অনলাইন ডেস্ক :
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে অপহৃত এক রোহিঙ্গা যুবক উদ্ধার করা হয়েছে। এসময় মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ।
উদ্ধার ভিকটিম-উখিয়ার থাইংখালি ক্যাম্প-১৯ এ /৭ ব্লকের হোসেন আহমদের ছেলে কেফাত উল্লাহ(২৪)।
গ্রেফতারকৃতরা হলেন-উখিয়ার ক্যাম্প-এক্সটেনশন বি-৪ এইচ/১ ব্লকের ফয়েজউল্লাহ এর ছেলে এনামউল্লাহ (২১),টেকনাফের নতুন পল্লান পাড়া মৃত নূর মোহাম্মদের ছেলে কলিম উল্লাহ(৩৫) ও দক্ষিণ লম্বরি সাইফুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম(১৯)।
আজ ২০ জুলাই বৃহস্পতিবার ভোরে টেকনাফের নাফনদী থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, গত শনিবার উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি মানব পাচারকারী চক্র রোহিঙ্গা কেফাতউল্লাহ (২৪) এবং হামিদ হোসেন (২৫) কে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে টেকনাফের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে অপহৃত ব্যক্তিদের নৌকা যোগে মিয়ানমারে পাঠানোর সময় হামিদ হোসেন (২৫) পালিয়ে চলে আসে। কেফাত উল্লাহ(২৪) কে মিয়ানমারে নিয়ে আটে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ভিকটিমের পরিবারের নিকট মোটা অংকের টাকা দাবি করে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ভিকটিম, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও অপরাধ গোয়েন্দা তথ্য পর্যালোচনা পূর্বক প্রাথমিক তদন্তে এই মানবপাচার চক্রটির অপরাধের কর্মকৌশল সম্পর্ক জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরাধী মানবপাচার চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে তিনি জানায়।
চলারপথে ডেস্ক :
আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৪ এপ্রিল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এসব কথা বলেন। সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অবকাঠামো নির্মাণ করছে। তাই আঞ্চলিক মহাসড়কে ন্যূনতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে। এতে মানুষের মধ্যে টোল দেওয়ার সংস্কৃতিও গড়ে উঠবে।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। সূত্র : বাসস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে।
আজ ৬ মে মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে ১৭ মে ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে বলে শফিকুল আলম জানান।
চলারপথে রিপোর্ট :
নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের হোসেন সর্দার বাড়ির মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে ও ছমির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো. জিসান (১০) এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে ও চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র রাহাত হোসেন (১২)।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে ছিল। তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকত। সকালে তারা মক্তবে পড়তে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্তু তারা মক্তবে না গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে ৩ জন শিক্ষার্থী মিলে গাছের পাতা কুড়াতে গাছ বেয়ে স্থানীয় হাজীপুর গ্রামের আস্তানার জামে মসজিদের ছাদে উঠে। ওই সময় মসজিদের ছাদের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে শিশু জিসান ও রাহাত গুরুতর আহত হয়। একপর্যায়ে তারা নিচে পড়ে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরের পূবাইলে কার্টন উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ ১৯ ডিসেম্বর শুক্রবার দুপুর ৩টার দিকে পূবাইলের বসুগাঁও এলাকায় দিশারি কম্পোজিট লিমিটেড নামের কারখানায় এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্টন তৈরির কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পর মুহূর্তেই কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কার্টন ও কাঁচামালে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। কারখানাটিতে বিপুল পরিমাণ সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে কারখানার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
চলারপথে ডেস্ক :
কুমিল্লায় দুর্ঘটনাকবলিত ট্রেনে ছিলেন নির্বাচন কমিশনের (ইসি) ১২ কর্মকর্তা। তারা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। তাদের মধ্যে ৫ জন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ইসির ওই কর্মকর্তাদের কয়েকজন হলেন, সিনিয়র সহকারি সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারি সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারি সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার পিএস হাবিবা আক্তার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা এবং রাঙ্গামাটির একটি উপজেলার নির্বাচন অফিসার আমিনুল ইসলাম।
নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব জানান, ইসির ওই ১২ কর্মকর্তা সবাই নিরাপদে রয়েছেন।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০জন আহত হয়েছেন বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী। দুই ট্রেনের সংঘর্ষে সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে।