চলারপথে রিপোর্ট :
গ্রীষ্ম আসার আগেই এর প্রভাব পড়লো রেললাইনে। গরমের কারণে সিলেট-ঢাকা পথের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর স্টেশনের অনতিদূরে ৩ মার্চ রবিবার দুপুরে ১৫ ফুট রেল লাইন বাঁকা হয়ে যায়। সংশ্লিষ্টরা খবর পেয়ে সেটি মেরামত করে দেন। তবে ওই সময়ে কোনো ট্রেন না থাকায় চলাচালে কোনো ধরণের ব্যাঘাত ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
আখাউড়া রেলওয়ে জংশনের সহকারি নির্বাহী প্রকৌশলী (এইএন) মো. মেহেদী হাসান তারেক জানান, আজমপুর-মুকুন্দপুর সেকশনে ১৫ ফুটের মতো লাইন বাঁকা হয়ে যায়। রেলপথে দায়িত্বে থাকা লোকজন বেলা দুইটার দিকে বিষয়টি জানালে তাৎক্ষণিক ভাবে মেরামত করা হয়। তিনি বলেন, এখনো তেমন গরম পড়েনি। তবে কম গরমেও রেল লাইন বাঁকা হতে পারে। এখন গাড়ির গতি বাড়ানো হয়েছে। যেসব জায়গায় বাঁক আছে সেখানে কম গরমেও লাইন বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে।
চলারপথে রিপোর্ট :
আখাউড়া উপজেলার ছয়গড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বহিস্কৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগমের স্থায়ী বরখাস্ত ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ ২৭ অক্টোবর রবিবার সকালে বিদ্যালয় মাঠে মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগম মিথ্যা মামলা দিয়ে বিদ্যালয়ের ভূমি দাতা ও সাবেক সভাপতি আবুল বাশার ওরফে মোঃ মোবারক হোসেনকে হয়রানি করেছেন। মানসিক নির্যাতনে চলতি বছরের ১০ জুলাই মোবারক হোসেন মারা গেছেন। বিদ্যালয়ের পড়ালেখার সুুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সেলিনা বেগমকে স্থায়ী বরখাস্ত করে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জান্নাত মনি, মেহের, ইমতিয়াজ,সুমন প্রমুখ।
৮ম শ্রেণীর হামিম ইসলাম বলেন, আমি ৪ বছর ধরে এই স্কুলে পড়ালেখা করতেছি। সেলিনা ম্যাডাম ইংরেজি শিক্ষক হয়েও কোন ক্লাশ নিতনা। আমরা তাকে ক্লাশ করার কথা বললে তিনি আমাদেরকে ধমক দিতেন, বকাঝকা করতেন। তিনি ১২টার সময় স্কুলে এসে ২টায় চলে যেতেন। আমরা এই অযোগ্য শিক্ষককে চাইনা।
৮ম শ্রেণীর ছাত্রী মেহের বলেন, সেলিনা ম্যাডাম স্কুলের অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এজন্য স্কুলে ঠিক ভাবে ক্লাশ হয়না। আমরা সঠিক ভাবে লেখাপড়া করতে চাই। সেলিনা ম্যাডামের পদত্যাগ চাই।
জানা গেছে, প্রধান শিক্ষকসহ শূণ্য পদে নিয়োগ নিয়ে গড়িমসি, বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসাব না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বিদ্যালয়ের ম্যনেজিং কমিটি গত ৫ জুলাই মোছাঃ সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি এবং সহকারি প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে।
বিদ্যালয়ের সাবেক সভাপতি নিহত মোবারক হোসেনের মেয়ে রেখা বেগম অভিযোগ করে বলেন, আমার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া এবং আয় ব্যয়ের হিসাব চাওয়ায় সেলিনা বেগম বাবার সাথে খারাপ আচরণ করতো। তিনি মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে হয়রানি করেছে। মানসিক চাপে আমার বাবার মৃত্যু হয়েছে। আমি সেলিনা বেগমের বিচার চাই।
চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় স্ত্রী ছেড়ে যাওয়ার হতাশায় গলায় ফাঁস দিয়ে ইসমাইল হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
আজ ১৭ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শোনলৌহঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের রকিব মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক সম্মতিতে ৫ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইসমাইল। বিয়ের পর থেকেই মাদকাসক্ত ইসমাইল তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হন। এতে ইসমাইলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া-বিবাদ লেগেই থাকত। একপর্যায়ে উভয় পরিবারের সিদ্ধান্তে দুই বছর আগে স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ ঘটে।
স্ত্রী ছেড়ে চলে গেলে ইসমাইল মানসিকভাবে ভেঙে পড়েন এবং চরম বিষণ্নতায় ভুগতে থাকেন। এ সময় বিষণ্নতা কাটাতে মাদক সেবনের মাত্রা আরো বাড়িয়ে দেন ইসমাইল। এ পরিস্থিতি কাটাতে তার পরিবার দীর্ঘদিন মানসিক চিকিৎসা করালেও কোনো সুফল পায়নি। পরে রবিবার সকালে নিজ বসতবাড়ির অদূরে রাস্তার পাশে জনৈক ব্যক্তির কাঁঠালগাছের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা থানাপুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ইসমাইলের লাশ উদ্ধার করে।
আখাউড়া থানার এসআই মো. এরশাদ মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্টের সার্ভার সচল হয়েছে। ২৭ ঘন্টা পর আজ ৯ জুন শুক্রবার সকাল ১১টার কিছু পরে সার্ভার সচল হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে সার্ভারে ত্রুটি দিলে সাময়িক সময়ের জন্য যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। বেলা ১টার দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে লিখে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করে সংশ্লিষ্টরা। এসময় প্রচুর যাত্রী আটকা পরে। হাতে লিখে ইমিগ্রেশন কার্যক্রম করতে অনেক পরিশ্রম হয় ইমিগ্রেশন কর্মীদের। তবে যাত্রীদের মাঝেও স্বস্তি ফিরে আসে।
জানা যায়, আখাউড়া ইমিগ্রেশন অফিসে ৩টি কম্পিউটার ডেস্ক রয়েছে। এরমধ্যে ২টি ডেস্কে বহিঃগমন এবং ১টি আগমনী যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম করা হয়। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সার্ভারে জটিলতা দেখা দিলে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এসময় ভারত- বাংলাদেশগামী শত শত যাত্রী আটকে পরে। এতে নারী শিশু সহ রোগীরা বেশি কস্ট করে। তীব্র গরমের অতিষ্ঠ হয়ে পরে যাত্রীরা। ইমিগ্রেশন এলাকাটি ছোট হওয়ায় ও বসার মত পর্যাপ্ত জায়গা না থাকায় শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় বেশি। পরে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানালে রাতেই ইঞ্জিনিয়ার এসে সার্ভার মেরামতের কাজ শুরু করে।
এ বিষয়ে আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্ভারে জটিলতার বিষয়টি অবগতি করি। রাতেই ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে কাজ শুরু করে। বৃহস্পতিবার সকাল ১১টার কিছু পরে সার্ভার সচল হয়। উল্লেখ্য, আখাউড়া চেকপোষ্ট দিয়ে প্রতিদিন গড়ে ১ হাজার পর্যটক আসা-যাওয়া করে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ভ্রমণ কর জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে কাস্টমস ভবনে সোনালি ব্যাংক বুথে কর্মরত উত্তম চক্রবর্তী, কাস্টমসের উপ-পরিদর্শক জয়নাল আবেদীন ও বিমল চন্দ্র দাসের যোগসাজশে ভারতগামী যাত্রীদের দেওয়া ভ্রমণ করের টাকা দীর্ঘদিন থেকে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন। আর এতে করে সরকার বিপুল পরিমান হারাচ্ছে রাজস্ব।
জানা যায়, আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন যাত্রী পারাপার হয় ৮০০ থেকে ১ হাজার জন। এসময় ভারতগামী যাত্রী প্রতি ১ হাজার টাকা ভ্রমণ কর পরিশোধ করতে হয়।
অভিযোগ উঠেছে, যাত্রীদের সেই অর্থ জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে এই অসাধু চক্র। এই চক্রটি ইমিগ্রেশনে জমা দেওয়া ভ্রমণ করের রশিদ সংগ্রহ করে পুনরায় অন্য যাত্রীকে দিয়ে দিচ্ছে ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।
অনুসন্ধানে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি এপথে ৫ জন ভারতীয় নাগরিক ভারত ফেরার পথে ভ্রমণ ট্যাক্সের রশিদে পাসপোর্ট নম্বর দেখে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। পরে রশিদসহ ওই ৫ ভারতীয় নাগরিককে আটক করা হয়। কারণ তাদের ভ্রমণ করের রশিদে বাংলাদেশী পাসপোর্ট নম্বর দেওয়া ছিলো। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগেও এমন জালিয়াতি রশিদ ধরা পরলেও ওই চক্রের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় নাই।
কাস্টমসের উপ-পরিদর্শক জয়নাল আবেদীনকে ফোন করা হলে তিনি একটি অনুষ্ঠানে আছেন বলে ফোন কেটে দেন। আর বিমল চন্দ্র দাসের ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। বিষয়টি আমার জানা নেই। ৫জন যাত্রী আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের সামান্য সমস্যা ছিলো। সমস্যা সমাধানের পর তারা চলে গেছে।
চলারপথে রিপোর্ট :
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আখাউড়া মোগড়া বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ১৬ মার্চ শনিবার সকালে জেলার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাঁচা মাল (সবজি বাজার)মুদিমালের দোকান, ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার বলেন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মোগড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী, আখাউড়া থানার ওসি মোঃ নুরে আলম, আখাউড়া খাদ্য গুদামের সহকারী উপ খাদ্য পরিদর্শক রিকেশ চন্দ্র দাস প্রমুখ।