিহ্য। এই শুঁটকি পল্লিতে বর্তমানে ২৬টি মাচা রয়েছে, যেটাকে স্থানীয় লোকজন বলেন ডাঙ্গি। তাদের দাবি, গোটা গ্রামে ছোট-বড় মিলিয়ে ৭০ থেকে ৮০টি ডাঙ্গি রয়েছে। এসব ডাঙ্গিতে সময়ভেদে ৩০০ থেকে ৪০০ শ্রমিক কাজ করেন। ২০ আড়তদারসহ প্রায় ১৫০ জন এখানে শুঁটকির ব্যবসা করেন। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শুঁটকি উৎপাদনের কাজ চলে। লবণযুক্ত ও লবণ ছাড়া মানভেদে কয়েক ধরনের শুঁটকি উৎপাদন হয় এই পল্লিতে।
যে-সব মাছের শুঁটকি করা হয়- পুঁটি, শোল, গজার, বোয়াল, ঘইন্না, টেংরা, চাপিলা, লাসু, পাঙাশ, রুই, গজার, শোল, পাবদা, কাইক্কা, পুঠা মাছ। গুণে মানে ভালো ও সুস্বাদু হওয়ায় লালপুরের শুঁটকি ঢাকা, চট্টগ্রাম, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় ও ভারতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রপ্তানি হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী থেকে মাছ ধরে জেলেরা এনে যার যার ডাঙ্গির নিচে রাখে। তারপর সেখানকার মহিলারা বসে পরে মাছ কুটা-কুটিতে। শুধু প্রাপ্তবয়স্ক মহিলা নয়, শিশু-কিশোরেরাও এসে তাদের অভিভাবককে সহযোগিতা করে। তারপর এগুলো কেটে সেই বাঁশের তৈরি মাচার ওপর দেওয়া হয় শুকাতে। পরে সেই মাছগুলো কয়েকদিন ধরে শুকিয়ে তৈরি হয় শুঁটকি। তারপর এগুলো সংরক্ষণ করে বাজারজাত করা হয়।
শুঁটকি ব্যবসায়ী সুকমল দাস জানান, তিন কেজি মাছ থেকে এক কেজি লবণযুক্ত ও পৌনে চার কেজি মাছ থেকে এক কেজি লবণ ছাড়া শুঁটকি হয়। প্রতি কেজি লবণযুক্ত পুঁটি শুঁটকির পাইকারি দাম ৬০০ টাকা ও লবণ ছাড়া প্রতি কেজি ৮০০ টাকা। তবে খুচরা বাজারে পুঁটি শুঁটকি প্রতি কেজি ৫০০ থেকে ৮০০ টাকা বিক্রি হয়। তাছাড়া শোল ১২০০ থেকে ১৪০০ টাকা, ট্যাংরা ৫০০ থেকে ৮০০ টাকা, বাইম ১০০০ থেকে ১৫০০ টাকা, গনিয়া ৮০০ টাকা, মাঝারি গনিয়া ৬০০ টাকা ও ছোট গনিয়া শুঁটকি ৪০০ টাকায় বিক্রি হয়।
তবে চাহিদা অনুযায়ী নদীতে মাছ না পাওয়ায় উর্ধ্বমুখী মাছের দাম। তাই মানভেদে শুটকির দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে সুকমল দাস।
ব্যবসায়ী তপন দাস বলেন, এ মৌসুমে মাছের দাম চড়া। তাই ব্যবসার লাভের জন্য শুটকির দামও বাড়াতে হবে। ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় বিভিন্ন সমিতি ও এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা করতে হচ্ছে। ফলে লাভের বড় অংশ তুলে দিতে হচ্ছে সমিতি ও এনজিওর হাতে।
ব্যবসায়ী লিটন চন্দ্র দাস জানান, গত ৫ বছর ধরে তিনি শুঁটকি উৎপাদন ও বিক্রি করছেন। তার ডাঙ্গিতে পুঁটি, বাইম ও চাপিলা শুকটি চাষ করেন তিনি। তবে মাছ সংকট ও অতিরিক্ত দামের কারণে উৎপাদন কমে এসেছে। আর যতটুকুই উৎপাদন হবে তা আগের নির্ধারিত মূল্যের চেয়ে কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা বাড়াতে হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কাজী আব্দুল কাইয়ূম খাদেম জানান, শুঁটকি পল্লির ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণের সুবিধা রয়েছে। তারা জামানত ছাড়াই সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণ সুবিধা নিতে পারবে।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর কবির বলেন, জলবায়ু পরিবর্তন, নদী ও খালবিলে পানি কম থাকায় এবার মাছ কম পাওয়া যাচ্ছে। এ ছাড়া নিরাপদ শুঁটকি উৎপাদন ও সংরক্ষণে শ্রমিক-ব্যবসায়ীদের নিয়ে সভা এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জ উপজেলার আড়াইসিধায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মঈন উদ্দিন মঈনকে গণসংবর্ধনা দিয়েছে আড়াইসিধা ইউনিয়নবাসী।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাংসদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ মো মঈন উদ্দিন বলেন, ফুল পঁচে যায়, ফুলের ভালোবাসা নয়, আমি আপনাদের হৃদয়ে আত্মার আত্মীয় হয়ে থাকতে চাই। আপনারা আমাকে যেভাবে শ্রম, অর্থ ও সময় দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন তার ঋণ আমি শোধ করতে পারব না। এই ৫ টি বছর আপনাদের মাঝে কামলা হিসেবে থাকব।
২৩ জানুয়ারি মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চবিদ্যালয় মাঠে আড়াইসিধা ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ, সহ-সভাপতি আলহাজ¦ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শিকদার, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবীর, প্রবীন আওয়ামী নেতা হেবজুল বারি, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়া, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ মাষ্টার, শরীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈফ উদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল মিয়া, সাবেক চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, আশুগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো সালাউদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা মকবুল, সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আজহার ভুইয়া, সোহেল আলম, আরমান খন্দকার, সামসুল আলম, ইউপি মেম্বার শাহ আলী, নজরুল ইসলাম, কামাল মিয়া, উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, আড়াইসিধার বিশেষ ব্যক্তিবর্গসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
গণসংবর্ধনা শেষে দেশের খ্যাতনামা শিল্পী ফকির সাহাব উদ্দিন, ক্লোজআপ তারকা সাজুসহ নামকরা শিল্পীদের গানে গানে মুখরিত ছিল মঞ্চ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে দুই পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন সাহারা বেগম (৫৫) নামে এক নারী। সাহারা বেগম আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের উত্তর পাড়ার ফজলুল হকের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ আহমদ জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পুত্রবধূর সঙ্গে সাহারা বেগমের কলহ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে দুই পুত্রবধূর সঙ্গে সাহারার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন সালিশ সভা বসাতে বলেন পুত্রবধূরা। সেই সালিশে নিজে ‘অপমানিত’ হওয়ার ভয়ে সাহারা ‘কেরির বড়ি’ খেয়ে ফেলে। রাতেই তাকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পরে সাহারার পরিবারের সদস্যরা লাশ নিয়ে আশুগঞ্জ থানায় আসেন।
আজ ২৬ আগস্ট শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুপুরে এ ঘটনায় আশুগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।