অনলাইন ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কবির আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সহকারী আব্দুর রহমান সানীর বড় ভাই।
গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। কবির আহমেদকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
রিজভীর দাবি, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার বিনস অ্যান্ড অ্যারোমা থেকে সাদা পোশাকধারী পুলিশ কবির আহমেদকে তুলে নিয়ে যায়। কিন্তু এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য স্বীকার করছে না বা তার কোনো হদিস দিচ্ছে না। কবির আহমেদের পরিবার ও দল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় অব্যবস্থাপনার দায়ে হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ১ আগস্ট মঙ্গলবার দুপুরে হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উন্মুক্ত অবস্থায় মেডিকেল বর্জ্য ফেলে রাখার দায়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদে।
অভিযান শেষে তিনি জানান, হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উন্মুক্ত অবস্থায় মেডিক্যাল বর্জ্য পাওয়া যায়। পাশাপাশি সাধারণ ওয়ার্ডে পর্যাপ্ত ভেন্টিলেশন, আলো বাতাসের ব্যবস্থা ও দক্ষ ডিপ্লোমা নার্স পাওয়া যায়নি। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) আশরাফুর রহমান হিমেল ও জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূঁইয়া উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
কালোব্যাজ ধারণ, কবর জিয়ারত, পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারুক বিতরণের মাধ্যমে জীবন ফাউন্ডেশন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে ৪২তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস উদযাপিত হয়েছে। জীবন ফাউন্ডেশন এর উদ্যোগে ২৭ নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পশ্চিম পাইকপাড়াস্থ অসুস্থ সাংবাদিক মোঃ মোখলেছুর রহমান জীবন এর উপস্থিতিতে জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ আসিফুর রহমান রোজেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ সভাপতি মোঃ আহসান উল্লাহ হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসনাত অপু, মাসিক ম্যাগাজিন তিতাস বার্তা সম্পাদক এম এ মতিন সানু, সাংস্কৃতিক সংগঠক মো. আনিছুল হক রিপন।
জেলা আন্দোলনের স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এড. শেখ মো. জাহাঙ্গীর, অবঃ সৈনিক কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মোঃ শামসুল আলম বাবু, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জি এস) মোঃ আরমান উদ্দিন পলাশ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জিয়া কারদার নিয়ন। জেলা আন্দোলনে শহীদ ওবায়দুর রউফ পলু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জায়েদুল করিম। আলোচকগণ তাদের বক্তব্যে ১৯৮৩ সালে সংগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনের ইতিহাস জানার জন্য বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান।
ঐতিহাসিক জেলা আন্দোলনের স্মৃতির ধারক ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ধারাবাহিক কর্মসূচির আওতায় ভোরে ফজর নামাজের পর জেলা সদরের বিভিন্ন মসজিদে জেলা আন্দোলনে শাহাদাৎ বরণকারী ওবায়দুর রউফ পলু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত, সকালে জেলা উন্নয়ন পরিষদ নেতাকর্মীদের কালোব্যাজ ধারণ, শহরতলীর শেরপুরস্থ পলু’র কবর জিয়ারত, তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এরপর সন্ধ্যায় জাতীয় বীর আবদুল কুদ্দুছ মাখন পৌর মুক্ত মঞ্চে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত, দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ সারোয়ার কাইছার টিপু।
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ সভাপতি মোঃ আহসান উল্লাহ হাসান এর সভাপতিত্বে সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান, এড. তৈমুর রেজা মোঃ শাহজাদ ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পিতা মীর মোস্তাফিজুর রহমান, দৈনিক ফ্রন্টিয়ার সম্পাদক আব্দুল মালেক, লায়ন মোঃ আসিফুর রহমান রোজেন, মানবাধিকার কর্মী মোঃ কামরুজ্জামান কামরুল, এড. কফিল উদ্দিন আহমেদ।
সাংস্কৃতিক সংগঠক আনিছুল হক রিপনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসনাত অপু, শামছুল আলম বাবু, সাধারণ সম্পাদক মোঃ আলী মাউন পিয়াস, কার্যকরী সদস্য এড. শেখ জাহাঙ্গীর, মোঃ আরমান উদ্দিন পলাশ, যুগ্ম সম্পাদক মোঃ বাবুল চৌধুরী, প্রকাশনা সম্পাদক আলী হায়দার তুষার, সদর উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি প্রফেসর মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এড. শামীম আহমেদ, সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন, ইউনেস্কো ক্লাব সভাপতি আমির হোসেন ফারুক, জেলা মুজাহিদ কমিটির সভাপতি সৈয়দ আনোয়ার আহমেদ লিটন, জেলা উন্নয়ন পরিষদের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন মালদার, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক প্রচার সম্পাদক হাফেজ শাহ মোহাম্মদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন শহীদ ওবায়দুর রউফ পলু’র নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ, শহীদ পলু সড়ক নামকরণ কার্যকর বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয় কলেজ ও পাবলিক মেডিকেল কলেজ, জেলা পর্যায়ের যেসব সরকারি প্রতিষ্ঠান এখনো ব্রাহ্মণবাড়িয়ায় চালু হয়নি তা দ্রুত এখানে চালু করার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি আনুকূল্য পেলে শহীদ পলু ছাত্রাবাসটি সংস্কার বা পুণঃনির্মাণ করে নতুন ভাবে চালু করা হবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনো অনেক উন্নয়ন কর্মকান্ড হতে বঞ্চিত রয়েছে। জেলা উন্নয়ন পরিষদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদি। দোয়া শেষে তাবারুক বিতরণ করা হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মহিউদ্দিন (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মহিউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটির আমিনউদ্দিনের ছেলে।
আজ ৯ মে বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার শহিদুল ইসলাম জানান, গত প্রায় একমাস আগে একটি মাদক মামলায় মহিউদ্দিনকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠানো হয়। আজ ৯ মে বৃহস্পতিবার সকালে তিনি বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগারের চিকিৎসক তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় উন্নত চিকিৎসার জন্যে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
তিনি আরো জানান, তার মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়া আশ্রয়ন প্রকল্পের অসহায় মানুষের মধ্যে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ আমিরপাড়া আশ্রয়ন প্রকল্পের ১২৫টি পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণের সময় সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বলেন, হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় মানুষের কষ্ট বেড়ে যায়।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে যাদের জমি ও ঘর নেই তাদেরকে জমিসহ ঘর দিয়েছেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার মজলিশপুর আমিরপাড়া আশ্রয়ণ প্রকল্পের অসহায় ১২৫ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্রহীন মানুষগুলোর শরীরে কম্বল জড়িয়ে দিতে পেরে হৃদয়ে কিছুটা প্রশান্তির ছোঁয়া পেলাম।
এ সময় তিনি সমাজের বিত্তবান মানুষদেরকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
চলারপথে রিপোর্ট :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে আয়োজিত পূজা প্রস্তুতি সভায় এসব উপহার দেওয়া হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক পলাশ ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক, আলী আজম, সমীর চক্রবর্তী ও আশীষ পালসহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল পূজাকে কেন্দ্র করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
খালেদ হোসেন মাহবুব শ্যামল আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল এ দেশের মানুষের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের দূরত্ব সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে। তাই আমরা সবাই মিলে বৃহৎ এ উৎসব যাতে নির্বিঘ্ন ও উৎসবমুখর হয় সে জন্য সব-সময় পাশে থাকব। এই ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের জমিদারদের গুরুত্বপূর্ণ অবদান ছিল, যা নতুন প্রজন্মের অনেকে জানেন না। তাদের উদ্দেশে বলতে চাই, এই আনন্দবাজার, জগৎ বাজার, অন্নদা স্কুল, রামকানাই স্কুল, নিতাই পাল উচ্চ বিদ্যালয় হিন্দু জমিদারদের দান করা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে।
আজকের এই দিনে তাদের এই অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।