চলারপথে রিপোর্ট :
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে আকাশ (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাকে বিষধর সাপে কামড় দেয়।
আকাশ গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামের কুমার পাড়ার রহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় করমদী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, রাতে আকাশ তার ঘরে ঘুমিয়ে ছিল। এক সময় তার চিৎকারে পরিবারের লোকজন ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেয়। কিন্তু এতে কোনো কাজ না হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অনলাইন ডেস্ক :
যাত্রীদের দ্রুত টিকিট সংগ্রহ নিশ্চিত করতে রেলওয়ে স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট সংগ্রহের (ভেন্ডিং) মেশিন বসানো হয়েছে। এরই মধ্যে কমলাপুর, বিমানবন্দরসহ বিভিন্ন স্টেশনে ১৫টি ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। তবে যাত্রীরা রেলওয়ের এই উদ্যোগকে স্বাগত জানালেও টিকিট সংগ্রহে অতিরিক্ত ২০ টাকা চার্জ কাটায় যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছেন।
জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ‘কমলাপুরে দুটি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।
মোট চারটি ভেন্ডিং মেশিন বসানো হবে। ঢাকা, চট্টগ্রামসহ ২১ স্টেশনে ভেন্ডিং মেশিন বসানো হবে।’
গত ১৬ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের টিসি উপ পরিচালক মো. আনসার আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়েতে ১৫টি টিকিট ভেন্ডিং মেশিন ও ৬০টি জায়ান্ট স্ক্রিন ডিসপ্লে স্থাপন করার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষে অনুমোদিত হয়েছে।
এদিকে রেলওয়ে পরিচালন বিভাগ সূত্রে জানা গেছে, আধুনিক এ মেশিনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সহজ ডটকম।
এর মাধ্যমে যাত্রীরা সহজেই নিজের টিকিট নিজে কাটতে পারবেন। তবে এ জন্য অনলাইনে টিকিট কাটতে যে পরিমাণ চার্জ (২০ টাকা) দিতে হয়, ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটলে একই পরিমাণ চার্জ কাটা হবে। ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সাধারণ যাত্রীরা টিকিট কাটতে পারবেন।
চলারপথে রিপোর্ট :
রংপুরের কাউনিয়ায় কুর্শা ইউনিয়নের শিবু কুঠিরপাড় রেলগেটসংলগ্ন এলাকায় সিয়াম (১৭) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের অন্নদানগর রেলস্টেশনের উত্তরে রেললাইনে বসে মোবাইল চালানোর সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু দইটারি গ্রামের আব্দুস সামাদের পুত্র সিয়াম (১৭) শনিবার বিকালে বাইসাইকেলযোগে অন্নদানগরে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে শিবু কুটিরপাড় রেলগেটের পাশে অন্নদানগর রেলস্টেশনের উত্তরে গাছের মধ্যে বাইসাইকেল রেখে রেললাইনের উপর বসে আনমনে মোবাইল চালাতে থাকে।
পৌনে ৭টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি সামনা-সামনি আসলে সিয়াম রেললাইন থেকে ওঠে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পাথরে পা পিছলে রেললাইনে পড়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে শনিবার রাত ১০টার দিকে মারা যায়।
কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চলারপথে রিপোর্ট :
বাবা-মার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চেপে বাড়ি এলেন প্রবাসী ছেলে। শনিবার বিকেলে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে আসেন আলম আনসারী নামে এক সৌদি প্রবাসী। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মমিনপুর মুকমদশা গ্রামে। তিনি ওই গ্রামের মুক্তিযোদ্ধা আ. রহিম বকাউলের ছেলে। এ সময় গ্রামের কয়েক শ মানুষ হেলিকপ্টার দেখতে সেখানে ভিড় জমায়।
গ্রামের চারপাশে ফসলি মাঠের একটা জায়গায় তৈরি করা হয় হেলিপ্যাড। জমির আইল ধরে সড়ক পার হয়ে গ্রামের মানুষ আসেন হেলিপ্যাডের পাশে। হৈ চৈ পড়ে যায় পুরো এলাকায়।
আ. রহিম বকাউল বলেন, আমাদের খুব ইচ্ছা ছিল ছেলে আলম আনসারী বিদেশ থেকে দেশে ফিরে হেলিকপ্টারে বাড়িতে আসবে। আজ আমাদের মনের আশা পূর্ণ হয়েছে।
প্রবাসী মো. আলম আনসারী বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে বাস করছি। আমার বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য এবং গ্রামের মানুষ ও আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে আমি ব্যতিক্রমভাবে বাড়ি ফিরি। আমি আসবো আগে থেকেই মা-বাবাকে জানিয়েছিলাম। তারা আমাকে নেওয়ার জন্য বিমানবন্দরে যায়। হেলিক্প্টার ভাড়া করে বিমানবন্দর থেকে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরি।
চলারপথে রিপোর্ট :
কক্সবাজারের টেকনাফে অব্যাহত বর্ষণে পাহাড় ধসে মাটির দেয়াল চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
আজ ১৭ নভেম্বর শুক্রবার ভোর ৪ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
নিহতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মৌলভী বাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ছেলে সাইদুল মোস্তফা (২০) ও দুই মেয়ে নিলুপা (১৮) ও সাদিয়া (১১)।
বৃহস্পতিবার সকাল থেকে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঘটনায় মাটির দেয়াল চাপা পড়ে পাহাড়ের খাদে বসবাসকারি একই পরিবারের ৪ জন নিহত হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা চাপা পড়া মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, পাহাড়ের খণ্ড এসে বাড়ির পাশে পড়ে। এতে বাড়ির দেয়াল ধসে মাটি চাপায় হ্নীলায় একই পরিবারে চারজনের মৃত্যু হয়। নিহতের পরিবারকে প্রশাসনিক সহযোগিতা দেয়া হবে।
চলারপথে রিপোর্ট :
বাগেরহাটে সুনামধন্য কিছু কোম্পানির নামের মোড়ক ব্যবহার করে খাবার স্যালাইন, শিশুদের খাবার, জুস, বিড়ি, গুলসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ৩ জুলাই সোমবার দুপুরে সদর উপজেলার চিতলী-বৈটপুর বাজারে ব্যবসায়ী আলামিন শেখ বাবুর গোডাউনে অভিযান চালিয়ে এসব ভেজাল পণ্য জব্দ করা হয়। পরে স্থানীয়দের সামনে এসব পণ্য ধ্বংস করা হয়। এ সময় ব্যবসায়ী আলামিন শেখ বাবুকে দুই লাখ টাকা জরিমানা এবং তার দোকানটি সিলগালা করে দেওয়া হয়। ব্যবসায়ী আলামিন শেখ বাবুকে একই অপরাধে এর আগেও একবার জরিমানা করা হয়েছিল।
অভিযানে র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারসহ পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, দেশের নামিদামি কোম্পানির মোড়কে বিভিন্ন নকল পণ্য উৎপাদন ও বিক্রির সংবাদ পেয়ে আলামিন শেখ বাবুর দোকানে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে দোকান ও গোডাউন মালিক বাবু পালিয়ে যায়। পরে দোকানে থাকা দুই কর্মচারীর তথ্য অনুযায়ী গোডাউন থেকে বিপুল পরিমাণ ভেজাল ও নকল পণ্য পাওয়া যায়। এর মধ্যে ওরস্যালাইন, শিশুদের খাবার, জুস, মশলা, চানাচুর, বিড়ি, গুলসহ অন্তত ৫০ প্রকারের খাবার ছিল। আমরা খাবারগুলোকে ধ্বংস করেছি। পলাতক মালিক আলামিন শেখ বাবুকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা বলেন, ভেজাল ও নকল খাদ্যের বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।