চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ৪টি ড্রেজারসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে থাকা একটি টিনসেড ঘরও ভেঙ্গে দেয়া হয়।
গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসেন সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি ড্রেজারসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেন।
এলাকাবাসীর অভিযোগ সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা খেয়াবাড়ির মাহিন খন্দকারের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র গৌতমপাড়া গ্রামের সরকারি এবং মালিকানাধীন কৃষি জমিতে ড্রেজার মেশিন লাগিয়ে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলো। এ ঘটনায় এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়।
অভিযোগের প্রেক্ষিতে দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গৌতমপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি ড্রেজারসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেন। অভিযানের খবর পেয়ে গা ডাকা দেন মাটি ব্যবসায়ীরা।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গৌতমপাড়া গ্রামের কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ৪টি ড্রেজারসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছি। অভিযানের সময় মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। তারা কৃষি জমি থেকে মাটি কেটে একটি পুকুর ভরাট করছিলো। পুকুরে ফেলা মাটি অপসারণ করে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলকে ভুমিকা রাখতে হবে। তিনি বলেন অসচেতনতার জন্য সড়কে নানাভাবে দূর্ভোগ পোহাতে হয়, প্রাণহানী সহ মানবসম্পদের ক্ষতি হচ্ছে। ট্রাফিক আইন যথাযথ মেনে চলার জন্য তিনি গুরুত্বারোপ করেন এবং চালক মালিক সহ সংশ্লিস্ট মহলকে অর্পিত দায়িত্ব যথাযথ পালনের জন্য আহবান জানান।
আজ ২২ অক্টোবর মঙ্গলবার “ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য বিষয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে জেরা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএর সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকী।
আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন পিপিএম, ডাঃ আশেকুর রহমান হিমেল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন, নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি এম এম শাহীন, পরিবহণ মালিক শ্রমিকদের প্রতিনিধিদের বাহার চৌধুরী, মোঃ সেলিম, সাইদুল ইসলাম শাহেদ প্রমুখ।
সভায় সড়ক পথে গতিই ক্ষতির কারণ উল্লেখ করে গতিনিয়ন্ত্রণ, মোটর সাইকেল দূঘটনায় তরুণ যুবাদের প্রাণহানী, থ্রীহুইলার, অটোরিক্সা ব্যাটারী চালিত রিক্সা, ইজিবাইক দূঘটনা, চলার পথে চালকদের মোবাইল ব্যবহার পথ চলাচলে পথচারী অসচেতনা, ফুটপাত দখল সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং এসব সমস্যা নিরসনে সকলকে সচেতন ভূমিকা রাখার জন্য আহবান জানান হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত সমন্বয়করা বলেন, সাধারণ শিক্ষার্থীরা বই খাতা নিয়ে ক্যম্পাসে ফিরতে চাই। এখন দেশে একটা অরাজকতা পরিস্থিতি চলছে এই জন্য শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা সাময়িক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিকের দায়িত্ব এবং বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করছে। তবে দেশের অবস্থা ঠিক হলে আমরা পড়ার টেবিলে ফিরে যাবো। আমরা চাই দেশে আর কোনো দূর্নীতি অনিয়ম না থাকুক, যেখানে দুর্নীতি হবে সেখানেই সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। লেজুর বৃত্তিক রাজনীতির বিরোধিতা করে তারা বলেন আমাদের ক্যম্পাসে কোনো প্রকার রাজনৈতিক দলের আধিপত্য চাই না। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারার ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে চাই।
এসময় উপস্থিত ছিলেন সানিউর রহমান, ফাহিম মুনতাসির, শাহ আলম পালোয়ান, মানজারুল হাসান মকবুল হাসান মারুফ, মুনিয়া, নিশো, তিশা রাণী পোদ্দার, জান্নাত, রেজুয়ানুল ইসলাম রাতুল, রূপম ধর, বসির, তাজিম, মুনিয়া মাহিন উদিচী, আসাদ প্রমুখ।
এসময় সম্বনয়কারীরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
চলারপথে রিপোর্ট :
বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পৌর এলাকার গোকর্ণঘাট তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠে অষ্টমী গঙ্গা স্নানে।
আজ ২৯ মার্চ বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভক্ত ও পূনার্থীরা অষ্টমী গঙ্গা স্লান করতে গোকর্ণঘাটের তিতাস নদীর তীরে ভীড় জমায়। প্রতি বছরই চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়।
নদীর পবিত্র জলে গঙ্গা স্নানের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের মঙ্গল কামনার পাশপাশি দেশ ও জাতির জন্যে বিশেষ প্রার্থনা করেন।
গঙ্গা স্নানে আসা ইতি রানী সাহা বলেন, গঙ্গা স্নানের মধ্য দিয়ে আমি নিজের এবং পরিবারের জন্যে, দেশ ও জাতির কল্যান ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করেছি।
গঙ্গা স্নানে আসা দীপা রানী সাহা বলেন, তিতাস নদীর পবিত্র জলে স্নানের মধ্য দিয়ে মাতৃদেবী গঙ্গা ও ভগবানের কাছে পাপ মুক্তির জন্যে প্রার্থনা করেছি।
গঙ্গা স্নানে অংশ গ্রহন শেষে ইস্কন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি প্রবীর দাস ব্রহ্মচারী বলেন, শাস্ত্রে বলা হয়েছে এই গঙ্গা স্লানের মধ্য দিয়ে দেহের পাপ মোচন হয়। যেখানে ভক্তি সহকারে ভক্তরা সমবেত হন, সেখানে ভগবান বিরাজমান থাকেন।
এদিকে এই গঙ্গা স্নানকে কেন্দ্র করে তিতাস নদীর তীর ঘেষে বসেছে লৌকজ মেলা। মেলায় নাগরদোলা, হরেক রকম বাহারী খাবার মুড়ি-চিড়া, মাঠা, তিল্লাই, বাতাসাসহ মাটির তৈরী বাহারী খেলনার দোকানের পাশপাশি হরেক রকমের মনোহরি দোকান সাজিয়ে বসে দোকানীরা।
চলারপথে রিপোর্ট :
কবি আল মাহমুদের ৮৯তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার বিকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।
কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মো. লিয়াকত আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ সানাউল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক ডা. এস. এম. শাহনূর।
কবি ও সাংস্কৃতিক কর্মী সোহেল রানার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি লিটন হোসাইন জিহাদ।
বক্তারা বলেন, কবি আল-মাহমুদ শুধু ব্রাহ্মণবাড়িয়ারই গর্বের সন্তান নয়, তিনি সারা বাংলাদেশের সম্পদ। বক্তারা কবি আল মাহমুদের সাহিত্য চিন্তা, রাজনীতি, সাংবাদিকতা এবং তার বিপ্লবী চেতনার গভীর বিশ্লেষণ তুলে ধরে বলেন, আল মাহমুদ শুধু একজন কবিই ছিলেন না, ছিলেন সময়ের প্রহরী। তার লেখনীতে উঠে এসেছে গ্রামীণ জীবনের সত্য, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানুষের অন্তর্লৌকিক জীবনবোধ।
বক্তারা বলেন, আল-মাহমুদ বিগত সরকারের আমলে বিভিন্নভাবে নিগৃহীত হয়েছিলেন। কবিকে বিগত সরকারের সময় মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। তিনি মারা যাওয়ার পর রাষ্ট্রীয়ভাবে তাকে সমাহিত করা হয়নি। বক্তারা রাষ্ট্রীয়ভাবে কবি আল-মাহমুদের কবর সংরক্ষণ ও ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কমপ্লেক্স স্থাপনের দাবি জানান।
এ সময় তারা বলেন, তার নামে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মিত হলে আগামী প্রজন্ম তার জীবন ও কর্ম সম্পর্কে গভীরভাবে জানতে পারবে এবং অনুপ্রাণিত হবে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
চলারপথে রিপোর্ট :
নাছিমা আক্তার ও ফজিলা বেগম নামে দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাছিমা আক্তার ঢাকা জেলার কামরাঙ্গীচর এলাকার মোঃ বশির আহমেদের স্ত্রী ও ফজিলা বেগম ময়মনসিংহ জেলার দুবাউড়া উপজেলার কড়িগড়া গ্রামের আলাল মিয়ার স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পরে বোরকা পরিহিত দুই মহিলার দেশ তল্লাশী করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।