চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে অনৈতিক কাজের অভিযোগে কালঘড়া হাফেজউল্লাহ উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক সুমন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ ২৮ জুলাই শুক্রবার প্রধান শিক্ষক মো. ইয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বৃহসপতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক সুমন আহম্মেদের সঙ্গে এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের বিষয়টি ভাইরাল হয়। সেখানে শিক্ষককে আইনের আওতায় আনার দাবি উঠে । তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন সুমন আহম্মেদ।
সুমন আহম্মেদ বলেন, একটি চক্র আমাকে হেয় করতে ষড়যন্ত্র করছে। মেয়েটিকে আমি চিনি না।
রসুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন বলেন, শিক্ষক সুমন আহম্মেদের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ উঠেছিল। তিনি স্কুলের সরকারি গাছ চুরি করে বিক্রি করেছিলেন। ভ্রাম্যমাণ আদালতে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করেছিল।
কথা হলে প্রধান শিক্ষক মো. ইয়ার হোসেন বলেন, মৌখিক অভিযোগ পেয়ে শিক্ষক সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের কমিটি করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যারাই বাংলাদেশকে শাসন করেছে, আমরা দেখেছি তারা বিদেশি আধিপত্যের কাছে মাথা নত করে বাংলার মানুষের অধিকারকে বিকিয়ে দিয়েছে। এদেশের মানুষ মর্যাদা নিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। উন্নয়নের নামে তারা বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে দুর্নীতি করেছে। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে স্থাপন করার মাধ্যমে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার নানা ধরনের আয়োজন চালানো হয়েছে। শাসকের চেহারা পরিবর্তন হয়েছে, শাসক দলের প্রতীক পরিবর্তন হয়েছে কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দেশের ভাগ্য পরিবর্তন করতে বড় রাজনৈতিক দল লাগে না। অনেক রঙের বাংলাদেশ দেখেছেন। আমরা পণ করেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমাদের শ্লোগান ‘ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত’।
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিন আসাম, খেলাফত মজলিসের নির্বাহী সদস্য খন্দকার মইনুল ইসলাম, ঢাকা মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী, খেলাফত মজলিসের উপদেষ্টা আব্দুল কাইয়ুম ফারুকী, জামায়াতে ইসলামীর পৌর সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাশার, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মকবুল হোসেন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আনোয়ার উল ইসলাম নুরী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মতিউর রহমান, মাওলানা মুফতি আলাউদ্দিন, মাওলানা আব্দুল বাছির প্রমুখ।
সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রার্থী হিসেবে মুফতি আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আহমদ আলীর নাম ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।
চলারপথে রিপোর্ট :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের ৩৫০ জন নিম্ন আয়ের মানুষ পেয়েছেন ইফতার সামগ্রী। প্রত্যেককে মোট ১০ কেজি পরিমান ছানাবুট, ডাল, তেল, পিয়াজ, আলু, খেজুর ও লবন দেয়া হয়।
আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সাতঘর হাটি কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে সাতঘর হাটি দারুস সুন্নাহ্ ইসলামীয়া মাদ্রসার সহ-সভাপতি, প্রবাসী আলহাজ্ব মোঃ হারুন আল-রশিদের অর্থায়নে ও আলোকিত সমাজ সাতঘর হাটির আয়োজনে এ ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মাসুদুল ইসলাম মাসুদ।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। আলোকিত সমাজ সাতঘর হাটির আহবায়ক এম. নাঈমুর রহমানের সভাপতিত্বে ও শারমিনুল ইসলাম সাইফুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু কাউছার, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি ইলিয়াছুর রহমান, সাতঘর হাটি দারুস সূন্নাহ্ ইসলামিয়া মাদ্রসার সহ-সভাপতি হাজী ছিদ্দিকুর রহমান মেম্বার, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য সাংবাদিক এম. নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া আবু বকর (রাযি:) মডেল মাদ্রসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী ইয়াছিন আরাফাত।
অনুষ্ঠানে ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি সমাজ সেবক হারুন আল-আল রশিদ এর পক্ষে অতিথিবৃন্দ আমতুলি খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রসার টিউবওয়েল স্থাপনের জন্য মাদ্রসার মোহতামিম মাওলানা আব্দুর রহমানের হাতে দশ হাজার টাকার চেক হস্তান্তর করেন। পাশাপাশি ‘সবার জন্য ইসলাম’ নামক বই সবার মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা আরাফাত হুসাইন মুজাহিদী।
চলারপথে রিপোর্ট :
আজ ৮ অক্টোবর ভারত উপমহাদেশের রাগ সঙ্গীতের কিংবদন্তি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬১তম জন্মদিন।
১৮৬২ সালের আজকের এই দিনেই তিনি তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে, যা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন।
তার বাবা সবদর হোসেন খাঁ এবং মা সুন্দরী বেগম। শিশুকাল থেকেই সুরের প্রতি তার এক অন্যরকম আকর্ষণ ছিল। বাল্যকালে বড় ভাই ফকির আফতাব উদ্দিন খাঁর নিকট সঙ্গীতে তার হাতেখড়ি হয়। সুরের প্রতি তার এতটাই মোহ ছিল এই সুরের জ্ঞান অর্জনে তিনি মাত্র ১০ বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছিলেন।
কিশোর বয়সে ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলকাতার প্রখ্যাত সংগীত সাধক গোপালকৃষ্ণ ভট্টাচার্যের শিষ্যত্বে সাত বছর সরগম সাধন করে যন্ত্রসংগীত সাধনায় নিযুক্ত হন। এরপর থেকেই তিনি ভারতে বসবাস শুরু করে বাদ্যযন্ত্রের তালিম নিতে থাকেন। তিনি তার সুরের মূর্ছনায় তৎকালীন ব্রিটিশ রানী থেকে সুর সম্রাট উপাধিসহ ভারত উপমহাদেশে দুর্লভ উপাধি ও সম্মানে ভূষিত হন।
এদিকে, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের দিনটি পালনে ওস্তাদ আলাউদ্দিন খাঁর নিজ জন্মভূমি শিবপুর গ্রামে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, রাগসঙ্গীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই সঙ্গীতজ্ঞ ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর সেখানেই তাকে সমাহিত করা হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ঝড়ে গাছ পড়ে আলী আহম্মদ (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।
২৩ মে মঙ্গলবার বেলা ১১টার দিকে নবীনগর পৌর এলাকার কোনাঘাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আহম্মদ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আলী আহম্মদ যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিলেন। পথিমধ্যে ঝড় শুরু হলে কোনাঘাট মোড়ে একটি জামগাছের নিচে অটোরিকশাটি নিয়ে আশ্রয় নেন। প্রবল ঝড়ে এক পর্যায়ে জামগাছটি উপড়ে অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আলী আহম্মদ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুমিল্লা হাসপাতালে রেফার্ড করেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, প্রবল ঝড়ে গাছ পড়ে আলী আহম্মদ নামের এক সিএনজিচালিত অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।