চলারপথে রিপোর্ট :
মেসেঞ্জারে পরিচয়। টানা দুই বছরের প্রেম। বাধা হয়নি ছয় হাজার কিলোমিটারের পথ। বাধা হয়নি ধর্ম। ধীরে ধীরে প্রেম। শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা। ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ। নাম বদলে এখন মোহাম্মদ। বিয়ে করেছেন বাংলাদেশের বৃষ্টি আক্তারকে। স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ।
আজ ৩০ ডিসেম্বর সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা মিলে বৃষ্টি ও প্রকিপের। কথা বলেন তাদের ভালোবাসা নিয়ে। জানালেন বিয়ে করতে পেরে তারা খুশি। সবার দোয়া চান তারা।
কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। এসএসসি পাস। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে প্রেমের শুরু। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন প্রকিপ। সে দিনই বিয়ে করেন বৃষ্টিকে।
কথা হলে বৃষ্টি জানান, প্রকিপকে পেয়ে তিনি বেশ খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন বিয়ে করবেন। শেষ পর্যন্ত সে কথা রেখেছে তার। আমিও তার সাথে চলে যেতে প্রসেস করছি।
প্রকিপ জানায়, তার বিয়ে করা দরকার ও সে মুসলিম হবে- এ দুটি বিষয় আকৃষ্ট করেছে তাকে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে সে খুব খুশি। বাংলাদেশ তার ভালো লাগছে।
ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী বলেন, প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি। এ দম্পত্তিকে দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন।
চলারপথে রিপোর্ট :
ট্রেন থামিয়ে লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে তেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ট্রেনের চালক, পরিচালকসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরো ৪-৫ জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনার রেলওয়ে নিরাপত্তাবাহিনীর পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আলীকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
এদিকে, আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার আসামিরা হলেন : ট্রেনচালক মো. নাসির উদ্দিন, সহকারী চালক আব্দুর রাজ্জাক, ট্রেন পরিচালক (গার্ড) মো. ওমর ফারুক, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা গ্রামের পারভেজ ওরফে জাফর (৩১), কাজী রতন (৪৫), মুরাদ মিয়া (২৮), ইসহাক মিয়া (৩০) ও শামীম মিয়া (৪৭)। এর আগে গত ৮ এপ্রিল আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার দাশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। অভিযানের সময় দুটি ড্রামে ২১০ লিটার তেল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পার হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় ট্রেন থামিয়ে ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনা ছিল ওপেন সিক্রেট।
পুলিশের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৭ এপ্রিল রাত সোয়া ১২টার দিকে কোড্ডা এলাকায় ৬০৩ নম্বর কনটেইনার অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে ইঞ্জিন থেকে তেল নামানো হচ্ছিল। সবুজ সংকেত দেওয়া থাকা সত্ত্বেও ট্রেনটি দাঁড়ানো ছিল। এ অবস্থায় রেলওয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশকে দেখামাত্র চালক ট্রেন চালানো শুরু করেন। পুলিশের পক্ষ থেকে সংকেত দেওয়া হলেও ট্রেন থামানো হয়নি। এ সময় একটি বড় ড্রামে ২০০ লিটার ও একটি ছোট ড্রামে ১০ লিটার তেল উদ্ধার করা হয়। এ ছাড়া তেল পাচারের কাজে ব্যবহৃত একটি বড় পাতিল ও একটি বাঁশ উদ্ধার করা হয়। তবে কনটেইনার ট্রেনের চালক মো. নাসির উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘লালবাতি থাকায় ট্রেন থামানো হয়। পরে সবুজ বাতি পেয়ে ট্রেন চালানো হয়। তেল চুরির বিষয়ে আমি কিছুই জানি না।’
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন খন্দকার গণমাধ্যমকে জানান, কনটেইনার থেকে তেল চুরির ঘটনায় মামলা করা হয়েছে। অভিযানের সময় ২১০ লিটার তেল উদ্ধার করা হয়। সূত্র: ইত্তেফাক অনলাইন।
দুলাল মিয়া :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা এবং কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার।
১৭ জানুয়ারি শনিবার কসবার সিনিয়র সিভিল জজ আদালতের নির্বাচনী বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলামের কাছে এ চিঠি পাঠানো হয়।
ইউএনওর চিঠিতে উল্লেখ করা হয়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে রুমিন ফারহানা কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন। তিনি বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙুল উঁচিয়ে বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দেন।
ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, “এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ। আই উইল নট লিসেন টু দ্যাট।”
জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আচরণবিধি লঙ্ঘিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। তখন রুমিন ফারহানা বলেন, “সব জায়গায় হচ্ছে।” পাশ থেকে এক ব্যক্তি মন্তব্য করলে রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে হুমকিসূচক ভঙ্গিতে কথা বলেন।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, ওই সময় মব তৈরি করে বিচারিক কাজে বাধা দেওয়া হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভয়ভীতি প্রদর্শন করা হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার এক সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
প্রসঙ্গত, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় রুমিন ফারহানার সমাবেশ চলাকালে স্থানীয় প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ম্যাজিস্ট্রেটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান দাবি করেন, ওই সময় তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
চলারপথে রিপোর্ট :
সৌদি আরবে ৪৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১৭ দেশের ১৬৬ জন হাফেজ এর সাথে প্রতিযোগিতা করে তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশের বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুতুবপুর গ্রামের প্রতিযোগী হাফেজ মোঃ ফয়সাল আহমেদকে গণসংবর্ধনা দিয়েছে বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খাঁন শাওন।
ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুলের সভাপতিত্বে ও ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসহাক সরকার এর সঞ্চালনায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত হাফেজ ফয়সাল আহমেদ এর শিক্ষক শায়েখ নেছার আহমেদ আন আনছারী।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ, বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক কমান্ডার মোঃ দবির আহমেদ ভূমিকা, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিনসহ বিজয়নগর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হাফেজ ফয়সাল আহমেদ এর স্বজনরা উপস্থিত ছিল।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর বুধবার রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ‘৪৩তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের ১৬৬ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ ফয়সাল আহমেদ।
অনলাইন ডেস্ক :
পিরোজপুরের ভান্ডারিয়ায় লুট হওয়া মালামালসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া বাসষ্টান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বরগুনার বামনা থানার ডুসখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের খানে ছেলে মো. বেল্লাল খান (৩৪) ও একই এলাকার মো. ইউনুস শিকদারের ছেলে হাসান শিকদার (২২)। আটক বেল্লাল খানের বিরুদ্ধে বামনা, কাঠালিয়া, রাজাপুর ও ভান্ডারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
জানা গেছে, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মিজান পরিবহনে এ দুজন ডাকাতি করা মালামাল নিয়ে আসছিল। এ খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ চেক পোস্ট বসিয়ে তাদের ডাকাতির মালামালসহ আটক করে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দুই ডাকাতকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বরগুনা থানায় মামলা থাকায় তাদেরকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
চলারপথে রিপোর্ট :
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতারের তথ্য জানানো হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি।
তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপিদের অনেকেই বিভিন্ন হত্যা ও হামলার মামলায় গ্রেফতার হয়েছেন। অনেকেই আত্মগোপনে রয়েছেন।