চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পুলিশের অভিযানে অ্যাম্বুল্যান্স থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। ৮ মার্চ শুক্রবার দুপুরে কসবা উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের তালতলা এলাকায় এ অভিযান চালানো হয়। অ্যাম্বুল্যান্সসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট উপজেলার বাগমারা এলাকার কোরবান আলীর ছেলে শহিদ (৫৭), চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার মাইজের বাড়ি এলাকার জামাল হোসেনের ছেলে মো. হাবিব (২০), একই জেলার কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর মাদরাসা এলাকার আলী এক্কাবর এলাকার মো. ফরহাদ হোসেন (২৮), ময়মনসিংহ জেলার মাঠখোলা বাজার এলাকার রফিক হাসান ওরফে রবির ছেলে মো. জনি মিয়া (২১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের তালতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অ্যাম্বুল্যান্সে ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারকে বিএনপি সার্বিক ভাবে সহযোগিতা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। তবে নির্বাচন নিয়ে কোনো ছেলেখেলা চলবে না। যেহেতু আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে তাই নির্বাচন প্রতিহত হবে না। এখন নির্বাচনের পরিবেশ আছে। দ্রুত আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে।
আজ ৩০ নভেম্বর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তিনলাখ পীর এলাকায় আয়োজিত উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির সহযোগিতা পেয়ে এ সরকার যদি মনে করে গদি নরম, তাহলে গদি শক্ত হতে বেশি সময় লাগবে না। উপদেষ্টারা একেক সময় একেক রকম কথা বলছে উল্লেখ করে তিনি আরো বলেন, উপদেষ্টারা সুশীল সমাজের ব্যক্তি। তবে বিএনপি নেতাকর্মীরা বহু ত্যাগ ও আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আর তারা এসি রুমে বসে দেশ চালাচ্ছে। এ অবস্থায় কোনো ধরনের ষড়যন্ত্র করলে বিএনপি বরদাস্ত করবে না।
তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশে বসে নানা ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা যদি সেদিন পালিয়ে না যেত তাহলে তাকে পাথর নিক্ষেপ করে রাস্তায় মারা হতো। কারণ শেখ মুজিব ও শেখ হাসিনা দেশে যে পরিস্থিতি তৈরি করেছে আওয়ামী লীগ ১০০ বছরেও এদেশে থাকবে না।
কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এম এ মান্নান, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নূরে আলম সিদ্দিকী, বেলাল উদ্দিন সরকার তুহিন, শরীফুল ইসলাম স্বপন, ইকলিল আজম, আসাদুজ্জামান শাহীন কামাল উদ্দিন, শাহীনূর রহমান, সমীর চক্রবর্তী, এডভোকেট ইসমত আরা সুলতানা, শামীমা বাছির স্মৃতি প্রমুখ।
উল্লেখ, দীর্ঘ ১৫ বছর পর কসবা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যাক নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি অফিস চত্বরে ৬৫৪ ফ্যামিলি কাডধারীর মাঝে আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার ন্যায্যমূল্যে টিসিবির চাল, ডাল ও তৈল বিক্রি করা হয়।
কসবা উপজেলা নির্বাহী অফিসার ও কসবা পৌর প্রশাসক মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে টিসিবির ডিলার মেসার্স মামুন স্টোর এর মাধ্যমে উপকারভোগী প্রতি কাডধারীর মাঝে প্রতি কেজি ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল এবং প্রতি কেজি ৩০ টাকা দরে ৫ কেজি চাল নির্ধারিত ২৭০ টাকা মূল্যে বিক্রি করা হয়।
টিসিবির পণ্য বিক্রি অনুষ্ঠানে ট্যাগ অফিসার সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল, পৌরসভার কর্মচারীগণ সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত মো. মোস্তাফিজুর রহমান প্রকাশ বিদ্যুৎ চৌধুরী নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো পুলিশ পরিদর্শক মো. এনামুল জানান, ২০১৩ সালে কসবা থানায় দায়ের হওয়া মামলায় ওই ব্যক্তির সাজা হয়। এরপর তিনি পলাতক ছিলেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল হক কবিরের নেতৃত্বে এএসআই মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেন। পরে এ আসামিকে আদালতে পাঠানো হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চার মণ ভারতীয় গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ অক্টোবর মঙ্গলবার ভোরে সৈয়দবাদ বাসস্ট্যান্ড অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কসবা উপজেলার দেলী গ্রামের জিয়াউর রহমান জিয়া (৩৮), পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের শফিকুল ইসলাম (২৯) ও ফুলতলী গ্রামের উজ্জ্বল মিয়া ওরফে মহারাজ (৩৬)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে গাঁজার একটি বড় চালান আসছে। পরে পুলিশ সৈয়দবাদ বাসস্ট্যান্ডে অভিযানে গেলে ভাই ভাই ট্রান্সপোর্টের (ঢাকা মেট্রো-ন ২০-৬১৫৩) বড় একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে। পুলিশের সন্দেহ হলে ভ্যানের ভেতর তল্লাশির কথা বললে চালকসহ চোরাকারবারিরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের তিনজনকেই আটক করে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভ্যানের ভেতর নয়টি পাটের বস্তা ও তিনটি কালো বড় ট্রলি ব্যাগের ভেতরে থাকা ১৬০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
চলারপথে রিপোর্ট :
কসবা রেলওয়ে স্টেশন থেকে সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আযমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। আজ ৫ অক্টোবর রবিবার সকালে উপকূল এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাওয়ার জন্য স্টেশনে এলে তাকে গ্রেফতার করা হয়।
গোলাম আযম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার শাহপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে এবং সাবেক পৌর মেয়র গোলাম হাক্কানীর ছোট ভাই।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, গোলাম আযমের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।