চলারপথে রিপোর্ট :
‘দাঙ্গা হাঙ্গামা করবো না, অপরাধী হবো না’, ‘আইনের প্রতি শ্রদ্ধা রাখুন, দাঙ্গা থেকে বিরত থাকুন’, ‘দাঙ্গা করবো না, জেল খাটবো না’, জনসচেতনা সৃষ্টিতে এমন সুন্দর নীতিবাক্য সম্বলিত ফেস্টুন হাতে সড়কে দাঁড়ালো একদল শিক্ষার্থী।
বাংলাদেশ স্কাউট আখাউড়ার শাখার আয়োজনে আজ ১৭ জুলাই সোমবার সকালে পৌরশহরের সড়ক বাজারে ব্যতিক্রমী এ ক্যাম্পেইনে অংশ নেয় পৌরশহরের সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার কাব ও স্কাউটরা।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কাউট কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকা। ছোটদের এ বড় আহবানের ব্যতিক্রমী আয়োজন পথচলতি সাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা আখাউড়া উপজেলার অনেক সুনাম রয়েছে। জেলার অন্যান্য উপজেলা থেকে আখাউড়ারবাসী অত্যন্ত শান্তিপ্রিয়।
এ সুনাম আমাদেরকে ধরে রাখতে হবে। কিশোর গ্যাং এবং মাদকে সম্পৃক্ত না হওয়ার জন্য কিশোরদের প্রতি অনুরোধ জানান তিনি। এসবে সম্পৃক্ত হয়ে তারা যেন দাঙ্গায় জড়িত না হয়।
কারণ দাঙ্গা-হাঙ্গামা কখনও শান্তি বয়ে আনে না। আর আমাদের সমৃদ্ধির জন্য সবার আগে সামাজিক ও মানসিক স্থিতিশীলতা দরকার। আজকের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে দাঙ্গা বিরোধী সচেতনতা গড়ে তোলা।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট, আখাউড়া উপজেলা শাখার সম্পাদক, মোঃ ইলিয়াছ খান, কমিশনার মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার কাজী সাফিয়া খাতুন, প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ রাশেদুজ্জামান প্রমুখ। আয়োজকরা সপ্তাহজুড়ে এ ক্যাম্পেইন চলবে।
চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় পোষ্ট অফিসের সরকারি ৫টি গাছ টেন্ডার ছাড়া কর্তন করা হয়েছে। গাছের পরিমাপ, মূল্য নির্ধারণ এবং সরকারি অনুমতি না নিয়ে পোষ্ট মাস্টার আজহার উদ্দিন এসব মূল্যবান গাছ কর্তন করেছেন। গাছের কয়েকটি কান্ড এবং ঢালপালা পোষ্ট চত্বরের মাটিতে ফেলে রাখা হয়েছে। এর আগে বুধবার গাছগুলি কাটা হয়। তবে পোষ্ট মাস্টার আজহার উদ্দিন দাবি করে বলেন গাছ কাটার বিষয়ে বিভাগীয় অনুমতি রয়েছে।
জানা যায়, আখাউড়া পৌরশহরের প্রাণকেন্দ্র সড়ক বাজারে পোষ্ট অফিসের একতলা ভবন রয়েছে। পোষ্ট অফিস চত্বরে বেশ কিছু ফলজ ও বনজ গাছ রয়েছে। পোষ্ট মাষ্টার আজহার উদ্দিন এসব গাছ থেকে ৫টি গাছ কর্তন করেছেন। এরমধ্যে একটি গাছের গুড়ি থেকে বাকী গাছগুলো কান্ডের উপরের অর্ধাংশ ঢালপালাসহ কেটে ফেলেছেন। তবে গাছ কাটার জন্য পোষ্ট অফিস বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় বন বিভাগের কোন অনুমতি নেয়নি পোষ্ট মাস্টার।
আজ ২৩ মার্চ বৃহস্পতিবার সরজমিনে পোষ্ট অফিসে দেখা যায়, পোষ্ট অফিসের সামনের খোলা জায়গায় কিছু গাছের কান্ড এবং ঢালপালা রাখা হয়েছে। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে উপজেলা পোষ্ট মাস্টার আজহার উদ্দিন বলেন, গাছের ঢালপালা বিদ্যুতের তারে পড়েছিল। এজন্য কেটে দিয়েছি। গাছ কাটার বিষয়ে বিভাগীয় অনুমতি রয়েছে। তবে, তিনি লিখিত কোন অনুমতি দেখাতে পারেন নি।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তাফা বলেন, গাছ কাটার বিষয়ে পোষ্ট অফিসের কোন চিঠি পাইনি। বিষয়টি আমি অবগত নই।
আখাউড়া উপজেলার সদ্য সাবেক বন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খাঁন বলেন, গাছ কাটতে হলে বন বিভাগকে অবগত করা হলে তারপর মাপঝোক করে মূল্য নির্ধারণ করা হয়। তারপর নিলাম কমিটি নিলাম দেওয়ার পর নিলাম প্রাপ্ত ব্যক্তি গাছ কাটবেন। এটাই নিয়ম।
এ ব্যাপারে জানতে চাইলে ডাক বিভাগের কুমিল্লা ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) মোঃ মোজাম্মেল হক বলেন বৃষ্টির পানি যাতে ছাদে না পরে সেজন্য গাছের ঢালপালার ছেটে দেওয়ার নির্দেশনা আছে। তবে গাছ কাটার কোন অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করার জন্য কসবা পোষ্ট মাস্টারকে নির্দেশ দিয়েছি।
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া থেকে :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন করে কমিটি গঠন করা হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার বিকেলে আখাউড়া সড়ক বাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় ১০ সদস্যের এ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দুই বছর মেয়াদি এ কমিটির সভাপতি করা হয়েছে এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ অমিত হাসান আবির। সাধারণ সম্পাদক করা হয়েছে জি টিভির আখাউড়া প্রতিনিধি জুনাইদ হোসেন পলক। সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ পারভেজ (বার্তা বাজার)।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবির উদ্দিন (দৈনিক ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন (দৈনিক জনবাণী), কোষাধ্যক্ষ সাজিদুল ইসলাম রিয়াদ (দৈনিক সমাজকন্ঠ), দপ্তর সম্পাদক মো: শাহাবুদ্দিন রিফাত (দৈনিক বাংলাদেশের আলো), আল-আমীন প্রচার ও প্রকাশনা সম্পাদক (দৈনিক ঢাকা প্রতিদিন)।
কার্যকরী সদস্যবৃন্দ হলেন, মো: জুয়েল মিয়া (বাণিজ্য প্রতিদিন), রুবেল আহমেদ (দৈনিক কালবেলা)।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ ২ জন নিহত হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন পাশবর্তী কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিক্সা চালক সাদেক মিয়া (৩৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অটোরিক্সাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকার গিরিশনগর গ্রামে যাচ্ছিল। যাত্রাপথে মনিয়ন্দের দীঘির যান এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজি চালিত অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী পপি আক্তার ও চালক সাদেক মিয়া নিহত হন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
চলারপথে রিপোর্ট :
আখাউড়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইন ও ডাকাতি মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৯ নভেম্বর শনিবার দুপুরে গ্রেফতাকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে ৩ জন ও ডাকাতি মামলায় একজনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের মৃত আবুল ফয়েজ মিয়ার ছেলে হামিদুল ইসলাম প্রকাশ ফোরকান, একই গ্রামের মৃত নূরুল ইসলাম ভূঁইয়ার ছেলে এরশাদুল ইসলাম ভূঁইয়া, ধরখার ইউনিয়নের ঘোলখার এলাকার বাবুল ভূঁইয়া ছেলে মো. তামিম ভূঁইয়া ও ছতুরা শরীফ এলাকার মৃত ইসমাইল খন্দকারের ছেলে শাহাব উদ্দিন খন্দকার।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
৪ বছর আগে আখাউড়ায় ছাত্র অধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলার অভিযোগে আখাউড়া থানায় মামলা হয়েছে। আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে শনিবার সন্ধ্যায় আখাউড়া থানায় মামলা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকার বাসিন্দা তিনি। এ ঘটনায় রাতেই এজহারারভূক্ত আসামী জালাল সরকারকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের সমর্থক।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার নেতাকর্মীরা আখাউড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করার সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে মারধর করে কম্বল ছিনিয়ে নেয়। হামলাকারীরা আওয়ামী লীগের নেতা হওয়ায় ওই সময় মামলা করা সম্ভব হয়নি। মামলার বাদী তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শনিবার মামলা করেছি। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাসিম বলেন, মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ ২৫ জনকে আসামি করেছে। অজ্ঞাত নামা ৬০-৭০ জনের নাম রয়েছে।